সবাই মিলে গান শুনতে যাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় সম্প্রতি হয়ে যাওয় জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যালের একটি পরিবেশনা। ছবি: হাসান রাজা
ঢাকায় সম্প্রতি হয়ে যাওয় জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যালের একটি পরিবেশনা। ছবি: হাসান রাজা

অগ্রহায়ণ আসন্ন। ইতিমধ্যে বইতে শুরু করেছে মিঠে মিঠে শীতল বাতাস। এই আবহাওয়ায় সারা রাত জেগে খোলা মাঠে গান শোনার আনন্দ বর্ণনাতীত। এই সময়টাতেই বাংলাদেশের অনেক জায়গাতে আয়োজন করা হয় গান, নাটক আর যাত্রার অনুষ্ঠান। ঢাকা মহানগরেও সময়টাতে শুরু হয় গানের উৎসব। নভেম্বরে সংগীত উৎসবের শহরে পরিণত হয় ঢাকা। বেশ ক বছর ধরে শীতের মৌসুমে এ উৎসব হয়ে আসছে। এই সময়টাতে তরুণেরা সেসব অনুষ্ঠানে যান দল বেঁধে। এই ধারা কয়েক বছর ধরে দেখা যাচ্ছে।

সম্প্রতি রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘরের মাঠে শেষ হলো জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যাল। পাশ্চাত্যের গান ও বাদ্যের এই উৎসবে যাঁরা যোগ দিয়েছিলেন, তাঁদের একটি বড় অংশই তরুণ। তাঁদেরই একজন ফাহিম জানালেন, এই উৎসব তাঁর জন্য এক নতুন অভিজ্ঞতা। প্রথম রাতের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরতে একটু সমস্যা হয়েছিল। দ্বিতীয় রাত থেকে প্রস্তুতি নিয়েই গিয়েছিলেন তিনি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারিয়া দ্বিতীয় দিন এসেছিলেন তাঁর বড় বোন ও দুলাভাইয়ের সঙ্গে। তিনি বলেন, ‘চেলো আমার খুব ভালো লাগে। তবে এত অল্প সময় এটি বাজানোয় অতৃপ্তি হয়ে গেছে।’ সামনের বার তিন রাতই থাকার ইচ্ছে তাঁর।

চলতি মাসে ঢাকায় রয়েছে আরও দুটি সংগীত উৎসব। একটি আন্তর্জাতিক লোকসংগীত উৎসব। যেটি ১২ থেকে ১৪ নভেম্বর বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে চলবে রাত ১২টা পর্যন্ত। আর অন্যটি বেঙ্গলের শাস্ত্রীয় সংগীত উৎসব। সন্ধ্যা থেকে শুরু করে চলবে ভোর পর্যন্ত। এখানে সংগীত পরিবেশন করবেন বিশ্বের খ্যাতিমান পণ্ডিতেরা। এখানে যাওয়ার জন্য শহরের তিনটি স্থান থেকে থাকবে দ্বিতল বাসের ব্যবস্থা। এমনকি ভোরে ফেরার জন্যও থাকবে বাস। তবে লোকসংগীত উৎসবে শুধু রাত ১২টার পর বাড়ি ফেরার জন্য ৮ থেকে ১০টি দ্বিতল বাসের ব্যবস্থা রাখা হয়েছে।

.
.

রাতের শহরে ভেন্যুগুলোতে পৌঁছানো, সংগীত উপভোগ করে নিরাপদে বাড়ি ফেরার জন্য চাই কিছু সতর্কতা ও প্রস্তুতি। চলুন জেনে নেওয়া যাক উৎসবগুলোর জন্য কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন তরুণেরা।
শাস্ত্রীয় সংগীত উৎসবে যোগ দেওয়ার পরিকল্পনার কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্রী অনন্য আনোয়ার। তিনি বলেন, ‘প্রতিবারের মতো এবারও দল বেঁধে যাব। দলে থাকবে তিন ভাগ ছেলে, এক ভাগ মেয়ে। বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ও কনিষ্ঠ সহপাঠীদের নিয়ে এই দল। অনেক ছেলেমেয়ে একসঙ্গে চলাফেরা করলে পথের ঝুঁকিটা কম থাকে বলে এই ব্যবস্থা।’ তিনি জানান, প্রথমবার বেঙ্গলের ব্যবস্থাপনায় দ্বিতল বাসে গিয়েছিলেন তাঁরা। পরেরবার থেকে নিয়মিত গিয়েছেন পাবলিক বাসে। ভোরে অনেক গণপরিবহন আর্মি স্টেডিয়ামের ওখানে থামে। সে সময়ও দল বেঁধে ফেরাই নিরাপদ। একই পরিবারের দুই বা তিনজন গেলে সিএনজিচালিত অটোরিকশায় যাওয়া যেতে পারে।
শীতের এই সংগীত উৎসবে যেহেতু থাকতে হয় সারা রাত, কোনোটায় মধ্যরাত পর্যন্ত—সে জন্য রাখতে হয় যথাযথ প্রস্তুতি। শীতের কাপড়, চাদর, টাওয়েল, টিস্যু পেপার, কুয়াশা আর শিশির ঠেকাতে টুপি, গলাবন্ধ সঙ্গে রাখা যেতে পারে। আর এসব বহনের জন্য ছোট্ট একটা ব্যাগ বহন করা ভালো। খোলা মাঠে কিংবা গ্যালারিতে বসে গান শোনার সময় মশার উপদ্রব রুখতে জুতা পরে যাওয়া উচিত।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী আরিফ জানান, বন্ধুদের নিয়ে প্রতিবারই তাঁরা এ উৎসবে হাজির হন। প্রতিবার কোনো না কোনো বন্ধুর বাবা তাঁদের যাওয়ার সুবিধার জন্য নিজের গাড়ি ও চালককে সঙ্গে দিয়ে দেন। ফলে পথে কোনো সমস্যাই হয় না তাঁদের।

উৎসবগুলোতে বাইরে থেকে খাবার বা পানি নিয়ে ভেতরে যাওয়া যায় না। আয়োজকেরা উৎসবের মাঠেই এসবের ব্যবস্থা রাখেন। ফলে সারা রাতই সেখানে গরম চা-কফির পাশাপাশি নানা রকম খাবার ও শীতের পিঠা পাওয়া যায়। এ জন্য সঙ্গে রাখা চাই কিছু টাকা। নগদ অর্থ নিয়ে চলাফেরা অনিরাপদ মনে করলে রাখতে পারেন ডেবিট বা ক্রেডিট কার্ড। এই কার্ডগুলো দিয়ে খাবার কেনা ছাড়াও টাকা উত্তোলনের জন্য বুথের ব্যবস্থা রাখা হয় শাস্ত্রীয় সংগীত উৎসবে। দীর্ঘক্ষণ এসব জায়গায় থাকতে হয় বলে জরুরি ওষুধ সঙ্গে রাখা ভালো। যাঁদের হাঁপানির সমস্যা আছে, শীতের সময়টায় তাঁদের সমস্যা খানিকটা বেড়ে যায়। তাঁদের উচিত সঙ্গে ইনহেলার নিয়ে নেওয়া।

এ ছাড়া সঙ্গে দামি জিনিস যেমন স্মার্টফোন, ট্যাব ইত্যাদি নেওয়ার ব্যাপারে একটু সতর্কতা থাকা ভালো। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা বলেন, ‘ফোন হারানোর আশঙ্কা থাকায় দামি ফোন নিয়ে বের হই না। ফোনের যাবতীয় নম্বর, নোট ও ছবির ব্যাকআপ রেখে দিই আগেই।’

উৎসবের আয়োজকদের সব ধরনের প্রস্তুতি শেষ। সংগীতপ্রেমীরা প্রস্তুত তো?