সবাইকে কাঁদিয়ে গেলেন আবিদ
২৯ জুলাই ২০১১। সন্ধ্যা সোয়া সাতটা। কক্সবাজার সমুদ্রসৈকতের সি-ক্রাউন পয়েন্টে গোসল করতে নামেন ক্লোজআপ ওয়ান তারকা জনপ্রিয় কণ্ঠশিল্পী আবিদ শাহরিয়ার (২৬)। সঙ্গে দুই বন্ধু মোস্তাকিন মাহবুব (২৭) ও কাজী আশিক মোস্তফা (২৮)। সাগরে তখন ভাটা। গোসল করতে করতেই সাগরে তলিয়ে যান আবিদ।তাঁকে উদ্ধার করতে গিয়ে একে একে হারিয়ে যান আশিক ও মোস্তাকিন। এ সময় তাঁদের উদ্ধারের জন্য এই নির্জন সৈকতে কেউ ছিল না। পরে খবর পেয়ে স্থানীয় রবি লাইফ গার্ড বাহিনীর কয়েকজন ডুবুরি শুরু করেন তল্লাশি অভিযান। ১০ থেকে ১৫ মিনিটের মাথায় তাঁরা মুমূর্ষু অবস্থায় তুলে আনেন আবিদ ও মোস্তাকিনকে। নিয়ে যান কক্সবাজার সদর হাসপাতালে। রাত আটটায় কর্তব্যরত চিকিৎসক আবিদ ও মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ আশিকের লাশ পাওয়া যায় পরের দিন সকালে লাবণীসৈকতে।আবিদসহ নিহত তিনজন কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন ঢাকার পুরানা পল্টন এলাকার বিজ্ঞাপনী সংস্থা মাত্রার হয়ে। এই দলে ছিলেন আরও ২৭ জন কৃতী তরুণ-তরুণী। সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত কক্সবাজার পর্যটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ করিম চৌধুরী জানান, ২০১১ সালে সৈকতে গোসল করতে নেমে ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। এর মধ্যে আবিদের মৃত্যু সারা দেশের মানুষের মনে তীব্রভাবে নাড়া দেয়। বিভিন্ন প্রচারমাধ্যমে আবিদের মৃত্যু নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় পর্যটকদের মনে নেতিবাচক প্রভাব ফেলে।কক্সবাজার হোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, গত ২০ বছরে হোটেল-মোটেল ব্যবসায় এ রকম খারাপ সময় আসেনি। ক্লোজআপ ওয়ান তারকা আবিদ আর তাঁর দুই বন্ধু মারা যাওয়ার পর থেকে দেশের সমস্ত সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন উঠেছিল। আর তারই প্রভাব এসে পড়েছে হেটেল-মোটেল ব্যবসায়। আবিদের মৃত্যুর পর থেকে এখানে পর্যটকের উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে গেছে। গত বছর ১৫ লাখের বেশি পর্যটক কক্সবাজার ভ্রমণে এসেছেন। কিন্তু এবার ২০১১ সালে ছয় লাখের বেশি হবে না। ঢাকার ধানমন্ডি থেকে ভ্রমণে আসা পর্যটক সাজেদুর রহমান (৩৪) জানান, গুপ্তখালে আটকা পড়ে কণ্ঠশিল্পী আবিদসহ অনেকের মৃত্যু হয়েছে। এ রকম ঘটনা প্রায় ঘটছে। বিপদে পড়া এসব পর্যটককে উদ্ধারে বেসরকারি সংস্থার কয়েকজন ডুবুরি ছাড়া সরকারিভাবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বিপুলসংখ্যক পর্যটকের নিরাপদ গোসলের জন্য সৈকতের নির্দিষ্ট একটি অংশে ‘এখনো নেটিং সিস্টেম চালু’ করা সম্ভব হয়নি। ফলে আবিদের মতো অনেক প্রতিভাবানের হারিয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। এক্ষেত্রে হোটেল মালিকদেরই এগিয়ে আসা উচিত। কারণ তাঁরা হাজার কোটি টাকা বিনিয়োগ করে তিন শতাধিক হোটেল-মোটেল তৈরি করেছেন। ইয়াছির লাইফ গার্ড স্টেশনের পরিচালক ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডুবুরি মোস্তফা কামাল জানান, গত ১০ বছরে সমুদ্রে ডুবে গেছেন ৮৪ পর্যটক।