সবাইকে ছাপিয়ে তামিম ইকবাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের মাঠে রানের খাতায় সতীর্থদের ছাড়িয়ে গেছেন তামিম ইকবাল l ছবি: শামসুল হক
ঘরের মাঠে রানের খাতায় সতীর্থদের ছাড়িয়ে গেছেন তামিম ইকবাল l ছবি: শামসুল হক

তামিম ইকবালের টেস্ট অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডে ২০০৮ সালের জানুয়ারিতে। এর পরের মাসে ঘরের মাঠ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হন এই বাঁহাতি ওপেনার। ঘরের মাঠে সব সময় তাঁর কাছে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু কেন জানি ব্যাটে–বলে হচ্ছিল না। অবশেষে দশম ম্যাচে এসে স্থানীয় দর্শকদের সামনে হেসেছে তামিমের ব্যাট। 
চলমান চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে শতরান ও দ্বিতীয় ইসিংসে অর্ধশতকের পর তামিমকে ঘিরে স্থানীয় ব্যক্তিদের প্রত্যাশা আরও বেড়েছে। একই মাঠে সামনের দুটি এক দিনের ম্যাচে খান পরিবারের এই সদস্য আরও উজ্জ্বলতর হবেন বলে আশাবাদী সবাই।
স্থানীয় মাঠে শতকের জন্য ১০ ম্যাচ অপেক্ষা করতে হলেও তামিম ইতিমধ্যে ছড়িয়ে গেছেন চট্টগ্রামের অন্য খেলোয়াড়দের। তাঁর অগ্রজ নাফিস ইকবালও চট্টগ্রামে চারটি টেস্ট খেলেছেন। কিন্তু তিনি কখনো ঘরের মাঠে শতকের আশা জাগাতে পারেননি। টেস্টে এখানে তাঁর সর্বোচ্চ স্কোর ৩৪ রান।
সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক চাচা আকরাম খানকেও পেছনে ফেলেছেন তামিম। আকরাম খান চট্টগ্রামে টেস্ট খেলেছেন দুটি। কিন্তু এখানে আশা–জাগানিয়া কোনো স্কোর ছিল না তাঁর। তাঁর সর্বোচ্চ স্কোর ১৬ রান। এ ছাড়া চট্টগ্রামের আরেক টেস্ট ক্রিকেটার আফতাব আহমেদ চৌধুরীও তামিমের পেছনে পড়ে গেছেন। আফতাব চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মোট ছয়টি টেস্ট ম্যাচ খেলেছেন। এক ইনিংসে আফতাবের সর্বোচ্চ স্কোর ৪৩, ভারতের বিপক্ষে। আরেক টেস্ট খেলোয়াড় নাজিমুদ্দীন স্থানীয় মাঠে একটি মাত্র টেস্ট খেলে এক ইনিংসে করেছেন সর্বোচ্চ ৭৮ রান। চট্টগ্রামের কারও ঘরের মাঠে যেখানে টেস্ট অর্ধশতক ছিল না, সেখানে তামিম খেলেছেন চারটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। তার একটিতে আবার সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে। তখন তিনি ৮৬ রান করে আউট হয়ে গেলে সেই আশা অপূর্ণ থেকে যায়, যা ঘোচালেন এবার জিম্বাবুয়ের বিপক্ষে ১০৯ রান করে।
এক দিনের ম্যাচেও চট্টগ্রামের কেউ তামিমের রেকর্ডের কাছাকাছি নেই। নাফিস ইকবাল চট্টগ্রামের মাঠে এক দিনের ম্যাচে করেছেন সর্বোচ্চ ৫৮ রান। খেলেছেন চার ম্যাচ। আফতাব চট্টগ্রামে সাতটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাঁর সর্বোচ্চ স্কোর ৬৬, বিপক্ষ দল স্কটল্যান্ড। মিনহাজুল আবেদিন নান্নু চট্টগ্রামে দুটি এক দিনের ম্যাচ খেলে করেছেন সর্বোচ্চ ২২ রান। আকরাম খান একটি মাত্র এক দিনের ম্যাচ খেলে ২১ রানে অপরাজিত থাকেন।
এক দিনের ক্রিকেটেও চট্টগ্রামে এগিয়ে তামিম। এখানে ১০টি ম্যাচে তামিমের সর্বোচ্চ স্কোর ৯৫ রান, জিম্বাবুয়ের বিপক্ষে। আর চট্টগ্রামে এক দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮২ রান করেছিলেন তামিম, ২০০৮ সালে।
সব মিলিয়ে তামিম চট্টগ্রামের যেকোনো ক্রিকেটারের চেয়ে এগিয়ে রয়েছেন। তিনি এখন দেশের হয়ে সর্বোচ্চ ছয়টি সেঞ্চুরির মালিক। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে সেঞ্চুরি করে তিনি ছুঁয়েছেন আশরাফুলের ছয়টি শতককে। এ ছাড়া এক দিনের ম্যাচেও রয়েছে তাঁর চারটি শতক। এই রেকর্ডও চট্টগ্রামের আর কারও নেই।
ঘরের মাঠে সেঞ্চুরি করার ক্ষুধা সব ক্রিকেটারেরই থাকে। তামিমও ব্যতিক্রম নন। সেটি সেঞ্চুরি-উত্তর সংবাদ সম্মেলনে বলেছেনও। চট্টগ্রামের মাঠে সেঞ্চুরি পাওয়ার পর এখন আরও আত্মবিশ্বাসী তামিম ইকবাল। ভবিষ্যতে আবারও সেঞ্চুরি করার ইঙ্গিত দিয়ে গেছেন তিনি।
‘আমি এক–দুবার কাছাকাছি গিয়ে সেটা করতে পারিনি। শেষ পর্যন্ত করতে পেরে খুশি লাগছে। সামনে যদি সুযোগ পাই আরেকটা করব।’ আত্মবিশ্বাসী তামিমের এই উক্তি উজ্জীবিত করছে স্থানীয় ক্রিকেটভক্তদের। সেই আরেকটি শতক যদি সামনের দুটি এক দিনের ম্যাচের কোনোটিতে দেখা যায়, তাহলে অবাক হবেন না ক্রিকেটভক্তরা।