
‘আমি একেবারে পাড়াগাঁয়ের ছেলে বলতে যা বোঝায়, তা-ই। গ্রামের মাদ্রাসায় পড়েছি, আর্থিক অসচ্ছলতার কারণে প্রাইভেট পড়তে পারিনি। এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে কোচিংও করার সুযোগ হয়নি। কিন্তু সব সময় সর্বোচ্চ জায়গায় যাওয়ার স্বপ্ন দেখেছি।’ এভাবেই নিজের সাফল্যের পেছনের সংগ্রামের গল্প করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মেহেদি হাসান। তিনি এবার কলা অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর দুটিতেই ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন।
প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিটি অনুষদে সর্বোচ্চ ফলাফলধারী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। ১১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষার্থীদের নিয়ে হয়ে গেল এ বছরের আয়োজন। এবার ২০১৩ ও ২০১৪ সালে স্নাতক ও স্নাতকোত্তর পাস করা ১৭টি বিভাগের ৯০ জন শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
সম্মাননা প্রদানের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সভাকক্ষের এক পাশে হাতে ফুল আর কাঁধে লাল-নীল ব্যাজ ঝুলিয়ে বসেছিলেন পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা। পাশেই আরেকটি অংশে তাঁদের গর্বিত অভিভাবকেরা। দর্শন বিভাগের তাপসী রাবেয়ার মা-বাবার চোখেমুখে ঝিলিক! মেয়ের সাফল্যের কথা বলতে গিয়ে চোখ ভিজে যাচ্ছিল তাঁদের। তাপসীর বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মা গৃহিণী। বাবা আবদুর রহমান বলছিলেন ‘পাড়া-প্রতিবেশীরা বলে, আমরা অনেক ভাগ্যবান। সন্তানের অর্জনের কারণেই আমাদের এই সম্মান।’
এ বছর ‘ডিনস মেরিট লিস্ট অব এক্সিলেন্স’, ‘ডিনস মেরিট লিস্ট অব অনার’ ও ‘ডিনস মেরিট লিস্ট অব একাডেমিক রিকগনিশন’—এই তিনটি বিভাগে সম্মাননা দেওয়া হয়। পুরস্কার পাওয়া শিক্ষার্থীদের ৫৬ জন ছাত্র এবং ৪৭ জন ছাত্রী। এর মধ্যে সাতজন সর্বোচ্চ ফলাফল সিজিপিএ-৪ এ ৪ পেয়েছেন। আর ১৩ জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর দুটিতেই পুরস্কার পেয়েছেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে অনুভূতি জানাতে গিয়ে ইংরেজি বিভাগের নুসরাত গুলজার বললেন, ‘এই সম্মাননা আমাদের আত্মবিশ্বাস অনেক গুণ বাড়িয়ে দিল, আরও একধাপ এগিয়ে দিল ভালো মানুষ হওয়ার পথে।’
সম্মাননা প্রাপ্ত প্রতিটি মুখই যেন সংগ্রাম, অর্জন আর অনুপ্রেরণার গল্প। প্রত্যেকেই তাঁদের এই অর্জনের পেছনের কারিগর হিসেবে অভিভাবক ও শিক্ষকদের কথা বললেন। আর যাঁদের সঙ্গে বিশ্ববিদ্যালয় জীবনের পাঁচটি বছর কাটিয়েছেন, সে বন্ধুদের কথা বলতেও ভোলেননি তাঁরা।
ইতিহাস বিভাগের সুমাইয়া মবিন যেমন বললেন তাঁর হোঁচট খেয়ে ঘুরে দাঁড়ানোর গল্প। ‘বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ক্লাস লেকচার কী, কীভাবে লাইব্রেরিতে পড়াশোনা করতে হয়, সেমিস্টার-পদ্ধতিই বা কেমন, কিছুই বুঝতাম না। কিন্তু পরে মা-বাবা আর শিক্ষকদের সাহায্যেই পথ খুঁজে পেয়েছি। এরপর লক্ষ্যে পৌঁছাতে আর বেগ পেতে হয়নি।’
এবারের অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমাদের সমাজে বৈষম্যের হার ৮০-২০। শিক্ষার্থীদেরই দায়িত্ব নিয়ে এই বৈষম্যের বেড়াজাল ভাঙতে হবে।’
শিক্ষার্থীরাও দেশ ও মানুষের প্রতি তাঁদের দায়িত্বের কথা বলেছেন। বাংলা বিভাগের সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থী উন্মেষ রায় যেমন বলছিলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষা আমরা পেয়েছি, সেটি এবার ছড়িয়ে দেওয়ার পালা। তবে শুধু দেশের গণ্ডির মধ্যে নয়, বিশ্বব্যাপী দেশের নামকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে চাই।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘শিক্ষার মাধ্যমে মানুষের মাঝে মানবিকতাবোধ ছড়িয়ে দিতে হবে। আর গড়ে তুলতে হবে জ্ঞানভিত্তিক সমাজ। এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে মানববিদ্যার এসব শ্রেষ্ঠ শিক্ষার্থীকেই।’