সবাই ভুলে গেছে দুদুকছড়ার কথা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকা দুদুকছড়া। ১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য চুক্তির বীজ রোপিত হয়েছিল এই জায়গায়। কথা ছিল, চুক্তি বাস্তবায়িত হলে দুদুকছড়ায় বিদ্যুৎ আসবে। হাসপাতাল ও নতুন শিক্ষাপ্রতিষ্ঠান হবে। কিন্তু পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় দুদুকছড়ার ভাগ্য ফেরেনি। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোঘাং ইউনিয়নের ১৫টি ও চেংগী ইউনিয়নের সাতটি গ্রাম নিয়ে দুদুকছড়া। নব্বইয়ের দশকে পার্বত্য চট্টগ্রামে শান্তিবাহিনীর সশস্ত্র আন্দোলন বন্ধে দুর্গম দুদুকছড়ায় আলোচনায় বসেছিলেন সরকার ও জনসংহতি সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা। মন্ত্রী, সাংসদ ও বুদ্ধিজীবীরা গিয়েছিলেন সেখানে। এলাকার অবস্থা নিজ চোখে দেখে বহু প্রতিশ্রুতিও দিয়েছিলেন তাঁরা। কিন্তু সেসবের কোনোটিই বাস্তবায়িত হয়নি। বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পরপরই পাহাড়গুলো অন্ধকারে ডুবে যায়। যোগাযোগব্যবস্থা দুর্গম, নেই কোনো হাসপাতাল।২০ নভেম্বর সরেজমিনে দুদুকছড়ায় গেলে গ্রামবাসী মনোরম চাকমা বলেন, ‘আমাদের আশা ছিল মন্ত্রী, সাংসদদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দুদুকছড়ায় বিদ্যুৎ আসবে, হাসপাতাল, পর্যটন স্পট হবে, সেচসুবিধা পাব। কিন্তু চুক্তি বাস্তবায়িত না হওয়ায় এলাকাবাসীর ভাগ্যে জোটেনি কোনো কিছুই।’পার্বত্য চুক্তির আগে জেএসএস ও সরকারের মধ্যস্থতাকারীদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন হাতিমারা গ্রামের কারবারি (পাড়া প্রধান) রবি কৃষ্ণ চাকমা ও সুপন চাকমা। তাঁরা বলেন, ‘পার্বত্য চুক্তির পর যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কোনোটাই বাস্তবায়িত হয়নি। এলাকায় কবে, কখন বিদ্যুৎ আসবে জানি না। আমরা এ ব্যাপারে অনেক আবেদন-নিবেদন করেছি।’কোনো কাজ হয়নি। হাসপাতাল হয়নি, নতুন শিক্ষাপ্রতিষ্ঠানও গড়ে ওঠেনি। কথা ছিল সরকার ও জনসংহতি সমিতির নেতারা যে জায়গায় বৈঠক করতেন, সেখানে একটি জাদুঘর হবে। সে দাবিও পূরণ হয়নি।সাবেক ইউপি সদস্য রমা দেবী চাকমা বলেন, ‘দুদুকছড়া এলাকার প্রায় ২০ হাজার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এখানে কোনো ধরনের সরকারি-বেসরকারি হাসপাতাল নেই। অসুস্থ হলে এলাকাবাসীকে ছুটতে হয় দুদুকছড়া থেকে ১৫ কিলোমিটার দূরে পানছড়ি উপজেলা হাসপাতালে অথবা খাগড়াছড়িতে।দুদুকছড়ার অংজপাড়ার শিক্ষক ত্রিদিব চাকমা বলেন, ‘এখানকার শিক্ষার অবস্থা খুবই নাজুক। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঠিকমতো পাঠদান না হওয়ায় অনেক শিক্ষার্থী প্রাথমিকের গণ্ডি না পেরুতেই ঝরে পড়ে।’পানীয় জলের সমস্যা সারা বছর লেগেই থাকে এলাকায়। গ্রামগুলোতে পর্যাপ্ত পরিমাণ টিউবওয়েল না থাকায় এলাকার মানুষকে পান করতে হচ্ছে ছড়া বা কুয়ার পানি।জানা গেছে, পানছড়ি-দুদুকছড়া সড়কের পাঁচ কিলোমিটার যান চলাচলের উপযোগী হলেও বাকি নয় কিলোমিটার চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। এলাকাবাসীর একমাত্র ভরসা চাঁদের গাড়ি (জিপ)।স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সমরঞ্জন চাকমা বলেন, পাহাড়ি ঝরনা ও খালে স্লুইস গেট নির্মাণ করা হলে এলাকার সেচের সমস্যার অনেকখানি সমাধান হতো। পার্বত্য চুক্তির পর স্থানীয় লোকজন আশা করেছিল, এই দাবিটি বাস্তবায়িত হবে।