
এখন সময়টা ইন্টারনেটের। ইন্টারনেটের আলোয় আলোকিত হচ্ছে সারা বিশ্ব। দেশের স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের আলোর এই নতুন পথটা চিনিয়ে দিতেই দেশজুড়ে ‘ইন্টারনেট উৎসব’-এর এই আয়োজন।
স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট সম্পর্কে মৌলিক ধারণা দিতে এবং এ বিষয়ে তাদের মধ্যে আগ্রহ ও সচেতনতা তৈরির লক্ষ্যে ২০১১ সালে গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে শুরু হয় দেশব্যাপী ইন্টারনেট উৎসব। এখন চলছে তৃতীয় উৎসব আয়োজনের প্রস্তুতি। গত দুটি উৎসবে দেশের ২২৩টি অঞ্চলে ইন্টারনেট উৎসবের আয়োজন হয়েছে। অংশ নিয়েছে প্রায় আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে আট লাখের বেশি শিক্ষার্থী।
গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে সরকারের শিক্ষা এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি আমরা সঙ্গে পেয়েছি গুগল, ফেসবুক, নকিয়া, উইকিপিডিয়া আর অপেরার মতো প্রযুক্তিবিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্র্যান্ডগুলোকে।
ইন্টারনেট উৎসবে ইন্টারনেট ব্যবহারের মৌলিক কিছু নিয়মকানুন হাতেকলমে দেখানো ছাড়াও ফোন বা কম্পিউটারে ইন্টারনেট সংযোগের তাৎক্ষণিক সেবাও দেওয়া হয়। পাশাপাশি ধারণা দেওয়া হয় ইন্টারনেটে কী করা যাবে, কী করা উচিত নয়, তা নিয়েও। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় অংশ আই-জিনিয়াস প্রতিযোগিতা। আঞ্চলিক প্রতিটি উৎসবে একজন করে আই-জিনিয়াস নির্বাচন করা হয়। তাদের মধ্য থেকে জাতীয় উৎসবে নির্বাচিত করা হয় একজন ‘আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার’।
প্রথম আলো বন্ধুসভার সহায়তায় আই-জিনিয়াসরা নিজ স্কুলসহ আশপাশের কয়েকটি স্কুলে ‘আইক্যাম্প’ শিরোনামে ইন্টারনেট কর্মশালা এবং প্রতিবেশীদের মধ্যে ‘স্প্রেড দ্য লাইট’ পরিচালনা করছে। ‘স্প্রেড দ্য লাইট’ শিরোনামে এই আলোর মিছিলে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন মুখ। নতুন দিনের আলোকের এই অভিযাত্রায় সবাইকে স্বাগত।
একনজরে
মোট আয়োজন: ২ (২০১১-২০১২)
মোট অনুষ্ঠান: ২২৩
মোট অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান: দুই হাজার ৫১১
মোট অংশগ্রহণকারী: সাড়ে আট লাখ
মোট প্রতিযোগী: ২৯ হাজার
মোট বিজয়ী: ২২৩
মোট চূড়ান্ত বিজয়ী: দুই
আয়োজক: প্রথম আলো ও গ্রামীণফোন
সহযোগী: শিক্ষা মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়,
অপেরা মিনি, গুগল, উইকিপিডিয়া, নকিয়া, চ্যানেল আই, রেডিও ফুর্তি
জাবেদ সুলতান
সহকারী ব্যবস্থাপক, ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন, প্রথম আলো