সবার আগে মাজেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক (সম্মান) কোর্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন মো. আবদুল মাজেদ পাটোয়ারী। চার বছর মেয়াদি স্নাতক কোর্সে সিজিপি-৪ পয়েন্টের মধ্যে মাজেদ পেয়েছেন ৩ দশমিক ৭৯।মাজেদ জানান, প্রথম হওয়ার পেছনে টার্নিং পয়েন্ট হিসেবে তিনি নিয়মিত লেখাপড়ার বিষয়টিকে বড় করে দেখেছেন। এর সঙ্গে অবশ্যই আড্ডা দেওয়াকে তুলে ধরতে ভোলেননি তিনি।শহরের মেস থেকে বের হয়ে ষোলশহর স্টেশনে চলে আসেন। এরপর সকাল সাড়ে সাতটার শাটল ট্রেন ধরে সোজা ক্যাম্পাসে। তারপর নাশতা। নাশতায় থাকে তিনটি পরোটা আর একটু ডালভাজি। ব্যস। নাশতা শেষে সোজা চলে যান নিজের রসায়ন বিভাগে। ক্লাস শেষ হতে বেলা দুইটা। ব্যবহারিক ক্লাস থাকলে কখনো পাঁচটা। চাকসু ক্যাফেতে গিয়ে দুপুরের খাবার খান। খাবারের বেলায় মুরগি বা সবজি। তারপর ঝুপড়িতে গিয়ে বন্ধুদের সঙ্গে প্রাণখুলে আড্ডা আর হইচই। আড্ডার পর মাজেদ চলে যান গ্রন্থাগারে। সেখানে তিনি ক্লাসের পড়াগুলো বিভিন্ন বইয়ে খুঁজতে শুরু করেন। এরপর সন্ধ্যা হলে নিজের কক্ষে ফিরে খানিক বিশ্রাম নেন। তারপর একটু গান শুনে মনটাকে হালকা করার চেষ্টা করেন। মাজেদ লেখাপড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিনার ও কনফারেন্স আয়োজনের সঙ্গে জড়িত। তার মানে সংগঠক। তিনি রসায়ন সমিতির সহ-সভাপতিরও দায়িত্ব পালন করছেন।এবার একটু ব্যক্তিগত প্রশ্ন করি? মাজেদ খানিকটা ঘাবড়ে গেলেন। প্রেম করেন? মাজেদ একটু লজ্জা পেলেন। তারপর বললেন, ‘প্রেম ছাড়া মানুষ বাঁচে নাকি?’ আপনার জীবনের লক্ষ্য কী?—‘লক্ষ্য আমার একটাই। আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হতে চাই। এ জন্য নিজেকে প্রস্তুত করছি।’