সবাই ছুটছে ব্যবসায় শিক্ষায় বিজ্ঞানে আগ্রহ কম
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চমাধ্যমিক পর্যায়ে এসে বেশির ভাগ শিক্ষার্থীই ব্যবসায় শিক্ষার প্রতি ঝুঁকে পড়ছে। বিশেষ করে বিজ্ঞানের শিক্ষার্থীরাই ছুটছে এদিকে। পড়াশোনার চাপ কম এবং ছাত্রজীবন শেষে ভালো চাকরি পাওয়া যায়—এ রকম একটি ধারণাই এ আগ্রহের মূল কারণ। কিন্তু এভাবে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ কমে যাওয়াকে ভালো লক্ষণ নয় বলে ভাবছে অভিজ্ঞ মহল। এদিকে ব্যবসায় শিক্ষায় শিক্ষার্থীদের অধিক আগ্রহের কারণে চট্টগ্রামের ২২টি কলেজে এক হাজার ৪০০টি আসন বাড়ানো হয়েছে। কোনো রকম বিলম্ব ফি ছাড়া আজ মঙ্গলবার কলেজগুলোতে ভর্তির কার্যক্রম শেষ হচ্ছে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ কমে যাওয়ার বিষয়টি সত্যিই দুঃখজনক। বিজ্ঞানমনস্ক না হলে একটি জাতির উন্নতি ঘটতে পারে না। সে ক্ষেত্রে এ মনোভাব ভবিষ্যতে দেশের সামগ্রিক উন্নয়নে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এ ব্যাপারে শিক্ষার্থীদের সচেতন করে তোলা দরকার। আর এ দায়িত্ব পালন করতে পারেন শিক্ষক ও অভিভাবক।’ এ প্রসঙ্গে পোস্তারপাড় আসমা খাতুন সিটি করপোরেশন কলেজের অধ্যক্ষ লাভলী মজুমদার বলেন, ‘শিক্ষার্থী এবং অভিভাবকেরা মনে করেন, বিজ্ঞানের চেয়ে ব্যবসায় শিক্ষায় পড়াশোনা করলে ভবিষ্যতে চাকরি পেতে সুবিধা হবে। তা ছাড়া বিজ্ঞান ও মানবিকের চেয়ে ব্যবসায় শিক্ষায় পড়াশোনার চাপ কম বলে অনেকে এদিকে ঝুঁকছে। আবার কেউ বন্ধুবান্ধবদের মাধ্যমে প্রভাবিত হয়েই আসছে।’বারৈয়ারহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আলমগীরও একই কথা বলেন। তাঁর মতে, ‘শিক্ষার্থী-অভিভাবক সবাই কর্মসংস্থানের বিষয়টি প্রাধান্য দিচ্ছে। কিন্তু বিজ্ঞানের ছাত্র ব্যবসায় শিক্ষায় পড়তে আসার বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। এটা অযৌক্তিক। আমরা যেখানে আধুনিক শিক্ষা এবং প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হওয়ার কথা ভাবছি, সেখানে এ ধরনের মানসিকতার কারণে আমাদের পিছিয়ে পড়তে হবে। এ ব্যাপারে সরকারি তরফ থেকেও পদক্ষেপ নেওয়া দরকার। আমরাও শিক্ষার্থীদের বোঝাচ্ছি, কিন্তু অনেকেই তা বুঝতে চাইছে না।’ আহমদ নজির নামে একজন অভিভাবক বলেন, ‘আমাদের মতো মধ্যবিত্ত সংসারে ছেলেমেয়ের পড়াশোনার ক্ষেত্রে অনেক কিছুই ভাবতে হয়। আমার ছেলে বিজ্ঞান থেকে পাস করেছে। কিন্তু ভালো ফলাফল না হলে তো চিকিৎসাশাস্ত্র বা প্রকৌশল বিষয়ে পড়া সম্ভব হবে না। এর চেয়ে ব্যবসায় শিক্ষায় পড়লে ভবিষ্যতে চাকরির সম্ভাবনা তো অনেক ভালো হবে। সে কথা বিবেচনা করেই তাকে ব্যবসায় শিক্ষায় পড়াচ্ছি।’ শিক্ষার্থী অদিতি আহসান জানায়, ‘আসলে বিজ্ঞানে পড়ার ইচ্ছা থাকলেও প্রাইভেট পড়ার চাপ বেশি বলে বাবা-মা ব্যবসায় শিক্ষায় পড়তে বলেছেন।’শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, একাদশ শ্রেণীতে ব্যবসায় শিক্ষায় নির্ধারিত আসন পূরণ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় এ পর্যন্ত ২২টি কলেজে এক হাজার ৪০০ আসন বাড়ানো হয়েছে। এর ফলে বোর্ড অনুমোদিত ১৯৭টি কলেজের প্রায় ৯০ হাজার আসনের কোনো হেরফের হবে না বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। কারণ, এসব কলেজের বিজ্ঞান বিভাগের প্রায় আসন বলতে গেলে খালি পড়ে আছে। মোট আসনের অর্ধেকের কম শিক্ষার্থী ভর্তি হয়েছে। বিজ্ঞানের শিক্ষার্থীরাই ভর্তি হচ্ছে ব্যবসায় শিক্ষায়। কোনো জরিমানা ছাড়া আজ ২৮ জুন ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে বলে জানা গেছে। ব্যবসায় শিক্ষায় আসন বাড়ানো হয়েছে খাগড়াছড়ি সরকারি কলেজে ৫০, সীতাকুণ্ড সরকারি কলেজে ৩০, মিরসরাই কলেজে ৭৫, নিজামপুর কলেজে ৭৫, বারৈয়ারহাট ডিগ্রি কলেজে ৭৫, মিরসরাই কামাল উদ্দিন চৌধুরী কলেজে ৭৫, সন্দ্বীপ মোস্তাফিজুর রহমান কলেজে ৭৫, সন্দ্বীপ কলেজে ৭৫, চকরিয়া ডুলাহাজারা কলেজে ৫০, পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে ৫০, কক্সবাজার রামু কলেজে ৫০, কক্সবাজার সিটি কলেজে ১৫০, রাঙামাটি সরকারি মহিলা কলেজে ৫০, ফটিকছড়ি কলেজে ৫০, জরিনা মফজল সিটি করপোরেশন কলেজে ৯০, কাপাসগোলা সিটি করপোরেশন কলেজে ৫০, নৌবাহিনী কলেজে ৫০, ডা. ফজলুল হাজেরা কলেজে ১০০, সরাইপাড়া সিটি করপোরেশন কলেজে ৫০, পোস্তারপাড় আসমা খাতুন সিটি করপোরেশন কলেজে ৫০, এনায়েতবাজার মহিলা কলেজে ৩০ ও বেপজা কলেজে ৫০টি। এ ব্যাপারে চট্টগ্রাম বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া বলেন, ‘আমরা কলেজের অবকাঠামো, পর্যাপ্ত শিক্ষক ও এলাকার চাহিদা বিবেচনা করে আসন বাড়িয়েছি। এসব বিষয় বিবেচনা করে সিটি করপোরেশন, নৌবাহিনী ও বেপজা কলেজ ছাড়া অন্যান্য কলেজে স্থানীয় সাংসদ অথবা জনপ্রতিনিধির সুপারিশের ভিত্তিতে আসন বাড়ানো হয়।’