সবার আগে মায়ের যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন নারী গর্ভধারণের পর তাঁর প্রতি পরিবারের দায়িত্ব অনেক বেড়ে যায়। পরিবারকে নিরাপদ মাতৃত্ব সম্পর্কে সচেতন হতে হবে। গর্ভধারণের শুরু থেকেই চিকিৎসকের পর্যবেক্ষণে থাকা দরকার। ছবিতে মায়ের নাম নাছমুন নাহার। চলতি বছরের মা দিবসে তিনি প্রথম সন্তানের মা হন। ছবিটি গত ৮ মে নগরের আন্দরকিল্লার জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল থেকে তোলা l প্রথম আলো
একজন নারী গর্ভধারণের পর তাঁর প্রতি পরিবারের দায়িত্ব অনেক বেড়ে যায়। পরিবারকে নিরাপদ মাতৃত্ব সম্পর্কে সচেতন হতে হবে। গর্ভধারণের শুরু থেকেই চিকিৎসকের পর্যবেক্ষণে থাকা দরকার। ছবিতে মায়ের নাম নাছমুন নাহার। চলতি বছরের মা দিবসে তিনি প্রথম সন্তানের মা হন। ছবিটি গত ৮ মে নগরের আন্দরকিল্লার জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল থেকে তোলা l প্রথম আলো

মাতৃত্ব একজন নারীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। সন্তান ধারণ থেকে শুরু করে সন্তানের পৃথিবীর আলোর মুখ দেখা পর্যন্ত একজন মাকে বিভিন্ন শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়।এ সময় মায়ের বিশেষ যত্নের বিকল্প নেই। অন্তঃসত্ত্বা মায়ের শুধু শারীরিক যত্নই নয়, এ সময় চাই মানসিক সুস্থতাও।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, পরিকল্পিতভাবে সন্তান নেওয়া গেলে তা মা ও শিশু দুজনের জন্যই নিরাপদ। যেমন সন্তান ধারণের আগে মায়ের শরীরের কিছু প্রয়োজনীয় পরীক্ষা যেমন ডায়াবেটিস, থাইরয়েড, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ পরীক্ষা করে নিতে হবে। বংশগত কোনো রোগ থাকলে এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সন্তান ধারণের তিন মাস আগে থেকে নিয়মিত ফলিক অ্যাসিড খেতে হবে। বিশেষ করে একটু বেশি বয়সী মায়ের জন্য তো এটি খুবই প্রয়োজন।

ফলিক অ্যাসিড শিশুর বিভিন্ন জন্মগত শারীরিক ত্রুটির ঝুঁকি কমায়। এ ছাড়া সুষম খাবারের অভ্যাস করতে হবে।

একজন নারী গর্ভধারণের পর তাঁর প্রতি পরিবারের দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যায়। মায়ের পাশাপাশি বাবা ও পরিবারকে নিরাপদ মাতৃত্ব সম্পর্কে সচেতন হতে হবে। গর্ভধারণের শুরু থেকেই চিকিৎসকের পর্যবেক্ষণে থাকা দরকার। এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সাহানারা চৌধুরী বলেন, সম্ভব হলে প্রতি মাসেই একজন অন্তঃসত্ত্বা মায়ের চিকিৎসকের কাছে যাওয়া উচিত। বিশেষ করে কারও যদি জটিলতা থাকে তাঁকে তো অবশ্যই নিয়মিত পরামর্শ নিতে হবে। এমনিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী একজন অন্তঃসত্ত্বা নারীকে অবশ্যই কমপক্ষে চারবার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই চারবার হচ্ছে যথাক্রমে ১৬, ২৮, ৩২ ও ৩৬ সপ্তাহে।

সাহানারা চৌধুরী বলেন, শারীরিক প্রস্তুতির সঙ্গে সঙ্গে মানসিক প্রস্তুতিটাও খুব জরুরি। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে সন্তান প্রসব পর্যন্ত সময়টা বেশ দীর্ঘ। এ সময় মায়ের পুষ্টির দিকে নজর দিতে হবে। প্রতিদিন রাতে আট ঘণ্টা ও দুপুরে খাবার পর দুই ঘণ্টা ঘুম দরকার। ভারী কাজ করা যাবে না। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। হালকা ব্যায়াম করতে হবে। প্রস্রাবের সংক্রমণ এড়াতে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। অন্তঃসত্ত্বা মায়েরা যাতে কোষ্ঠকাঠিন্যে না ভোগেন, সে জন্য আঁশযুক্ত খাবার খেতে হবে।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, গর্ভ অবস্থার প্রথম তিন মাস বেশি সচেতন থাকা উচিত। কারণ এ সময়ে গর্ভপাতের ঝুঁকি থাকে। ১৩ সপ্তাহের পর থেকে নিয়মিত কিছু পরীক্ষা দরকার।

গর্ভকালীন সময়ে মায়ের সুষম খাবারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে জানান চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টি কর্মকর্তা হাসিনা আকতার। তিনি বলেন, আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন ও আয়োডিন যাতে পর্যাপ্ত পরিমাণে মায়ের শরীরে যায়, সে দিকে অবশ্যই লক্ষ রাখতে হবে। কারণ একজন সুস্থ মা-ই একজন সুস্থ শিশু জন্ম দিতে পারবেন।

শিশুর প্রসবের আগে থেকেই পরিবারের সবাইকে অর্থনৈতিক ও মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে।

শিশুর জন্ম কোথায় হবে, জন্মের পর তাকে কোথায় রাখা হবে এগুলো আগে থেকেই নির্বাচন করে রাখা জরুরি। বাড়িতে প্রসবের ব্যবস্থা করলে আগে থেকেই প্রশিক্ষিত ও দক্ষ ধাত্রীর ব্যবস্থা করতে হবে। গর্ভাবস্থায় ও প্রসবের সময় সতর্ক থাকতে হবে বিপদ চিহ্ন সম্পর্কে। এই বিপদ চিহ্নের কয়েকটি হচ্ছে যোনিপথে রক্তপাত, প্রচণ্ড জ্বর, শরীরে খুব বেশি পানি আসা, চোখে ঝাপসা দেখা, অবিরাম বমি, গর্ভকালে বা প্রসবের সময় খিঁচুনি হওয়া। এর একটি চিহ্ন দেখা গেলে এক মুহূর্তও দেরি না করে হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে নিয়ে যেতে হবে। অন্তঃসত্ত্বা মায়ের রক্তের গ্রুপ অনুযায়ী রক্তদাতার ব্যবস্থা করে রাখতে হবে।