সবার আগে নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে

পুষ্টি নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কার্যক্রম থাকলেও দেশে এখনো বহু নারী অপুষ্টিতে ভুগছেন। এর পেছনে রয়েছে অনেক কারণ। এই বিষয়ে প্রথম আলোর প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন বারডেম জেনারেল হাসপাতালের পুষ্টি বিভাগের প্রধান আখতারুন নাহার।
প্রথম আলো: কী কারণে মানুষ অপুষ্টিতে ভোগে?
আখতারুন নাহার: খাবারে ছয়টি পুষ্টি উপাদান থাকে। এগুলো হলো: শর্করা, আমিষ, স্নেহ, খনিজ, পানি ও ভিটামিন। এই উপাদানগুলো প্রত্যেক মানুষের গ্রহণ করা উচিত। এগুলোর কোনো একটির ঘাটতি হলে মানুষ অপুষ্টিতে ভোগে। যেমন কেউ যদি দিনের পর দিন ভাত আর আলু ভর্তা খায়, তাহলে তাঁর শরীরে আমিষের ঘাটতি দেখা দেবে। তাই খাবারে সব কটি পুষ্টি উপাদান থাকতে হবে। তাহলেই কেউ আর অপুষ্টিতে ভুগবে না।
প্রথম আলো: আমাদের দেশে অধিকাংশ নারীই অপুষ্টিতে ভুগছেন। এর কারণ কী?
আখতারুন নাহার: কয়েকটি কারণে নারীরা অপুষ্টির শিকার হন। তার মধ্যে অন্যতম নারী-পুরুষের বৈষম্য, যেটা পরিবারে খাবার বণ্টনের ক্ষেত্রে প্রকট হয়ে ওঠে। মাছের মুড়ো বা মাংসের ভালো টুকরোটা পুরুষদের ভাগে পড়ে। আবার বাড়ির ছেলে, স্বামী ও অন্যদের খাওয়া হয়ে যাওয়ার পরই নারীরা খেতে বসেন। এতে অনেক সময় দেখা যায়, যে খাবার অবশিষ্ট থাকে, তাতে তাঁদের পেট ভরে না। আবার মাছ, মাংস, ডিম ও দুধ পুরুষের জন্য আলাদা করে রাখা হয়। নারীদের সে খাবারে কোনো ভাগ থাকে না। এ জন্য সবার আগে নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে।
প্রথম আলো: বয়ঃসন্ধিকাল থেকে বার্ধক্য পর্যন্ত নারীস্বাস্থ্যের পাঁচটি ধাপ রয়েছে। এই ধাপগুলোয় নারীর কী ধরনের খাবার গ্রহণ করা উচিত?
আখতারুন নাহার: প্রতিটি ধাপেই যে একই ধরনের পুষ্টিগুণসম্পন্ন খাবার খেতে হবে, এমনটা নয়। যেমন বয়ঃসন্ধিকালে পিরিয়ডের কারণে মেয়েদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দেয়। এই সময় তাঁকে আমিষযুক্ত, ক্যালসিয়াম ও আয়রনযুক্ত খাবার বেদিতে হবে। গর্ভকালীন খাদ্যতালিকা তিনটি ভাগে ভাগ করতে হবে। প্রথম তিন মাসে স্বাভাবিক খাবারই খেতে হবে। পরের তিন মাসে আগের চেয়ে ৩০০ ক্যালরি বাড়াতে হবে। শেষ তিন মাসে আরও ২০০ ক্যালরি বাড়াতে হবে। এ সময় মাছ, মাংস, দুধ, ছানা, পনির, শুঁটকি মাছ, ডাল, সবজি, সরিষা, লালশাক ও কলিজা খেতে হবে। এ ছাড়া ক্যালসিয়াম ও ভিটামিন-জাতীয় খাবার দিতে হবে।
প্রসূতিকালে আমিষ ও স্নেহজাতীয় খাবার বেশি দিতে হবে। অন্য খাবারের সঙ্গে প্রসূতি মায়ের খাদ্যতালিকায় দুধও রাখতে হবে। নারী মধ্যবয়সে পৌঁছানোর পর শর্করাযুক্ত খাবার বেশি দিতে হবে। এই সময়ে নারীর বিভিন্ন ধরনের রোগও দেখা দিতে পারে। এসব রোগের সঙ্গে লড়াই করার জন্য সুষম খাদ্য দিতে হবে।
বার্ধক্যে নারীর শরীর দুর্বল হয়ে পড়ে। শরীর এ সময় সহসা রোগাক্রান্ত হতে পারে। এ সময় হজমশক্তিও কমে যায়। তাই এ সময়ে নরম ও কম মসলাদার খাবার দিতে হবে।
প্রথম আলো: নারীরা অপুষ্টির কারণে কী ধরনের রোগে ভুগতে পারেন?
আখতারুন নাহার: খাবারের ঘাটতির কারণে বয়সভেদে নারীর বিভিন্ন ধরনের রোগ হতে পারে। শিশু বয়সে কোয়াশিয়রকর, ম্যারাসমাস, কৃমি, রাতকানা, গলগণ্ড, মুখের দুপাশে ঘা, স্কার্ভি ও ত্বকের বিভিন্ন রোগ হতে পারে। বয়ঃসন্ধিকালে হিমোগ্লোবিন কমে যায়। এতে করে শরীরে অবসাদ তৈরি হয়। এ কারণে তারা পড়াশোনায় অমনোযোগী হয়। বার্ধক্যে ক্যালসিয়ামের অভাবে হাড়ের ক্ষয় হয়।