এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমএভারেস্ট অভিযানের জন্য নেপালে বুকিং মানি পাঠানোর পর বোনকে জানিয়েছি যে শিগগিরই স্পনসরদের কাছ থেকে সহযোগিতা পেতে যাচ্ছি। আর তা পেলেই তাকে তার টাকা ফেরত দিয়ে দেব। তাকে বলি ঠিকই, কিন্তু বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। নিজের কথাতেই কোনো জোর পাই না।প্রতিদিনই এ সময়ে তিন-চারটি করে প্রতিষ্ঠানের কাছে যাচ্ছি। প্রতিদিন সকালে মনে হয় যে এই দিনটিই সেই দিন, যেদিন কোনো না কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে এভারেস্ট অভিযানের জন্য চূড়ান্ত সহযোগিতা পাওয়া যাবে। কিন্তু দিন শেষে সন্ধ্যাবেলায় প্রচণ্ড মন খারাপ হয়। মনে হয়, এসব পাগলের কাণ্ড। এটা আমাকে দিয়ে হবে না। তার চেয়ে আটপৌরে জীবন কাটিয়ে সংসারে মনোযোগী হই।সিমু নাসেরের সঙ্গে তখন প্রায়ই আলাপ হয় সন্ধ্যা বা রাতের কোনো একসময়ে। তাকে বলি, ‘দরকার নাই আর পাগলামির। যে অবস্থা, তাতে বুকিং মানিই ওঠে কি না সন্দেহ আছে।’কিন্তু সে যখন বলে, ‘আরে এখনই ভেঙে পড়ার তো কিছু নেই। এখনো মাস খানেক বাকি আছে। এখনই হাল ছেড়ে দেবেন কেন?’তার কথায় মনে হয়, সত্যিই তো, হাল ছেড়ে দিলে হবে? হাল ছাড়লে তো আমি হেরে গেলাম।আর রাত যখন মাঝবয়সী, দ্য ডেইলি স্টার-এ যখন সেদিনের কাজ শেষ, তখন আবার এভারেস্ট নিয়ে চিন্তা শুরু হয়। ভাবি, এভাবে আমি হেরে যাব? দেখিই না আরেকটা দিন চেষ্টা করে। কেউ না কেউ তো সহায়তা করতেই পারেন। আশায় বুক বাঁধি, কিন্তু পরদিনও আগের মতোই কেটে যেতে থাকে।এ সময় আমি মরিয়া। কী করব, কী হবে, যেতে পারব এভারেস্টে? একা একা ভাবতে থাকি। আর যাঁরা সহায়তা করার কথা দিয়েছিলেন, তাঁদের চেহারাটা মনে করার চেষ্টা করি।এ সময় নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের (এনএসিবি) সভাপতি আনিসুল হক বললেন, ‘চলো, একটা লেখা লিখে দিই পত্রিকায় এভারেস্ট অভিযানে সবার সহায়তা চেয়ে। ১০ জন মানুষ, ১০-১২টা প্রতিষ্ঠান এগিয়ে এলেই কিন্তু এনএসিবির এভারেস্ট আয়োজনে কোনো সমস্যা আর থাকবে না।’বিজ্ঞাপনী সংস্থা মাত্রার পরিচালক সানাউল আরেফিনও বললেন, ‘চলো, আমরা জামিলুর রেজা চৌধুরী, মুহম্মদ জাফর ইকবাল, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান প্রমুখকে নিয়ে সবার কাছে একটা আবেদন করি এভারেস্ট অভিযানে সহায়তা করার জন্য।’একদিন আনিসুল হকসহ গেলাম প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কাছে। তিনি আশ্বাস দিলেন সহায়তা করার। কয়েক দিন কেটে গেল তাঁর মাধ্যমে কারা কারা সহায়তা করবেন এবং কী পরিমাণে করবেন, তা জানতে। এই তালিকায় অন্নপূর্ণা-৪ পর্বতাভিযানে যাঁদের পাওয়া গিয়েছিল, তাঁরাই শুধু থাকলেন। এ সময় মতিউর রহমান যাঁকেই সামনে পান, বলেন, ‘এই ছেলেটা এভারেস্ট যেতে চায়। খুব বেশি টাকার বিষয় নয়। আপনারা এগিয়ে এলে ও হয়তো একটা কিছু করে ফেলবে।’ কিন্তু তাঁর এই কথায়ও দেশের অন্যতম বড় বড় প্রতিষ্ঠানের কর্ণধারদের সবার পাথর হূদয় দ্রবীভূত হয় না। মুঠোফোন প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ইত্যাদি কারও কাছ থেকেই কোনো সহায়তা পাওয়া গেল না। নতুন কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি বিষয়টাকে আমলেই নিলেন না।এনএসিবির সদস্য মোস্তাফিজুর রহমান টিটু, জিকরুল আহসান, এম এইচ জায়েদী তুষার, জুয়েল, রাফেহ উদ্দীন সিরাজী, তৌহিদ হোসেন, মাহবুবা রহমান টুলটুল, বদরুদ্দিন, পারভেজ—সবাই যে যাঁঁর অবস্থান থেকে চেষ্টা করলেন। তাঁরা জানালেন, সবাই আশ্বাস দেন। কিন্তু কোনো লাভ হয় না।এনএসিবির সহসভাপতি মুনির হাসানের কাছে গেলাম, যদি তিনি কোনো উপায় খুঁজে বের করতে পারেন সে আশায়। ডেসটিনি গ্রুপের মহাব্যবস্থাপক সাইফুর রহমান চৌধুরী একদিন পরামর্শ দিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সভাপতির কাছে সহায়তা চাইতে। ওই সংগঠনের তৎকালীন সভাপতির কাছে একদিন ঠিক হাজির হয়ে সাহসের সঙ্গে বললাম, ‘মি. প্রেসিডেন্ট, আপনাকে একটা কথা বলতে এসেছি যে আমি এভারেস্ট যেতে চাই।...’বলা শেষ না হতেই তিনি মুখের কথা কেড়ে নিয়ে বলেন, ‘যান। আপনাকে তো কেউ মানা করেনি। আমার কাছে এসেছেন কেন?’তাঁর কথা শুনে আর কথা বাড়াই না। সোজা সেই ভবন থেকে এসে পড়েছি। সেদিন ভেবেছি, এভাবে আর কত দিন অপমান সইতে হবে?এ সময় একেবারে মুষড়ে পড়েছি। চেহারাই বলে দেয় যে আমি চরম একটা সময় কাটাচ্ছি। রিমি আমার চেহারা দেখেই বুঝে নেয় যা বোঝার। কিছু জিজ্ঞেস করতে হয় না। শুধু রাইদের কাছে আমি একজন হাসিখুশি বাবা। তাকে এই ঝড় কখনোই স্পর্শ করতে দিই না।এভাবে দিন ঘনিয়ে আসে। বোন মাঝেমধ্যে ফোন করে জিজ্ঞেস করে যে আমার এভারেস্ট আয়োজন কত দূর। হেসে শুধু বলি, ‘এই সবার কাছ থেকে স্পনসর পেলাম বলে। আর কটা দিন।’ তাকে বলতেও পারি না যে তার কাছ থেকে ধার করে যে বুকিং মানি পাঠিয়েছি, সেটাই এখন পর্যন্ত পাওয়া যায়নি।এমন সময় খবর পেলাম, বিএমটিসির সদস্য এম এ মুহিত সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে তিনি এভারেস্ট অভিযানে যাচ্ছেন ২ এপ্রিল (২০১০)।নেপাল থেকেও ই-মেইল, ফোন ইত্যাদি নিয়মিতই পেয়ে যাচ্ছি। সোম বাহাদুর, কোমল অরিয়াল, কৈলাস নিয়মিত ফোনে বা ই-মেইলে আমার অগ্রগতি জানতে চান। তখন তো বুঝে গেছি অবস্থা যা বোঝার। তাই তাঁদের বলি যে এপ্রিলের ২ বা ৩ তারিখ, এর কোনো তারিখেই আমি যাচ্ছি না। আমার যাওয়ার তারিখ নির্দিষ্ট করে বলতে আরও দু-একটা দিন সময় লাগবে।[email protected]বাকি অংশ আগামী পর্বে