সকাল ৮টায় ক্লাস। ঘুম ভাঙল ঠিক ৭টা ২৫-এ। ঘড়ি দেখেই লাফ দিয়ে কোনো রকম না খেয়েই দৌড়! তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে রিকশা নিয়ে কিছু দূর যেতেই খেয়াল করলাম মানিব্যাগ রেখে এসেছি। আবার বাসায় গিয়ে মানিব্যাগ নিয়ে রওনা দিলাম।
অন্য দিনের চেয়ে সেদিন জ্যাম একটু বেশিই ছিল। মনে হচ্ছিল অকারণে বুঝি বাসগুলো রাস্তায় ব্রেক কষছে বারবার। রাস্তায় জ্যামের ভেতর বসে বসে দুশ্চিন্তায় নাজেহাল অবস্থা। ক্যালকুলাসের মতো একটা বিষয়, একটা ক্লাস মিস করলেই যে আর নিজেকে খুঁজে পাওয়া যাবে না! তা ছাড়া ম্যাডাম দেরি করে ক্লাসে ঢোকার ব্যাপারটা একদম পছন্দ করেন না। প্রায় ৩০ মিনিট দেরি হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের গেটে রিকশা থেকে নেমেই দিলাম দৌড়। যদিও তিন তলায় ক্লাস, তবুও লিফটের জন্য অপেক্ষা করে আর সময় নষ্ট করার ইচ্ছে হলো না।
দৌড়ে তিন তলায় উঠে ক্লাসরুমে ঢুকতেই হতবাক হয়ে গেলাম! পুরো ক্লাসরুম ফাঁকা! ব্যাপারখানা ঠিক বুঝে উঠতে পারলাম না। অনেকক্ষণ বসে থাকলাম। কেউ নেই, সবাই কোথায় গেল? ক্লাসরুম কি পরিবর্তন হলো? বাসায় ফিরে ইন্টারনেট চালু করতেই একটা মেইল চোখে পড়ল, যেখানে স্পষ্ট করে লেখা ছিল আজকের ম্যাথ ক্লাসটা ‘ক্যানসেল’ হয়ে গেছে। নিজের ওপর রাগ এবং হাসি দুটোই পাচ্ছিল।
দেখতে দেখতে প্রায় সাতটি সেমিস্টার পার হয়ে গেছে। এখনো প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে মেইলটা চেক করে বের হই...
লেখক: তৃতীয় বর্ষ, কম্পিউটার প্রকৌশল, নর্থ সাউথ ইউনিভার্সিটি