সবার ওপরে প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মাত্র এক মিটারের কিছু বেশি জলপ্রবাহ। সেটি দুই গ্রামের বাসিন্দাদের আলাদা করে দিয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় ওই দুই গ্রামের বাসিন্দাদের বিরোধ কমপক্ষে ৩০০ বছরের পুরোনো। তবে সম্প্রতি তাদের মধ্যকার অদৃশ্য দেয়াল বিলীন হয়েছে। কারণ, আর কিছু নয়—ভালোবাসা।
ফুজিয়ান প্রদেশের উশান এবং ইয়েপু গ্রামের বাসিন্দা সাকল্যে সাড়ে সাত হাজার। তাঁরা তিন শতক ধরে অদ্ভুত এক ঐতিহ্য মেনে চলতেন। নদীর এপারের গ্রামের কারও সঙ্গে ওপারের গ্রামটির কারও বিয়ে নিষিদ্ধ!
উশানের কমিউনিস্ট পার্টির নেতা ওয়াং হংদং বলেন, ‘বিয়েতে কোত্থেকে এমন বিধিনিষেধ এল, সেটা সবাই ভুলে গেছে। আমরা শুধু জানি, নদীর পানির অধিকার নিয়ে প্রায় ৩০০ বছর ধরে আমরা দুই গ্রামের বিরোধ জিইয়ে রেখেছি।’
এই বিরোধ থেকেই একটা অমঙ্গল আশঙ্কার জন্ম। আর সেটা হলো বৈরী দুই গ্রামের নারী-পুরুষের বিয়ে হলে সেটা কেবলই দুর্ভাগ্য ডেকে আনবে। সে কারণেই শত্রুতাটা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রবাহিত হয়েছে।
ওয়াং বলেন, ৪০ বছর আগে দুই গ্রামের বাসিন্দারা কবর নিয়েও লড়াই করেছে। তারপর সম্পর্কটা একটা মীমাংসার দিকে এগোতে শুরু করে, বিশেষত গত ১০ বছরে। দুই গ্রামের মানুষ মিলে একটা জুতার কারখানা গড়ে তোলে। তরুণেরাই এমন উদ্যোগের মূলে রয়েছেন।
তারপরও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিয়ে বন্ধ ছিল। শেষ পর্যন্ত ইয়েপুর এক তরুণী প্রেমে পড়েন উশানের এক তরুণের। এটা বছর তিনেক আগের ঘটনা। ওয়াং বলেন, দুই পরিবার অমঙ্গল আশঙ্কার কথা ভেবে বিরোধিতা করে। তখন ওই যুগল নিজেরাই বিয়েটা সেরে নেন। পরিণামে তঁাদের ফুজিয়ান ছাড়তে বাধ্য করা হয়। বাড়ি থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে অন্য প্রদেশে গিয়ে তাঁরা ঘর বাঁধলেন।
২০১৫ সালে ওই যুগল ঘরে ফেরে। তরুণটি বাড়িতে বিবাহবার্ষিকীও পালন করেন। কিন্তু এতে ওই তরুণীর মা-বাবা অংশ নিতে রাজি হননি। কিন্তু তরুণী যখন দুটি ফুটফুটে সন্তানের জন্ম দিল,
দুই গ্রামের লোকজনের ভুল ভেঙে যায়। তারা সেই পুরোনো অমঙ্গল আশঙ্কা অমূলক বলে বিশ্বাস করতে শুরু করে।
পুনর্মিলন উদ্যাপন এবং বিবাহের ওপর নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার জন্য দুই গ্রামের মানুষ চলতি সপ্তাহে স্থানীয় বৌদ্ধ এবং কমিউনিস্ট নেতাদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রায় ৫০০ জন উপস্থিত ছিল।