সবসময় ওয়াই-ফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেট সংযোগের জন্য ওয়াই–ফাই এখন জনপ্রিয়। মডেল: নিশা, ছবি: নকশা
ইন্টারনেট সংযোগের জন্য ওয়াই–ফাই এখন জনপ্রিয়। মডেল: নিশা, ছবি: নকশা

বেড়াতে এসেই অতিথি নাকি আজকাল চেয়ে বসেন ওয়াই–ফাই পাসওয়ার্ড। দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের জন্য ওয়াই–ফাই এখন জনপ্রিয়। বাসায় হয়তো একটি ইন্টারনেট সংযোগ রয়েছে। এই সংযোগকেই স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাবলেট কম্পিউটার—বাসার একাধিক যন্ত্রে ব্যবহার করা যায়। আর এ জন্য চাই রাউটার। আজকাল অনেকেই বাড়িতে রাখছেন ছোট আকারের এই প্রয়োজনীয় যন্ত্রটি।

এর ফলে মাত্র একটি ইন্টারনেট সংযোগের মাধ্যমে অনেকেই একই সঙ্গে পাচ্ছেন ইন্টারনেট ব্যবহারের সুবিধা। এ প্রসঙ্গে কথা হলো সাইবার কমিউনিকেশনসের কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ঠাকুরের সঙ্গে। তিনি জানালেন, তারহীন সংযোগ হলে একটি রাউটারের সাহায্যে একই সময়ে সর্বোচ্চ ১৫টি যন্ত্রে ইন্টারনেট ব্যবহার করা যাবে। আর তারের ইন্টারনেট সংযোগ হলে ১৫০টি পর্যন্ত যন্ত্রে একই সময়ে চালানো ইন্টারনেট চালানো যেতে পারে।
ঢাকার বিসিএস কম্পিউটার সিটির বিভিন্ন দোকানে পাবেন ডি-লিংক, টিপি-লিংক, নেটগিয়ার, আসুস, মাইক্রোনেট, ট্রেন্ড নেটসহ বিভিন্ন ব্র্যান্ডের রাউটার। একক অ্যান্টেনার রাউটার ছাড়াও পাবেন দুই অ্যান্টেনার রাউটারের খোঁজ। একক অ্যান্টেনার রাউটারের দ্বিগুণ কম্পাঙ্ক (ফ্রিকোয়েন্সি) পাওয়া যায় দুই অ্যান্টেনার রাউটারে। এ ছাড়া নিতে পারেন বহনযোগ্য রাউটার বা পকেট রাউটার।
ক্রমাগত রাউটার ব্যবহারে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় কি না, এ প্রসঙ্গে কথা বলেছেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান এম এ আজহার। তিনি জানালেন, বাড়িতে রাউটার থাকার ফলে ইন্টারনেট ব্যবহার করাটা বেশ সহজ হয়ে যায়, তবে সব সময় মোবাইল ফোন বা কম্পিউটার মনিটরের পর্দার দিকেই চোখ রাখা ঠিক নয়। দীর্ঘসময় এসব পর্দায় তাকিয়ে থাকলে চোখে অস্বস্তিকর অনুভূতি হতে পারে। একটানা মোবাইল ফোন বা কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখের বিভিন্ন সমস্যা হওয়াটা অস্বাভাবিক নয়। এ ছাড়া যেকোনো স্থানে বসে কম্পিউটার বা মোবাইল ফোনের পর্দায় কোনো কিছু দেখার সময় খেয়াল রাখতে হবে, যেন আপনার ঘাড় ও পিঠ অবশ্যই সোজা থাকে, তা না হলে মাংসপেশিতে ব্যথা হতে পারে।

রাউটার ব্যবহারের কিছু টিপস দিয়েছেন কম্পিউটার সোর্সের ব্যবসা ব্যবস্থাপক (বিজনেস ম্যানেজার) মো. আবদুস সাত্তার।

* ধুলা-ময়লা থেকে রাউটারকে বাঁচাতে মাঝেমধ্যে সেটি শুকনোভাবে মুছে রাখতে পারেন। তবে ডেটল, স্যাভলন বা কোনো প্রকার তরল পদার্থ ব্যবহার করে রাউটার পরিষ্কার করা ঠিক নয়, এতে যন্ত্রটির ক্ষতি হতে পারে।

* ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে কোনো কোনো সময় সংযোগ পেতে একটু অসুবিধা হতে পারে। এমনটা হলে অনেকে রাউটারের পোর্টে সংযোগের তারটি সঠিক অবস্থানে নেই ভেবে নেন এবং সেটিকে শক্তভাবে লাগানোর জন্য খুব জোরাজুরি করেন। এটি একেবারেই ঠিক নয়। এর ফলে পোর্টের ক্ষতি হতে পারে। বরং এসব ক্ষেত্রে ১০-১৫ সেকেন্ডের জন্য রাউটারটি বন্ধ রেখে আবার চালু করলে অনেক সময়ই সংযোগ পেতে দেখা যায়। এভাবেও সংযোগ পাওয়া না গেলে ব্রন্ডব্যান্ড সংযোগের কোনো সমস্যা হয়েছে কি না, সেটি জানতে হবে। কোনো অবস্থাতেই রাউটারের সংযোগকারী তার নিয়ে টানাহেঁচড়া করা চলবে না।

* একটানা দীর্ঘসময় রাউটার চালু রাখলেও ক্ষতি নেই। বাড়ি থেকে বেরোনোর সময় বা রাতে ঘুমাবার সময় রাউটার চালু রেখে দিলেও রাউটারের কোনো ক্ষতি হয় না।

দরদাম

একক অ্যান্টেনার রাউটারের দাম পড়বে ১২০০-২৬০০ টাকার মধ্যে। ডাবল অ্যান্টেনার রাউটারের দাম ২০০০-৬৮০০ টাকা। এ ছাড়া বিশেষ ধরনের থ্রিজি-ফোরজি রাউটার পাবেন ২০০০-১৯৫০০ টাকায়। পকেট রাউটার পাবেন ৫৫০০ টাকার মধ্যে।