সবার জন্য এক উদ্যোগ
শিক্ষার মাধ্যম হিসেবে ইন্টারনেট জনপ্রিয় হয়ে উঠছে, উন্মুক্ত হচ্ছে জ্ঞানের দরজা। বিশ্বের সর্ববৃহৎ বিশ্বকোষউইকিপিডিয়া প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে আর কোটি কোটি মানুষের জ্ঞানতৃষ্ণা মিটিয়ে চলেছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-শিক্ষকদের কেউ কেউ নিয়মিতই উপকৃত হন এমআইটি ওপেন কোর্সওয়্যার থেকে। খান একাডেমিতে স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে অসংখ্য ভিডিও বক্তৃতা। এ ছাড়া বিচ্ছিন্নভাবে আরও অনেক বিষয়ের ওপর ভিডিও দেখা যায় ইউটিউবে। আবার অনেক লেখকই তাঁদের বই উন্মুক্ত করে দিচ্ছেন ইন্টারনেটে। এভাবে যখন একের পর এক উদ্যোগে খুলে যাচ্ছে জ্ঞানের দরজা, দূর হচ্ছে জ্ঞানবৈষম্য, সে সময় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং নিয়েছে এক সাহসী উদ্যোগ, যাকে তারা বলছে ‘আ বোল্ড স্টেপ টুওয়ার্ডস ডিস্ট্রিবিউটেড এডুকেশন’।গত বছরের অক্টোবর মাস থেকে ১০ সপ্তাহ মেয়াদি তিনটি অনলাইন কোর্স পরিচালনা করেছে তারা— কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ডেটাবেইসের ওপর। কোর্সগুলো ছিল বিনা মূল্যের। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শুরুতেই ব্যাপক সাড়া জাগায় স্ট্যানফোর্ডের এই উদ্যোগ। প্রতিটি কোর্স ছিল দুই ভাগে বিভক্ত: সাধারণ (বেসিক ট্র্যাক) আর অগ্রসর (অ্যাডভান্স ট্র্যাক)। সাধারণ বিভাগের শিক্ষার্থীদের কেবল ভিডিও বক্তৃতা দেখতে ও শুনতে হয় আর অগ্রসর বিভাগে শিক্ষার্থীদের সেই সঙ্গে বাড়ির কাজ করতে হয় এবং পরীক্ষা দিতে হয়।কৃত্রিম বুদ্ধিমত্তা কোর্সটি পরিচালনা করেন পিটার নরভিগ ও সেবাস্টিয়ান থ্রুন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: আ মডার্ন অ্যাপ্রোচ নামের জনপ্রিয় বইয়ের লেখকদের একজন হলেন পিটার নরভিগ। তিনি বর্তমানে গুগলের গবেষণা পরিচালক। সেবাস্টিয়ান থ্রুন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রোবোটিকস ও মেশিন লার্নিংয়ের ওপর কাজ করছেন। গুগলের মানুষ ছাড়া গাড়ির প্রকল্পেও তিনি কাজ করছেন। তাঁরা দুজন মিলে বেশ চমৎকারভাবে কোর্সটি পরিচালনা করেন। ১০ সপ্তাহের এই কোর্সে প্রতি সপ্তাহে ছিল ভিডিও বক্তৃতা আর বাড়ির কাজ। ছিল মিডটার্ম ও ফাইনাল পরীক্ষা যা অনলাইনেই অনুষ্ঠিত হয়। আর শিক্ষার্থীদের আলোচনার জন্য ছিল আলাদা ফোরাম। কোর্সের শেষে সবাইকে ই-মেইলের মাধ্যমে সার্টিফিকেট দেওয়া হয়। তবে কোর্স শেষে সেরা পাঁচ শতাংশ শিক্ষার্থীর জন্য ছিল এক বিশেষ চমক। তাঁদের আলাদাভাবে ই-মেইল করে জীবনবৃত্তান্ত চাওয়া হয়, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দক্ষতাসম্পন্ন প্রোগ্রামারদের ব্যাপক চাহিদা রয়েছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে। বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী সেরা পাঁচ শতাংশের মধ্যে ছিলেন, তাঁদের একজন হলেন আশিক জিন্নাত খান।যিনি বর্তমানে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে মুক্ত সফটওয়্যার লিমিটেডে কাজ করছেন।‘বুয়েটে (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) পড়ার সময় এই কোর্সটি করলেও এখানে কোর্সটি করতে গিয়ে অনেক নতুন জিনিস জানতে পেরে খুব ভালো লাগছে। তবে কিছু প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট থাকলে আরও ভালো হতো।’ মন্তব্য আশিকের। তিনি মেশিন লার্নিং কোর্সটিও সম্পন্ন করেন। কোর্সগুলোতে অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকেই ছিলেন বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবী। চাকরির পাশাপাশি লেখাপড়া করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয়েছে কি না জানতে চাইলে আশিক বলেন, ‘প্রতি সপ্তাহেই যেহেতু দুটি কোর্সের হোমওয়ার্ক আর অ্যাসাইনমেন্ট জমা দিতে হতো, তাই প্রায়ই বাড়তি চাপ তৈরি হতো। তবে সেই চাপটাকে বরং উপভোগই করেছি।’কম্পিউটার বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রায়োগিক ক্ষেত্রে বহুল ব্যবহূত বিষয় হচ্ছে ডেটাবেইস। স্ট্যানফোর্ডের কম্পিউটার বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জেনিফার উইডম পরিচালনা করেন ডেটাবেইস কোর্সটি। তাঁর বক্তব্যগুলো ছিল বেশ গোছানো এবং উপভোগ্য। রিলেশনাল মডেল, রিলেশনাল অ্যালজেবরা, স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আধুনিক নো-এসকিউএল সিস্টেম নিয়েও আলোচনা হয়। কোর্সের বিষয়বস্তু এমনভাবে সাজানো ছিল, যাতে জ্ঞান অর্জন নয়, অর্জিত জ্ঞানের প্রয়োগও শিক্ষার্থীরা করতে পারে। নিয়মিত কুইজ, অ্যাসাইনমেন্ট ও পরীক্ষা ছিল কোর্সটিতে। তবে কোর্সগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল মেশিন লার্নিং। প্রথম সপ্তাহ থেকেই শিক্ষার্থীদের হূদয় কেড়ে নেন অধ্যাপক অ্যান্ড্রু এন্গ। বয়সে তরুণ এই শিক্ষক স্ট্যানফোর্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবের পরিচালক। শিক্ষকতা ছাড়াও মেশিন লার্নিং নিয়ে শিল্পপ্রতিষ্ঠানে কাজ করার প্রত্যক্ষ অভিজ্ঞতাসম্পন্ন প্রফেসর অ্যান্ড্রু তাঁর কোর্সটিকে চমৎকারভাবে ঢেলে সাজান। মেশিন লার্নিংয়ের মতো জটিল বিষয় তিনি অত্যন্ত সহজভাবে উপস্থাপন করেন এবং বিভিন্ন বিষয়ের তত্ত্ব পড়ানোর পাশাপাশি নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতাও ভাগাভাগি করেন। এই কোর্সে কোনো পরীক্ষা ছিল না। তবে প্রতি সপ্তাহে ছিল প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট ও কুইজ। প্রোগ্রামিং অ্যাসাইনমেন্টের বেশির ভাগই ছিল বাস্তব সমস্যা-সংক্রান্ত। সারা বিশ্বের অনেকের সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও বেশ কয়েকজন কোর্সটি সফলভাবে সম্পন্ন করেন। তাঁদের মধ্যে একজন হলেন সফটওয়্যার প্রকৌশলী সাব্বির ইউসুফ (এসিএম আইসিপিসি ২০০৭ ও ২০০৮ সালে চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী)। ‘বর্তমান বিশ্বে মেশিন লার্নিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত দরকারি একটি বিষয়ে চমৎকার কোর্সের জন্য প্রথমেই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক অ্যান্ড্রুকে ধন্যবাদ। আর আমাদের দেশে মেশিন লার্নিং ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে অনেক কাজ করার সুযোগ রয়েছে।’কোর্সগুলোর প্রতিটির জন্যই ছিল আলাদা ফোরাম, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। মাঝেমধ্যে হালকা রসিকতা হলেও প্রায়ই কোনো বিষয়ে বিস্তারিত আলোচনা হতো সেখানে। আর হতো নতুন তথ্যের আদান-প্রদান, যা নিঃসন্দেহে কোর্সগুলো সমৃদ্ধ করেছে। আবার অনেক সময় শিক্ষার্থীদের নির্বাচিত প্রশ্নের উত্তর দিতেন শিক্ষক স্বয়ং, পৃথক ভিডিওর মাধ্যমে।স্ট্যানফোর্ড কর্তৃপক্ষ বিশ্বব্যাপী যে অভূতপূর্ব সাড়া পেয়েছে, তার ফলে আসছে আরও অনেক নতুন কোর্স। কোর্সগুলোর ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করা যাবে বিনা মূল্যে। আর দরকার হবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ (ন্যূনতম ৫১২ কেবিপিএস)। আর প্রতি কোর্সের জন্য প্রতি সপ্তাহে গড়ে পাঁচ থেকে সাত ঘণ্টা সময় দিতে হবে।