সবার জন্য উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দশম শ্রেণিতে পড়ার সময় বাবা মারা যান। এসএসসি পাস করে সংসারের হাল ধরতে একটি ফার্মেসিতে বিক্রয়কর্মীর চাকরি নিই। ভেবেছিলাম পড়াশোনাটা আর হবে না। পরে এক বন্ধুর পরামর্শে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। এখন আমি বিবিএ পড়ছি।’বলছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি), চট্টগ্রাম কেন্দ্রের বিবিএ চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী অভিজির‌্যা শীল। শুধু অভিজির‌্যাই নন, জীবনের বিভিন্ন পর্যায়ে যাঁরা নানা কারণে নিয়মিত পড়ালেখা করতে পারেননি তাঁদের জন্য শিক্ষার দ্বার খুলে রেখেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। জানা গেছে, বাউবি, চট্টগ্রাম কেন্দ্রের অধীনে পাঁচটি জেলায় ১১০টি স্টাডি সেন্টারের মাধ্যমে ৪০ হাজারের বেশি শিক্ষার্থী পড়ালেখা করছেন। এখানে অধ্যয়নরত বেশির ভাগ কর্মজীবী। সপ্তাহে শুধু শুক্রবারে ক্লাস হওয়ায় চাকরির পাশাপাশি এখানে পড়ালেখার সুযোগ পাওয়া যায়।স্নাতক ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মুন্নী বড়ুয়া বলেন, ‘পরিবারের হাল ধরতে আমি একটি বেসরকারি সংস্থায় চাকরি করি। পাশাপাশি শুক্রবার অফিস না থাকায় এখানে স্নাতকে পড়ছি। এতে আমার পদোন্নতি পেতে সুবিধা হবে।’বিএসএস তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সোহেল হোসেন জানান, ‘এসএসসি পাসের পর সেনাবাহিনীতে যোগ দিই। বন্ধুরা অনেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে ভেবে মন খারাপ হতো। এখন আমিও এখান থেকে স্নাতক করছি। এটি চাকরিতেও কাজে লাগবে।’ তবে নগরীর সিআরবি এলাকায় পাহাড়ের কোলে অবস্থিত এ ক্যাম্পাসে পড়ালেখার ব্যাপারে কিছু সমস্যার কথাও জানালেন একাধিক শিক্ষার্থী। পরীক্ষার ফল প্রকাশে দীর্ঘসূত্রতা, ফলে অসামঞ্জস্য, কম ক্লাস, বর্ধিত টিউশন ফি এবং সনদপত্রের যথাযথ মূল্যায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। বিবিএ চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী মো. সাইফুল্লাহ চৌধুরী বলেন, ‘চতুর্থ সেমিস্টারে ভর্তি হলেও আমরা এখনও দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টারের ফল পাইনি। তুলনামূলক টিউশন ফি বেশি দিলেও আমাদের এক সেমিস্টারে ক্লাস হয় মাত্র ১২টি। ফলে তা চাকরির বাজারে যথাযথ মূল্যায়ন হয় না।’জানতে চাইলে বাউবি, চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড. মো. আজিজুল হক বলেন, ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মূলত দূর শিক্ষণ পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়। এটি ক্লাস নির্ভর নয়। আমরা মানসম্পন্ন শিক্ষা দিয়ে থাকি। তাই সনদপত্রের যথাযথ মূল্যায়নই হওয়ার কথা।’ জানা গেছে, বাউবির মোট ২৮টি প্রোগ্রাম চালু থাকলেও বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রে ২৩টি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হয়। এ প্রসঙ্গে উপআঞ্চলিক পরিচালক বদরুল হায়দার চৌধুরী বলেন, ‘বেশ কিছু প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েও আমরা শিক্ষার্থী পাইনি। তাই আপাতত ওসব প্রোগ্রামে ভর্তি করা হচ্ছে না।’