সবাইকে নিয়ে কাজ করা জরুরি

কয়েক দিন আগে জামালপুরে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত মোজাম্মেলের বয়স ৩৫ বছর। গত রোববার পিরোজপুরে এক কিশোরের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। চলন্ত বাসে রূপাকে ধর্ষণ করে হত্যার ঘটনা এখনো আমাদের মনে ভীষণ দাগ কেটে রেখেছে।
কোনোভাবেই থামছে না নারীর প্রতি সহিংসতা। কিশোর, যুবা, বৃদ্ধ—সব বয়সের মানুষের সহিংসতার শিকার হচ্ছেন নারী। বাংলাদেশ মহিলা পরিষদের এক পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ১০ মাসে ১ হাজার ৭৩৭টি ধর্ষণসহ নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার তথ্য বলছে, ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ধর্ষণ ও অন্যান্য সহিংসতার শিকার হওয়া ২২ হাজার ৩৮৬ জন নারী ও শিশু ১০টি সরকারি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে চিকিৎসা নিয়েছে।
এ ঘটনা ও তথ্যগুলো আমাদের ব্যথিত করে, ভাবায়। ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ হব বলে আশাবাদী; যার অন্যতম মানদণ্ড সামাজিক স্থিতিশীলতা ও উন্নত জীবনমান। অথচ ঘরে-বাইরে নারীরা যেভাবে সহিংসতার শিকার হচ্ছেন, তাতে কোন উন্নয়নের পথে যাচ্ছি আমরা?
এমন প্রেক্ষাপটে সারা বিশ্ব ও দেশব্যাপী ১৬ দিনের নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করছি আমরা, যার মূল উদ্দেশ্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধ করা। বিশ্বব্যাপী এবার নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রতিপাদ্য ‘সবাইকে নিয়ে একসঙ্গে চলি, নারী ও কন্যাশিশু নির্যাতন বন্ধ করি’।
আমাদের বিশ্বাস, নারীবাদ আর মানবাধিকার সমার্থক। ১৯৮৩ সালে বাংলাদেশে কাজের শুরু থেকেই আমরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করছি দেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের কর্ম এলাকায়। পাশাপাশি নগরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করছি। ২০১৪ সাল থেকে অ্যাকশনএইড বাংলাদেশ থেকে ‘নিরাপদ নগরী, নির্ভয় নারী’ নামের একটি প্রচারাভিযান পরিচালনা করছি। পরিস্থিতির আলোকে করণীয় ঠিক করতে আমরা অনেকগুলো গবেষণা করেছি। জনপরিসরে নারীর প্রতি সহিংসতা নিয়ে ১ হাজার ২০০ মানুষের ওপর করা একটি গবেষণায় দেখেছি, শহরের প্রায় অর্ধেক নারী গণপরিবহন, রাস্তা বা উন্মুক্ত স্থানে চলাফেরা করতে ভয় পান। প্রায় ৮১ শতাংশ নারী আইনি সহায়তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যেতে চান না।
>২৫ নভেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়। সেই দিন থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট ১৬ দিন জাতিসংঘের ‘ইউনাইট ক্যাম্পেইন’ প্রকল্পের আওতায় নারীর প্রতি সহিংসতা বন্ধের প্রচারণা চলে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সবাইকে নিয়ে একসাথে চলি, নারী নির্যাতন প্রতিরোধ করি’। সাধারণ মানুষকে সচেতন করার জন্য কমলা রংকে প্রতীক হিসেবে ধরে বিশেষ ‘অরেঞ্জ ইভেন্ট’ আয়োজন করে নানা দেশের মানুষ। ১৯৯১ সালে সহিংসতা বন্ধে প্রথম এই কর্মসূচি প্রচলন করে উইমেন্স গ্লোবাল লিডারশিপ ইনস্টিটিউট। পরবর্তী সময়ে সেন্টার ফর উইমেন্স গ্লোবাল লিডারশিপ সারা বিশ্বে এই সচেতনতা কর্মসূচি পালন করে আসছে। বাংলাদেশেও এই কর্মসূচি পালিত হয়।
নগরের জনপরিসর কতটা নারীবান্ধব, তা নিয়েও আমরা গবেষণা করেছি। সেখানে আমরা দেখছি, গণপরিবহন, রাস্তাঘাট, ফুটপাত, পাবলিক টয়লেট, পার্কের মতো গণপরিসরে নারীদের ব্যবহার উপযোগিতা সীমিত। তাই শঙ্কা, নিরাপত্তাহীনতা ও সহিংসতার ভয়ে গণপরিসর এড়িয়ে চলেন নারীরা। এই গবেষণা আরও বলছে, ঢাকা শহরের ৫৬ শতাংশ নারী ভালো পরিবহনব্যবস্থা না থাকায় ঘরের বাইরে যেতে চান না। আমরা আইন ও নীতির পর্যালোচনাও করেছি। সেখানে আমরা দেখছি, বাংলাদেশে গণপরিসরে নারীদের যৌন হয়রানি প্রতিরোধে কোনো সুনির্দিষ্ট আইন নেই। বিদ্যমান আইনে কিছু বিধান থাকলেও এর প্রয়োগ নেই। তাই জনপরিসরে নারীরা যৌন হয়রানির শিকার হলে আইনিভাবে এর প্রতিকার পান না।
ওপরের তথ্যগুলো নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্যের প্রাসঙ্গিকতা প্রমাণ করে, যেখানে সবাইকে নিয়ে কাজ করার কথা বলা হয়েছে। এখন আমরা এমন একটি অবস্থানে দাঁড়িয়ে, যেখানে সবার মধ্যে সচেতনতা বাড়াতেই হবে। যে কিশোর আমাদের ‘বিকলাঙ্গ’ সমাজব্যবস্থার জন্য একজন মেয়েশিশুকে ধর্ষণ করার কথা ভাবে, তাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের কাজ করতে হবে সুনির্দিষ্ট আইন ও এর বাস্তবায়ন নিয়ে; নগর ব্যবস্থাপনাকে জেন্ডার সংবেদনশীল করা নিয়ে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ যারা সহিংসতা ও নির্যাতন বন্ধে সরাসরি কাজ করে, তাদের সচেতনতা বৃদ্ধিতে। সবার মধ্যে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। নারীকে মানুষ হিসেবে দেখার বোধ অনেক বেশি জরুরি।
আমরা যদি সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পারি, তবে অবশ্যই নারী ও কন্যাশিশু নির্যাতন বন্ধ হবে। নারী নির্যাতন প্রতিরোধে নানা উদ্যোগ নিয়েছি। আমরা দেশব্যাপী সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালাচ্ছি। ৩০ নভেম্বর আরও একটি গবেষণার ফলাফল প্রকাশ করতে যাচ্ছি আমরা, যেখানে ১১টি দেশের সঙ্গে সহিংসতার বিষয়ে বাংলাদেশের একটি তুলনামূলক চিত্র আমরা তুলে ধরব। বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয়ও সেখানে থাকবে। আমরা আইনি উন্নয়নের জন্য আইন কমিশনের সঙ্গেও আলোচনায় বসব। সব মিলিয়ে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে নারীর জন্য নিরাপদ নগরী ও দেশ গড়তে চাই। এটাই আমাদের নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনের মূল লক্ষ্য।
লেখক: কান্ট্রি ডিরেক্টর, অ্যাকশনএইড বাংলাদেশ