
১৬ ডিসেম্বর বেলা আড়াইটা। কাজীর দেউড়ি স্টেডিয়ামপাড়ার অন্য চেহারা। চারপাশে সাজসাজ রব। মাইকে বেজে চলেছে যুদ্ধদিনের সেই গান। বিজয় মেলায় ঢুকে পাওয়া গেল উৎসবের পূর্ণ আমেজ। দর্শনার্থীতে ঠাসা মেলা প্রাঙ্গণ। সবার সাজ–পোশাকে লাল-সবুজের ছোঁয়া। মায়ের কোলের ছোট্ট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ—কে নেই এই দলে। বিজয়ের দিনটিতে প্রাণের বিজয় মেলায় একবার ঢুঁ না মারলে কি আর আনন্দ পূর্ণ হয়!
২৮ বছর ধরে নগরে বিজয় মেলার আয়োজন করে আসছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ। ১৯৮৯ সালে পুরোনো সার্কিট হাউস মাঠে ছোট্ট পরিসরে সূচনা হয়েছিল মেলাটির। এরপর এটি স্থানান্তরিত হয় আউটার স্টেডিয়ামে। দিনে দিনে বিজয়ের মাস ডিসেম্বর আর বিজয় মেলা যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে।
কাজীর দেউড়ি আউটার স্টেডিয়ামে এবারও বসেছে মেলা। ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া মেলায় স্টল রয়েছে ২৪৪টি। মেলা চলছে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
বিজয় মেলার পাশাপাশি ৯ ডিসেম্বর থেকে পাশের জিমনেশিয়াম মাঠে শুরু হয়েছে বিজয়মঞ্চের অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্তের মুক্তিযোদ্ধারা এসে প্রতিদিন তরুণ প্রজন্মকে শুনিয়ে যাচ্ছেন একাত্তরের রণাঙ্গনের নানা স্মৃতিকথা। স্মৃতিচারণা ছাড়াও প্রতিদিন থাকছে নানা সাংস্কৃতিক পরিবেশনাও। ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে বিজয়মঞ্চের অনুষ্ঠান।
বিজয় মেলা অবশ্য পুরো ডিসেম্বর মাসই চলবে। সব দর্শনার্থীর জন্যই এ মেলা উন্মুক্ত। মেলায় অংশ নেওয়া বিক্রেতারা বলেন, মেলা শেষের দিকে বেশি জমে। বিশেষ করে ১৬ ডিসেম্বরের পর থেকে। মেলার প্রধান ক্রেতা নারীরা।

মেলায় ঘুরে অবশ্য পুরুষ দর্শনার্থীর সংখ্যা নেহাত কম দেখা গেল না। গত শুক্রবার মেলার একটি স্টলে স্ত্রী ও সন্তানকে নিয়ে গৃহস্থালির পণ্য কিনছিলেন এনায়েতবাজার থেকে আসা মো. রফিকুল ইসলাম। প্রথম আলোকে বলেন, ‘কিশোর বয়স থেকেই এ মেলায় আসি। আগে বন্ধুদের সঙ্গে আসতাম। এখন পরিবার নিয়ে আসি।’
তিন বান্ধবীকে নিয়ে মেলায় ঘুরছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইজা সাত্তার। বললেন, ‘জ্ঞান হওয়ার পর থেকেই তো এ মেলা দেখে আসছি। মেলাটি এখন আমাদের ঐতিহ্যের অংশ।’
বিজয় মেলা পরিষদের মহাসচিব মো. ইউনুছ বলেন, স্বৈরাচারের শাসনামলের শেষ দিকে এক কঠিন সময়ের মধ্যে চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা বিজয় মেলা ও বিজয় উৎসবের সূচনা করেন। সময়ের পরিক্রমায় মুক্তিযোদ্ধারা বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়ছেন। এই চেতনাকে সামনে এগিয়ে নেওয়ার ভার তরুণ প্রজন্মের। বিজয় মঞ্চ মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার কাজটিই করছে।
মেলা পরিষদের আরেক মহাসচিব আহমুদুর রহমান ছিদ্দিকী বলেন, কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে এ মেলার আয়োজন করা হয় না। সে কারণে মেলা সবার জন্য উন্মুক্ত। নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিজয়ের চেতনা ও আনন্দ ছড়িয়ে দেওয়াই মেলার উদ্দেশ্য।
গত শুক্রবার মেলায় সহকর্মীর সঙ্গে কেনাকাটা করতে আসেন বায়েজিদের একটি পোশাক কারখানার কর্মী সুমি বেগম। বললেন, টিকিট ছাড়া অন্য মেলাগুলোয় ঢোকা যায় না। জিনিসপত্রের দামও অনেক বেশি থাকে। বিজয় মেলায় তুলনামূলক কম দামে কেনাকাটা করা যায়।
মেলায় ঘর সাজানোর টুকিটাকি থেকে শুরু করে গৃহস্থালির পণ্য, পোশাক, বিভিন্ন ধরনের খাবার বিক্রি হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও মেলায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও কুটিরশিল্প ব্যবসায়ীরাও। কুমিল্লা খাদি ঘর অষ্টমবারের মতো মেলায় অংশ নিয়েছে। স্টলটিতে খাদি ও বাটিকের মেয়েদের সালোয়ার–কামিজ, শাল, পুরুষ ও শিশুদের ফতুয়া, বিছানার চাদর ইত্যাদি বিক্রি হচ্ছে। স্টলের বিক্রেতা মো. ফরহাদ বলেন, ১০০ থেকে শুরু করে ১ হাজার ২০০ টাকার মধ্যে পোশাক বিক্রি হচ্ছে। ৭০০ টাকার মধ্যে মিলছে বাটিকের বিছানার চাদর।
বিক্রি বাড়াতে অনেক স্টলে পণ্যের সঙ্গে উপহার দেওয়া হচ্ছে। কোনো কোনো স্টলে এক দামেই পাওয়া যাচ্ছে নানা ধরনের পণ্য। এ ধরনের একটি স্টলের নাম দেওয়া হয়েছে ‘বাজেট বাজার’। স্টলটিতে প্রতিটি পণ্যের দাম ১৩০ টাকা। স্টলের বিক্রেতা ইয়াসিন মোল্লা বললেন, ক্রেতার সাড়া ভালোই পাচ্ছেন।
মেলার দক্ষিণ প্রান্তে রয়েছে বিনোদন কর্নার। সেখানেও দর্শকের কমতি নেই। ওখানে আনন্দ নিতে অবশ্য টাকা খরচ করতে হচ্ছে দর্শনার্থীদের। ৪০ টাকায় টিকিট কেটে যে কেউই চেপে বসার সুযোগ পাচ্ছেন নাগরদোলায়। ভূতের জাদু দেখার খরচ ৩০ টাকা।
এ ছাড়া গাড়ি ঘোরানোর ‘বিপজ্জনক’ খেলাও দেখা যাবে ৩০ টাকায়। বিজয় মেলায় টানা সাতবারের মতো এ খেলা দেখাচ্ছেন নীলফামারী জেলার মো. নওশার। বললেন, ছুটির দিনে অনেক দর্শক থাকে। তখন খেলা দেখাতে বেশি ভালো লাগে।