সবাই গেছে বিয়ে করতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আকিব তাঁর সাইকেলে প্যাডেল মেরে প্রথম আলো অফিসের নিচে হাজির। ফোন করল রস+আলোর সম্পাদককে।

: ভাই, আমি তো নিচে আছি। আপনারা কই?

: তুমি ওপরে গিয়ে ফোন করো।

আকিব ভদ্র ছেলের মতো লিফটের সামনে দাঁড়াল। লিফট তখন দোতলায়। ওপরে উঠছে। এই এক কপাল বটে। কোনো দিন সে এ রকম পেল না যে সে ওপরে উঠবে আর লিফট তখন নিচে নামছে। রস+আলোর মিটিং রুমে গিয়ে দেখে কেউ নেই।

আবার রস+আলোর সম্পাদককে ফোন করল সে।

: ভাই, আপনাকে তো ওপরে দেখি না।

: আমি কি বলেছি যে আমি ওপরে আছি?

: ভাই, আপনিই তো বললেন ওপরে আসতে!

: এটা ভার্সিটির সকাল আটটার ক্লাস না যে ঘুমিয়ে ঘুমিয়ে লেকচার শুনবা। মন কোথায় থাকে? আমি বলেছি, ওপরে যেতে। ওপরে আমি থাকলে তো বলতাম ওপরে আসো। বোঝো নাই ব্যাপারটা? ইঞ্জিনিয়ারিং পড়ছ, ভালো কথা; তাই বলে বাংলা ভাষা ভুলে গেলে চলবে না। কবি বলেছেন, ‘আগে চাই বাংলা ভাষার গাঁথুনি।’

: জি ভাই। তো ভাই, আপনি এখন কোথায় আছেন?

: এই তো সানসিল্ক-নকশা বিয়ে উৎসবে।

: জি আচ্ছা, ভাই।

: আচ্ছা, শোনো। এবার বইমেলায় না তোমার একটা বই বের হওয়ার কথা? কী যেন নামটা...ও মনে পড়েছে, বিয়ে করার আগে। তো...

: ভাই, নামটা হলো বদলে যাবার আগে।

: ওই হলো। একই কথা। বের হচ্ছে তো এবার, নাকি?

: জি, ভাই।

: আচ্ছা, শোনো। আজকে আমি আসতে পারব না। তোমরা ম্যানেজ করে নিয়ো।

: জি, ভাই। আপনি বিয়ে করেন, সরি বিয়ের অনুষ্ঠান দেখেন।

শেষ কথা বলার আগে লাইন কেটে গেছে!

২.

একা বসে থাকতে ভালো লাগে না আকিবের। ফেসবুকের চ্যাট-লিস্টে কোনো মেয়েকেও দেখা যাচ্ছে না। তাই সে ফোন করল দীপ্র ভাইকে।

: দীপ্র ভাই, কই আপনি?

: আর বইল না রে, ভাই! বিয়েবাড়িতে এসে বিশাল ফ্যাসাদে পড়ে গেছি!

: আপনিও বিয়ের অনুষ্ঠানে? বাহ্, খুব ভালো! ভালোমতো খানাপিনা করেন। ফ্যাসাদের কথা পরে শোনা যাবে।

: এই দুর্দিনে মজা নিয়ো না, আকিব।

: কী হইছে, ভাই?

: সে আর বলতে! আসছি কিশোর আলো টিমের সঙ্গে। তারা খবর পাইছে এখানে একটা বাল্যবিবাহ হচ্ছে। মেয়ের বয়স নাকি এখনো ১৮ হয় নাই।

: কংগ্যাটস, আপনি একটা বাল্যবিবাহ রোধ করতে পেরেছেন। জাতির ক্রান্তিলগ্নে আপনি আলোর দিশারি, ভাই।

: না রে, ভাই, ঝামেলা হইছে অন্য জায়গায়। আমি তো জানতাম, মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স ১৮। এখানে এসে শুনি কিসের নাকি আবার ‘বিশেষ আইন’ আছে, যা অনুযায়ী এই বিয়ে আইনসংগত। ওই ‘বিশেষ আইন’ নিয়ে বিশেষ বিতর্ক চলছে ঘণ্টা তিনেক ধরে। কোনো সুরাহা হয় নাই।

: মিটিংয়ে আসবেন না?

: মিটিং! সুস্থ শরীরে বাসায় ফিরতে পারলে বাঁচি!

: এনজয় দ্য ওয়েডিং প্রোগ্রাম, দীপ্র ভাই!

ফোন রেখে দিল আকিব।

৩.

আকিব ভাবল, রস+আলোর আরেক লেখক মামুরের কী অবস্থা দেখা যাক। ফোন করল তাঁকে।

: ভাই, আপনিও নিশ্চয়ই কোনো বিয়ের প্রোগ্রামে আছেন?

: না না। আমি প্রি-বিয়ে প্রোগ্রামে আছি।

: গায়েহলুদ?

: নাহ্! আজকে আমাদের ভার্সিটিতে কাজি অফিস উদ্বোধন হচ্ছে! জমকালো পার্টি হবে। চইলা আসো। মিঠু ভাইও আমার সাথে আছে।

: ফোনটা মিঠু ভাইকে দেন তো।

মামুর তাঁর ফোনটা মিঠুর দিকে বাড়িয়ে দিল।

আকিবের কণ্ঠে বিস্ময়, ‘কী, মিঠু ভাই, মাস্টার্স শেষ করার আগে কাজি অফিস উদ্বোধনের প্রোগ্রামে। কাহিনি কী?’

: আসলে এখন থেকে আমি কমন ইস্যুগুলো নিয়ে লেখার সিদ্ধান্ত নিয়েছি। টিউশনি, ক্যানটিন, ব্রডব্যান্ড—সব শেষ। পরবর্তী লেখা হবে কাজি অফিস নিয়ে। তাই মাঠপর্যায়ে আসা আরকি!

৪.

মিঠুর কমন ইস্যুর প্যাঁচাল শেষে আকিব ফোন করল হুমায়ুন হানিফকে।

: হানিফ ভাই, আপনি আছেন কোথায়?

: অস্ট্রেলিয়ান এম্বাসিতে।

: অস্ট্রেলিয়া যাচ্ছেন নাকি?

: হুমম। হানিমুনে!

: খাইছে! অন্যরা তবু সহনীয় মাত্রায় ছিল। আপনি তো মাত্রা ছাড়ায় গেলেন ভাই!

: উত্তেজিত হয়ো না, বৎস। আমি না, আংকেল-আন্টি হানিমুনে যাচ্ছেন। আমি তাঁদের অফিশিয়াল কাজে সাহায্য করতে আসছি।

আকিব বুঝে ফেলল, রস+আলোর মিটিংয়ে আজ কেউ আসবে না। কাউকে আর জিজ্ঞেস করেও লাভ নেই। তারপরও শেষ চিকিৎসার মতো শেষ ফোনটা করল সে মাসউদ ফোরকানকে।

: মাসউদ, কই তুই?

: এই তো ক্যাম্পাসে।

: করিস কী ব্যাটা?

: এই যে আমাদের সঞ্জয় বিয়ে নিয়ে একটা সরস রচনা লিখছে। আমি আর মাহবুব ওকে হেল্প করছি!

আকিব ফোনটা রেখে ভাবল, তাঁর গার্লফ্রেন্ড বেশ কিছুদিন ধরে বিয়ের ব্যাপারে তাগাদা দিচ্ছে। বাসা থেকে নাকি প্রচণ্ড চাপ সইতে হচ্ছে। ছেলেও নাকি দেখা হয়েছে বেশ কয়েকটা। যাবে নাকি সে আজ গার্লফ্রেন্ডের মা-বাবার কাছে? এই বিয়েমুখর দিনে বিয়ের প্রস্তাব দেওয়া ছাড়া আর কীই-বা করার আছে তাঁর। সবাই তো গেছে বিয়েতে!