সবার আগে খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটার জাহানারা আলম। ছবি: শামসুল হক
ক্রিকেটার জাহানারা আলম। ছবি: শামসুল হক

২০০৮ সালে এসএসসি পরীক্ষা দেন জাহানারা আলম। পরীক্ষার কিছুদিন আগে বাড়িতে ফিরে জানালেন, ‘বাবা, আমার তো সামনে পরীক্ষা। সেই সময়েই বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কায় যাবে এশিয়া কাপ খেলতে। যদি ডাক আসে, তাহলে আমি কী করব?’

খেলার মাঠে জাহানারা
খেলার মাঠে জাহানারা

ব্যবসায়ী বাবা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাফ কথা, ‘কী করবে মানে! সুযোগ মিললে আগে খেলা। পরীক্ষা তো পরের বছরও দিতে পারবে।’ বাবার এই কথাই খুলনার স্কুলপড়ুয়া মেয়ে জাহানারা আলমের সাহস বাড়িয়ে দেয়। আর জাতীয় দলে সুযোগ পেয়ে সেবার সত্যিই পরীক্ষা না দিয়ে দলের সঙ্গে পাড়ি জমান শ্রীলংকায়। এখন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের পেস বোলার তিনি। ২০১১ সাল থেকে আজ পর্যন্ত এক দিনের আন্তর্জাতিক ম্যাচে জাহানারা অর্জন করেছেন ১৬ উইকেট, আর টি-টোয়েন্টিতে ১৭টা। অথচ বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান এই পেস বোলার খেলা শুরুর দুই বছর আগেও জানতেন না ক্রিকেট কীভাবে খেলতে হয়। তাহলে কীভাবে এলেন ক্রিকেটে? উত্তরটা শোনা যাক জাহানারা আলমের মুখেই, ‘আমি তখন অষ্টম শ্রেণিতে পড়ি। স্কুলে হ্যান্ডবল, ভলিবল খেলতাম। তো একদিন আমাদের স্কুলের সামনে সালাউদ্দিন স্যার আমাকে ডাকলেন। জানালেন বিসিবি মেয়েদের ক্রিকেট দল গঠনের জন্য কাজ শুরু করছে। তিনি আমাকে ক্রিকেট খেলার প্রস্তাব দিলেন। আমিও রাজি হলাম। তবে আমার শিক্ষকের কাছে অনুমতি নেওয়ার বিষয়টি জানালাম। বাড়ি থেকেও বাবা-মা অনুপ্রেরণা দিলেন। এরপর আরও ১০-১৫ জন মেয়ের সঙ্গে শুরু হলো আমার ক্রিকেটে হাতেখড়ি।’
খুলনার মেয়ে জাহানারা আলমের হয়েছিল ব্যাটিং দিয়ে। এরপর এক মাসের মধ্যেই নিজের খেলা দিয়ে বোলার হিসেবে মেলে পরিচিতি। কয়েক মাসের অনুশীলন আর ভালো বোলিং করে নির্বাচকদের নজর কাড়েন জাহানারা। সর্বোচ্চ ১৩টা উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন। প্রথমবার পরীক্ষা দিতে না পারলেও ২০০৯ সালে এসএসসি পরীক্ষা দেন। তখনো বাংলাদেশে চলছিল আন্তর্জাতিক টুর্নামেন্ট। খেলার ফাঁকেই পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেন। এরপর খুলনার পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন ২০১১ সালে। বর্তমানে সেখানেই বিএসএস ডিগ্রি পড়ছেন। ব্যবসায়ী বাবা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আর মা গৃহিণী সালমা বেগমের পাঁচ সন্তানের মধ্যে সবার বড় এই মেয়েটি। এই ক্রিকেটার খেলা ছাড়া একটা দিনও ভাবতে পারেন না। জাহানারা বলেন, ‘যত দিন পারি খেলে যেতে চাই। দেশের জন্য খেলতে পারাটা আসলেই অনেক সম্মানের। আমার ইচ্ছা আছে ২০১৭ সালের বিশ্বকাপ খেলার। সেখানে দেশের হয়ে সেরা খেলাটাই উপহার দিতে চাই আমি।’