সবাইকে নিয়েই এগিয়ে যাওয়া

দু–এক বছর আগের কথা। বাড়ির গৃহকর্মী এসে বললেন, ‘আপা, আমার ছেলের জন্য একটা ল্যাপটপ কম্পিউটার কিনতে চাই। কত দাম হতে পারে?’ আপা তাঁকে চীনা কিছু ল্যাপটপের দাম জানালেন। কিন্তু গৃহকর্মী ভালো মানের ল্যাপটপের দরদাম জানতে চান। বললেন, ‘আপনি তো বড় কোম্পানিতে চাকরি করেন, কিস্তিতে আমাকে ল্যাপটপ দেন।’ গৃহকর্মীর সেই আপা হলেন সোনিয়া বশির কবির, ডেল বাংলাদেশের তখনকার কান্ট্রি ম্যানেজার।
গৃহকর্মীর কথাটা মনে ধরল সোনিয়া বশির কবিরের। সহজ কিস্তিতে যদি ডেলের কম্পিউটার দেওয়া যায়, তবে সাধারণ মানুষও ভালো মানের কম্পিউটার ব্যবহার করবে। কিন্তু সমাজের এই স্তরের মানুষের জন্য এমন ঋণসুবিধা নেই বললেই চলে। বাংলাদেশ ব্যাংকে দৌড়ঝাঁপ শুরু হলো সোনিয়ার। কম্পিউটার কেনার জন্য খুব কম হারে সুদ আর দীর্ঘ মেয়াদে কিস্তির অনুমোদন বের করলেন। কিন্তু ৫০ হাজার টাকার নিচে নাকি এসব ঋণ হয় না। ডাউন পেমেন্টও লাগে। সেগুলো দূর করা হলো। ‘আমার দেশ আমার গ্রাম’ নামের এক প্রতিষ্ঠান আর বেসরকারি এক ব্যাংকের সঙ্গে মিলে সোনিয়া বশির কবির চালু করতে পারলেন ‘ডেল শি পাওয়ার’ কর্মসূচি। কম সুদের এক–দুই বা তিন বছরমেয়াদি কিস্তিতে নারীরা কিনতে পারবেন ডেলের কম্পিউটার।
‘একবার রায়ের বাজারে দেখতে গেলাম সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জাগো ফাউন্ডেশনের ইংরেজি মাধ্যম স্কুল। শিক্ষার্থীদের চোখে–মুখে স্বপ্নের দেখা পেলাম। ২০টি কম্পিউটার আর দরকারি সব আসবাব দিয়ে ওখানে ডেল থেকে বানিয়ে দেওয়া হলো কম্পিউটার ল্যাব।’ বড় প্রতিষ্ঠানে উচ্চপদে থেকে মানুষের জন্য এভাবে কাজ করে যান সোনিয়া বশির কবির।
কয়েক বছর ধরেই বাংলাদেশ এখন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে ‘উদীয়মান বাজার’। তাই ২০১২ সালে ডেল যখন বাংলাদেশে অফিস করল, তখন সোনিয়া বশির কবির যোগ দিলেন কান্ট্রি ম্যানেজার হিসেবে। ২০১৪ সালে ডেল ছেড়ে দিলেন সোনিয়া। জুন মাসে মাইক্রোসফটের কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ শুরু করলেন। কিছু আগে প্রতিষ্ঠা পেয়েছে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড। সোনিয়ার পদে এল পরিবর্তন। এখন এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশে পর পর দুটি বহুজাতিক প্রতিষ্ঠানের কার্যক্রমে নেতৃত্বে এসেছেন নারী, এমন উদাহরণ সোনিয়া বশির কবিরই সৃষ্টি করেছেন।
৩ মার্চ গুলশানে মাইক্রোসফট বাংলাদেশের কার্যালয়ে বসে কথা হচ্ছিল সোনিয়ার সঙ্গে। বললেন, ‘আমি ওদের বলি, বাংলাদেশ থেকে ব্যবসা ভালোই পাবে। কিন্তু বাংলাদেশের মানুষের বন্ধু হতে হবে, তাদের জন্য আগে কিছু করতে হবে।’ এই ভাবনা থেকেই সোনিয়া বহুজাতিক প্রতিষ্ঠান থেকে মানুষের জন্য কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ইংরেজি মাধ্যমে ও লেভেল শেষ করে সোনিয়া আবার পড়েছেন বাংলা মাধ্যমে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর বিয়ে ইহতেশাম কবিরের সঙ্গে। তারপর যুক্তরাষ্ট্র যাত্রা। সেখানে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে কর্মজীবন শুরু করেন সিলিকন ভ্যালিতে। সান মাইক্রোসিস্টেম, ওরাকলের মতো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। প্রায় ২০ বছরের প্রবাসের পাট চুকিয়ে ২০০৫ সালে ফেরেন দেশে।
প্রযুক্তি উদ্যোক্তাদের সহায়তা করার জন্য সিলিকন ভ্যালিতে আছে দি ইনডাস এন্ট্রাপ্রেনিউর—টাই নামের এক সংগঠন। সোনিয়া টাই বাংলাদেশের সভাপতি এখন। বলেন, ‘এবার ২৫টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে উদ্যোগের ধারণা চাইব। তারপর সেরা তিন ধারণা যারা দেবে, তাদের পাঠানো হবে সিলিকন ভ্যালিতে।’
মাইক্রোসফট থেকে কী করবেন? সোনিয়া বশির কবির হেসে বললেন, ‘অনেক কিছুই করার ইচ্ছা আছে।’ মাইক্রোসফট থেকে সাত বিভাগের ৬৪ জায়গায় (৭/৬৪) ডিজিটাল কেন্দ্র স্থাপন করা হবে। যেগুলো নাম হবে ‘সেন্টার অব অপরচুনিটি’। তথ্যপ্রযুক্তির সেবা দেওয়ার পাশাপাশি প্রযুক্তি উদ্যোক্তা গড়ে তোলা হবে কেন্দ্রগুলোতে। সোনিয়া বললেন, ‘এক নারী আমাকে একদিন বললেন, “টাকাও লাগবে না, বুদ্ধি দেন।” আমাদের অনেকের মধ্যেই উদ্যোগ আছে, চেষ্টা আছে। এখন শুধু দরকার দিকনির্দেশনা। আরেকটা কথা বলি, সবাই আমরা এগিয়ে যেতে চাই, কিন্তু নিজেদের এগোনোর গতি একটু ধীর করে যারা পিছিয়ে আছে, তাদের সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াটাই উচিত আমাদের সবার।’