
আমার মেয়ে যুনাইরা ঢাকার একটি ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ছে। ক্লাস ওয়ানে। তাকে যখন ওই স্কুলে ভর্তি করাই তখন আমাদের মধ্যেও একটা শঙ্কা কাজ করছিল—মেয়ে না আবার বিগড়ে যায়! কিন্তু ধীরে ধীরে আমার শঙ্কা কাটতে থাকে। কখনো সে বাসায় এসে জানায় ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা...’ গানের সঙ্গে তাকে নাকি নাচতে হবে! আবার কখনো তাকে নাটকে ইঁদুর সাজতে হবে। এর জন্য কাপড়ের লেজ লাগবে! কখনো বা ১০টি দেশি ফলের ছবি স্ক্র্যাপ বুকে যুক্ত করতে হবে। কদিন আগেই প্রচণ্ড গরমের মধ্যে সে দেখি ‘পৌষ তোদের ডাক দিয়েছে...’ গানটি শুনছে। বললাম এই গরমে পৌষের গান কেন? সে বলল ‘বাবা, গরমের মধ্যে শীতের গান শুনে মনে মনে শীত লাগাচ্ছি!’ তার স্কুলটি ইংরেজি মাধ্যমের হলেও সেখানে যথেষ্ট পরিমাণে দেশীয় সংস্কৃতিচর্চা হয়ে থাকে। যুনাইরা তার এই ছোট্ট বয়সে অনেক অনেক বাংলা বই পড়ে ফেলেছে তার মধ্যে বেশ কয়েকটি আরেকটু বড় বয়সীদের জন্য ছিল। সে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বাংলা নববর্ষ, মুক্তিযুদ্ধ নানা বিষয়ে অনেক কিছু জেনে ফেলেছে। ইংরেজি মাধ্যমের স্কুলগুলোয় এখন যেকোনো দেশীয় উৎসব, জাতীয় দিবস পালন করা হয়।

শিশুর বিকাশের সময়টুকুর প্রায় এক-তৃতীয়াংশ সে স্কুলে কাটায় আবার স্কুল তার বাসার কর্মকাণ্ডের ওপরও প্রভাব পেলে। একজন শিশুকে সত্যিকারভাবে বেড়ে উঠতে হলে, আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে নিজ সংস্কৃতি জানতেই হবে। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে বেথ ম্যাশিনট নামের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক ‘দ্য ইনফ্লুয়েন্স অব কালচার অন আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট’ (শিশুর প্রারম্ভিক বিকাশে সংস্কৃতির ভূমিকা) শীর্ষক এক গবেষণাপত্র প্রকাশ করেন। সেখানে তিনি বিভিন্ন গবেষণার সূত্র উল্লেখ করে বলেন, শিশুর ভাষা শেখা, সামাজিক দক্ষতা, ধারণার জগৎ তৈরিসহ আত্মোপলব্ধির জন্য সংস্কৃতিচর্চার বিকল্প নেই। আমাদের দেশের শিশুদের যদি দক্ষÿ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হয় তবে তাদের জন্যও প্রয়োজন সংস্কৃতিচর্চা—তা সে বাংলা মাধ্যম স্কুলেই পড়ুক আর ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ুক। ইংরেজি মাধ্যমের স্কুলের বিরুদ্ধে ঢালাও অভিযোগ থাকে যে সেখানে নাকি দেশীয় সংস্কৃতির চর্চার সুযোগ নেই। কথাটি সত্য নয়। অনেক ইংরেজি মাধ্যমের স্কুলে, কোনো কোনো ক্ষেত্রে একটু বেশিই দেশীয় সংস্কৃতির চর্চা হয়ে থাকে। স্কুলটি বাংলা না ইংরেজি মাধ্যম সেটি বড় কথা নয়, জানতে হবে আপনার সন্তানের স্কুলটি দেশীয় সংস্কৃতিসংবেদী কি না। শিক্ষার সঙ্গে সংস্কৃতি সম্পৃক্তি না থাকলে শিক্ষার অসম্পূর্ণ রয়ে যাবে।
অনেক সময় স্কুলের চেয়েও মা-বাবার ধ্যানধারণা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। স্কুলে কী হচ্ছে সেটা পরের কথা, বাবা-মা নিজেরাই চান না তাঁদের সন্তান বাংলা বা দেশি সংস্কৃতি সম্পর্কে কিছু জানুক। তাঁরা ধরে রেখেছেন যে তাঁদের সন্তান অল্প কিছুদিন পরেই বিদেশ চলে যাবে, দেশীয় সংস্কৃতি জেনে তার কোনো লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট। কখনো তাঁরা দেশীয় সংস্কৃতিকে অবজ্ঞাও করতে থাকেন। কিন্তু ২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যাসি ও লিয়ার ফাউন্ডেশন পরিচালিত ‘শূন্য থেকে তিন’ শীর্ষক এক গবেষণায় বলা হয় শিশুর বিকাশে নিজস্ব সংস্কৃতিচর্চার গুরুত্ব আছে। সন্তান বিদেশ চলে গেলেও এই দেশীয় সংস্কৃতি আর মূল্যবোধের প্রয়োজনীয়তা থাকবে, নিজস্ব সংস্কৃতি মজবুত না হলে সে বিদেশের সংস্কৃতিতেও খাপ খাওয়াতে পারবে না। দেশীয় সংস্কৃতিবিমুখ শিশুরা আত্মপরিচয়ের সংকটে ভুগতে পারে, আত্মবিশ্বাস আর সামাজিক দক্ষতা কমে যেতে পারে আর ব্যক্তিত্বের সংকটসহ নানাবিধ মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারে।
দেশীয় সংস্কৃতিচর্চার কারণে শিশু যে বিষয়গুলোয় উপকৃত হয়ে থাকে তা হলো:
* ভাষার ব্যবহার
* সামাজিক দক্ষতা
* আত্মব্যক্তিক যোগাযোগ
* সমস্যা সমাধানের যোগ্যতা
* আরেকটি সংস্কৃতিতে নিজেকে মানিয়ে নেওয়ার যোগ্যতা
* পেশাজীবনে সাফল্য।
>শিশুকে দেশীয় সংস্কৃতিচর্চার জন্য যা করতে পারেন
স্কুল নির্বাচন সঠিক হতে হবে: ইংরেজি মাধ্যমের স্কুল মানেই বিজাতীয় সংস্কৃতি নয়, এটা মাথায় রাখতে হবে। কেবল ভালো ফলাফল দেখে নয় বরং স্কুলের সার্বিক বৈশিষ্ট্য দেখে স্কুল নির্বাচন করুন।
দেশীয় সংস্কৃতিকে অবজ্ঞা নয়: সন্তানের সামনে দেশীয় উৎসব, রীতি আর সংস্কৃতিকে কখনোই অবজ্ঞা করবেন না। এতে তার মধ্যে আচরণের ত্রুটি দেখা দিতে পারে।
স্কুলের অনুষ্ঠানে অংশ নেওয়া: পড়ালেখার বাইরেও আপনার সন্তানের স্কুলে নানা ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। আপনার ব্যস্ততার অজুহাতে সেগুলো এড়িয়ে যাবেন না।
কেবল পড়ার বই নয়: গুটি কয়েক পড়ার বইয়ের মধ্যে আপনার শিশুর জীবনটাকে আটকে ফেলবেন না। এর বাইরেও একটা বিশাল জগৎ আছে। অন্য বইয়ের জগৎ, সিনেমা-নাটক-গানের জগৎ। শিশুকে আগামী শতকের জন্য উপযুক্ত করতে হলে এগুলোর সঙ্গে তার পরিচয় ঘটান।
পারিবারিক মূল্যবোধ: পরিবারের মধ্যে বিজাতীয় সংস্কৃতি এড়িয়ে চলুন। চিরায়ত বাঙালি পারিবারিক মূল্যবোধের চর্চা করুন।
দায়িত্বশীল অভিভাবক হোন: প্রয়োজনে স্কুলের সঙ্গে কথা বলুন এবং স্কুলকে উৎসাহিত করুন দেশীয় সংস্কৃতিকে লালন করার জন্য।
সন্তানকে শ্রেণিবিভাজন শেখাবেন না: ‘ও বাংলা মিডিয়াম, ক্ষেত’, ‘ওরা গরিব’ ইত্যাদি বলে সাম্প্রদায়িকতা আর শ্রেণিবিভাজন বিষ সন্তানের অন্তরে প্রবেশ করাবেন না।
কূপমণ্ডূকতা পরিহার করুন: কেবল ভালো ফল আর বিদেশে পড়তে পারাটাই তার জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। আপনার স্বপ্নগুলোকে বড় করুন, সন্তানকে বড় বড় স্বপ্ন দেখতে শেখান।
সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা