সবার আগে প্রয়োজন সমন্বিত কর্মপরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৭ সালের নভেম্বরে ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর দেশের অনেক তরুণ দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসেন। এঁদেরই একজন প্রথম আলোর পিরোজপুর বন্ধুসভার সাবেক সভাপতি মশিউর রহমান। তিনি পিরোজপুর সদর, ভান্ডারিয়া, জিয়ানগর, নাজিরপুর, স্বরূপকাঠি, কাউখালী উপজেলায় দুর্গত মানুষদের ত্রাণ বিতরণের পাশাপাশি তাদের সহায়তা করেন। দুর্যোগকালীন প্রস্তুতি কেমন হওয়া উচিত, তা নিয়ে প্রথম আলো তাঁর সঙ্গে কথা বলেছে।
মশিউর রহমান
মশিউর রহমান

প্রথম আলো: আপনি তো সিডর-বিধ্বস্ত এলাকায় দুর্গত মানুষের সহায়তায় কাজ করেছেন। আপনার অভিজ্ঞতার আলোকে বলুন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি কেমন হওয়া উচিত? 
মশিউর রহমান: সিডর-বিধ্বস্ত এলাকায় কাজ করতে গিয়ে আমার যে বিষয়টি প্রথমে মনে হয়েছে তা হলো, কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে ত্রাণ বিতরণ বা উদ্ধারকাজ শুরু করার আগে একটি সমন্বিত কর্মপরিকল্পনা করা প্রয়োজন। সমন্বয়হীনতার জন্য দেখা যাচ্ছে একদল লোক বারবার ত্রাণ পেয়েছে, আবার কেউ একবারও পায়নি। প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মধ্যবিত্তরা। তারা আত্মসম্মানের কারণে না পারে ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে, না পারে নিজেদের সমস্যার কথা কারও কাছে বলতে। তাই প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী সময়ে উচিত মধ্যবিত্ত মানুষের জন্য আলাদাভাবে পরিকল্পনা করা। আমি মনে করি, ত্রাণ বিতরণকারী সব সংস্থা সমন্বয় করে কর্ম এলাকা ভাগ করে নিয়ে যদি কাজ করে, তাহলে সুষ্ঠুভাবে দুর্গত মানুষের সমস্যা সমাধান করা যাবে। আমরা প্রথম আলো বন্ধুসভা, পিরোজপুরের বন্ধুরা সিডরের পর ত্রাণ বিতরণ করতে গিয়ে দেখলাম প্রত্যন্ত এলাকায় বা দুর্গম চরে কেউই যাননি। সবাই কাছাকাছি কোনো জায়গায় ত্রাণ বিতরণ করেছেন। তাই কর্ম এলাকা যদি ভাগ করা থাকে, তবে অবশ্যই সবাই সহায়তা পাবে। আর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে শুধু খাবার বিতরণ না করে তাদের স্থায়ীভাবে পুনর্বাসন করা জরুরি।
প্রথম আলো: দুর্গত মানুষের জন্য প্রথমে কোন ধরনের সাহায্য বেশি প্রয়োজন?
মশিউর রহমান: যেকোনো প্রাকৃতিক দুর্যোগের পর সবচেয়ে বেশি নাজুক অবস্থায় থাকে নারী, শিশু ও বৃদ্ধরা। এ জন্য প্রাকৃতিক দুর্যোগ থেমে যাওয়ার পর প্রথমেই নারী, শিশু ও বৃদ্ধদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিতে হবে। এরপর তাদের জন্য বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করতে হবে। মেয়েশিশু ও নারীদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা খুবই জরুরি। যদিও তা বেশির ভাগ সময়ে করা সম্ভব হয়ে ওঠে না। এরপর যত দ্রুত সম্ভব আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা। মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা। এ ছাড়া পানিবাহিত রোগ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা।
প্রথম আলো: আশ্রয়কেন্দ্রগুলোতে কী ধরনের সমস্যা বেশি হয়?
মশিউর রহমান: আশ্রয়কেন্দ্রগুলোতে প্রথমেই যে সমস্যা হয় তা হলো পর্যাপ্ত নিরাপত্তার অভাব। এসব কেন্দ্র নারী ও শিশুবান্ধব নয়। সাধারণত স্কুল বা মাদ্রাসার ভবনগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এসব কেন্দ্রে ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি মানুষ আশ্রয় নেয়। স্বাভাবিকভাবেই এত মানুষের তুলনায় শৌচাগারের সংখ্যা কম থাকে। এতে নারী ও মেয়েশিশুরা অনেক সমস্যায় পড়ে।
প্রথম আলো: সহায়তা করতে গিয়ে আপনি কী কী সমস্যায় পড়েছেন?
মশিউর রহমান: একটি আঞ্চলিক প্রবাদ আছে ‘অভাবে স্বভাব নষ্ট’। ত্রাণ সহায়তা করতে গিয়ে প্রতিবার যে কথাগুলো বেশি শুনেছি তা হলো ‘সে অনেক পেয়েছে আমি কিছুই পাইনি।’ আবার অনেক দুর্গত এলাকায় অন্যের সাহায্য নিয়ে সেখানে গিয়ে নিজের নামে প্রচার করতে চেয়েছে। ফলে অনেক সময় ত্রাণ বিতরণ না করে ফিরে আসতে হয়েছে।
প্রথম আলো: আপনার কি মনে হয় না যে দুর্যোগ-পরবর্তী সৃষ্ট অসুবিধা মোকাবিলায় সরকারের আরও বেশি করে উদ্যোগ নেওয়া প্রয়োজন?
মশিউর রহমান: দুর্যোগ-পরবর্তী সৃষ্ট অসুবিধা মোকাবিলায় সরকারের আরও বেশি উদ্যোগ নেওয়া উচিত। কারণ, বেসরকারি সংস্থাগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ত্রাণ বিতরণ করে। কিন্তু ঘূর্ণিঝড় বা অন্য যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিক্ষতির প্রভাব সুদূরপ্রসারী। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্থায়ীভাবে পুনর্বাসন করা, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের দায়িত্ব। এরপর সরকারি ত্রাণ বিতরণ কাজে যাঁরা জড়িত থাকেন, তাঁদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করাও সরকারের আরেকটি কাজ। এ ক্ষেত্রে শুধু অগ্নিনির্বাপণকর্মী বা পুলিশসদস্যদের ওপর নির্ভর না করে সরকার স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে কাজ করতে পারে।
প্রথম আলো: দুর্যোগ-পরবর্তী সৃষ্ট সমস্যা মোকাবিলায় তরুণেরা কী ধরনের ভূমিকা পালন করতে পারে?
মশিউর রহমান: যেকোনো দুর্যোগে আমাদের দেশের তরুণেরা সব সময়ই সবার আগে ঝাঁপিয়ে পড়ে। তরুণেরাই পারে সব বাধাবিপত্তি অতিক্রম করে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় যেসব সরকারি ও বেসরকারি সংস্থা এগিয়ে আসে তারা তরুণদের কাজে লাগাতে পারে।
সাক্ষাৎকার নিয়েছেন সুচিত্রা সরকার