সবার আগে ‘অন্ন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় বিশ্বে অন্যতম প্রধান সমস্যা হলো খাদ্যের অনিশ্চয়তা। আর এই সমস্যা সমাধানে কাজ করবে এই দলটি। কীভাবে? আনিকা তাসনিম বলেন, ‘আমরা যদি দেশের গ্রামাঞ্চলগুলোর দিকে তাকাই তবে দেখতে পাব, সেখানে খাবারের দাম শহরের তুলনায় অনেক কম। তাই শুধু এই কমদামি খাবারটা সরবরাহ করতে পারলেই শহরের বস্তি এলাকার মানুষের খাদ্যের নিশ্চয়তা প্রদান করা সম্ভব।’‘হাল্ট প্রাইস ২০১৩’-এর আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১ ও ২ মার্চ, যেখানে অংশ নেয় ৫৭টি দেশের ৬৯টি দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থীরা সামাজিক ব্যবসার প্রকল্প ‘অন্ন’ তৈরি করে আঞ্চলিক পর্যায়ে রানাসআপ হওয়ার গৌরব অর্জন করেন। দলের সদস্যরা হলেন: আনিকা তাসনিম, নাফিসা ইকবাল, তানজির সিদ্দিকি, জারিন তাসনিম ও খালেদ আল মাসফিক।‘বিষয়টা আরেকটু খোলাসা করা যাক। আমরা সবজি, মাছ, মাংস কিনব শহরের বাইরে থেকে। আর তা শহরে এনে প্রক্রিয়াজাত করব। এই প্রক্রিয়াজাতের সঙ্গে যুক্ত থাকবে সেই বস্তি এলাকার মানুষেরাই। ফলে তাদের আয়ের উৎসও তৈরি হবে। আমরা যেহেতু কমদামে খাবার সরবরাহ করতে পারব, তাই সুষম খাবারের ঘাটতিও পূরণ করা সম্ভব।’ যুক্ত করলেন নাফিসা ইকবাল।এই ভাবনা এল কার মাথা থেকে, এমন প্রশ্নে সবার চোখ তখন আনিকা তাসনিমের দিকে। সাবলীল উত্তর তাঁর, ‘কেউ না কেউ তো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধত। সেটা না-হয় আমিই করলাম।’তানজির সিদ্দিকি ও জারিন তাসনিম জানান, প্রকল্প তৈরিতে কম কাঠখড় পোড়াতে হয়নি তাঁদের। পুরো দুই মাস তাঁরা শুধু তথ্য সংগ্রহ করেছেন।এখন বেশ তৃপ্তি তাঁদের চোখে-মুখে। প্রত্যাশা এই প্রকল্প বদলে দেবে শহর এলাকার অনগ্রসর মানুষের জীবন এবং এর মাধ্যমে উদ্যোক্তা হয়ে উঠবেন তাঁরা।