
দীঘিনালার অনাথ আশ্রম পশ্চিমপাড়া। এই গ্রামে বসবাস করে এক শ পরিবার। কিন্তু এই গ্রামে যাওয়ার রাস্তা নেই। পাহাড়ের পাদদেশে চলাচল করে গ্রামবাসী। আধা কিলোমিটারের একটি সড়ক করে দিতে জনপ্রতিনিধিসহ সরকারি দপ্তরে ধরনা দিয়েছে বাসিন্দারা। সবাই আশ্বাস দিলেও কেউ কথা রাখেনি। শেষে গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমে নিজেরাই সড়ক নির্মাণকাজে নেমে পড়েছেন।
৩ ফেব্রুয়ারি শুরু হয় সড়কের নির্মাণকাজ। কাজ চলছে প্রতি শুক্রবার। এই গ্রামটি মেরুং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
৩ ফেব্রুয়ারি সকালে অনাথ আশ্রম এলাকায় গিয়ে দেখা যায়, ২০ থেকে ২৫ জনের দল কাজ করছে। এই দলে বয়স্ক ব্যক্তি থেকে স্কুলছাত্ররাও রয়েছে। কেউ কোদাল দিয়ে মাটি কাটছেন, কেউ ঝুড়িতে করে মাটি নিয়ে ফেলছেন অন্য স্থানে।
গ্রামের বাসিন্দা ও অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ের দপ্তরি নুরুল ইসলাম (৬৫) বলেন, ছেলে-বুড়ো সবাই অংশ নিয়েছে কাজে। পালাক্রমে শ্রম দিয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।
সড়ক নির্মাণকাজে অংশ নেওয়া ইউনুছ ঘরামী (৫৫), হারুন বেপারী (৫৫), তাহেরুল ইসলাম (৩২), জিয়াউর রহমান (২২), লিয়াকত আলী (৫০) ও মামুন ইসলাম (৩০) বলেন, ‘সামান্য আধা কিলোমিটার রাস্তা না থাকায় আমাদের গ্রামটি পিছিয়ে রয়েছে। কেউ এ গ্রামের বাসিন্দাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্কও করতে চায় না। ছেলেমেয়েরা স্কুলে যেতে কষ্ট হয়। কয়েক বছর ধরে রাস্তা নির্মাণের জন্য মেম্বার-চেয়ারম্যানদের কাছে অনেক চেষ্টা তদবির করেছি। কিন্তু রাস্তা হয়নি। ফলে নিজেরাই রাস্তাটি নির্মাণ করছি।’
অনাথ আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ বলেন, অনাথ আশ্রম পশ্চিমপাড়া এলাকা থেকে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী বিদ্যালয়ে আসে। কিন্তু রাস্তা না থাকায় বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে খুব কষ্ট হয়।
মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য ঘনশ্যাম ত্রিপুরা বলেন, ‘গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণের বিষয়টি আমি শুনেছি। এটি খুবই ভালো উদ্যোগ। আমি ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রামবাসীর নির্মাণ করা রাস্তাটি ইট বিছানোর ব্যবস্থা করে দেব।’