সবাইকে নিয়ে কাজ করলে প্রতিশ্রুতি পূরণে সুবিধা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মোহাম্মদ মনজুর আলম
মোহাম্মদ মনজুর আলম
সিটি মেয়রের ১০০ দিনের কর্মকাণ্ড সম্পর্কে বলেছেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম


প্রথম আলো: বর্তমান মেয়রের দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়ন করুন।
মোহাম্মদ মনজুর আলম: মেয়র সবেমাত্র দায়িত্ব নিয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মতো একটি প্রতিষ্ঠানের মেয়রের কর্মকাণ্ডের মূল্যায়ন করার জন্য ১০০ দিন যথেষ্ট নয়। মেয়রের কার্যক্রম মূল্যায়ন করতে হলে অন্ততপক্ষে এক বছর অপেক্ষা করা উচিত।
প্রথম আলো: বর্তমান মেয়রের দায়িত্ব নেওয়ার পর সিটি করপোরেশনের প্রশাসনিক অবস্থাকে অত্যন্ত নাজুক বলে অভিহিত করেছিলেন। এই অভিযোগের সত্যতা কতটুকু?
মোহাম্মদ মনজুর আলম: চট্টগ্রাম সিটি করপোরেশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে জনগণ কর্তৃক নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে এই সংস্থা পরিচালিত হয়। আর সরকারের তরফ থেকে প্রেষণে আসা একজন যুগ্ম সচিব, দুজন উপসচিবসহ যোগ্যতাসম্পন্ন পাঁচজন সরকারি কর্মকর্তা দিয়ে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করা হয়। স্বচ্ছতা, সততা ও জবাবদিহির মাধ্যমে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
প্রথম আলো: নগরের জলাবদ্ধতা নিরসনে ১৯৯৫ সালে প্রণীত ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়নে সিটি করপোরেশন অতীতে কোনো উদ্যোগ নেয়নি
মোহাম্মদ মনজুর আলম: আমিও আগে বলেছি, সিটি করপোরেশন এলাকার জলাবদ্ধতা নিরসনে ১৯৯৫ সালে ড্রেনেজ মহাপরিকল্পনা হয়েছিল। কিন্তু বাস্তবায়ন হয়নি। আমিই প্রথম এই মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলাম। ২০১২ সালে একটি নতুন খাল খননের প্রকল্প প্রস্তাব পাঠিয়েছিলাম। একনেকে ২৯৭ কোটি টাকার এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ১৩২ কোটি টাকা ব্যয়ে হিজড়া খাল পুনঃখননে আরেকটি প্রকল্প পাঠিয়েছিলাম। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরের বড় একটি এলাকায় জলাবদ্ধতা থাকবে না। এ ছাড়া কর্ণফুলী নদীর নাব্য ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ সরকারের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি। খননের মাধ্যমে কর্ণফুলী নদীর নাব্যতা ফিরিয়ে আনলে নগরের জলাবদ্ধতা ৬০ শতাংশ কমে যাবে।
প্রথম আলো: নতুন মেয়রের জন্য কোনো পরামর্শ রয়েছে কি না?
মোহাম্মদ মনজুর আলম: বর্তমান মেয়রের কাছে আমার একটিই পরামর্শ থাকবে। তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। সবাইকে নিয়ে কাজ করলে তাঁর প্রতিশ্রুতি পূরণে অসুবিধা হবে না।
প্রথম আলো: দায়িত্ব পালনকালে যদি তিনি আপনার সহযোগিতা চান?
মোহাম্মদ মনজুর আলম: মেয়র সবার সহযোগিতা চেয়েছেন। যদি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে অবশ্যই সহযোগিতা করব। আমরা চাইব, নগরবাসীর সেবা কার্যক্রম কোথাও যাতে ব্যাহত না হয়। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে সব সময় সহযোগিতা দিতে প্রস্তুত আছি।