পরশুরাম পৌরসভার নবনির্বাচিত মেয়র সাজেল চৌধুরী বলেন, ‘পরশুরাম পৌরসভা একটি অবহেলিত ও সুবিধাবঞ্চিত এলাকা। সবার আগে এসব এলাকার উন্নয়নের কাজ শুরু করব।’ তিনি জানান, পৌরবাসীর জন্য অত্যন্ত সুখবর হচ্ছে ইউজিপ প্রকল্প-২-এর আওতায় আগামী অর্থবছরে পরশুরাম পৌরসভার নয়টি ওয়ার্ডে প্রায় পাঁচ কোটি টাকার উন্নয়নকাজ শুরু হবে। এসব কাজের মধ্যে রাস্তাঘাট , পুল-কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করা হবে। তিনি বলেন, ‘পরশুরামের বিপুলসংখ্যক যুবক কর্মসংস্থানের জন্য সর্বস্ব বিক্রি করে বিদেশে যায়, কিন্তু কোনো প্রশিক্ষণ না থাকার কারণে আশানুরূপ সফলতা পায় না। তাদের বিভিন্ন কাজে দক্ষ করে গড়ে তুলতে একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হবে।’ মেয়র বলেন, তাঁর বড় ভাই আলাউদ্দিন চৌধুরী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা এবং তাঁর খুবই আস্থাভাজন। তিনি শুরুতেই বেশ কিছু উন্নয়ন প্রকল্প অনুমোদন করিয়ে নিয়েছেন । তিনি বলেন, পরশুরামে সবচেয়ে বড় সমস্যা মাদক। সীমান্তবর্তী হওয়ায় ভারত থেকে বিভিন্ন ধরনের মাদক আসার কারণে এখানকার বিশাল একটি যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, পরশুরাম পৌরসভার উন্নয়ন বলতে তেমন কিছুই হয়নি। দীর্ঘ নয় বছর অতিবাহিত হলেও পৌরসভায় এখনও পর্যন্ত বাস, ট্রাক, সিএনজির নির্ধারিত কোনো স্ট্যান্ড নেই, নেই পর্যাপ্ত গনশৌচাগার, ড্রেনেজ ও পানি নিষ্কাশণের ব্যবস্থা, স্ট্রিট-লাইট, ডাস্টবিন, বিনোদন পার্ক, মিলনায়তন। পৌর এলাকার এক-তৃতীয়াংশে এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। ধারবাহিকভাবে সকল সমস্যার সমাধান এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।২০০১ সালের ২২ এপ্রিল পরশুরাম সদর ইউনিয়নের নয়টি ওয়ার্ডকে পৌরসভা ঘোষণা করা হয় ।