সবার জন্য চাকরি আছে ওয়ালটনে

ওয়ালটনে যেমন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারীদের জন্য চাকরি আছে, তেমনি এখানে কাজের সুযোগ আছে স্বল্প শিক্ষিতদেরও। অর্থাৎ সবার জন্য চাকরি আছে এই প্রতিষ্ঠানে। এখন দেশ ও দেশের বাইরেও প্রতিষ্ঠানটি একের পর এর শাখা খুলছে। সেখানেও কর্মসংস্থান হচ্ছে অনেকের। দিন দিন প্রতিষ্ঠানটির পরিসর বাড়ার কারণে বাড়ছে কাজের পরিধি, বাড়ছে কর্মসংস্থান।
দেশেই ইলেকট্রনিকস ও অটোমোবাইল পণ্য তৈরি করে ওয়ালটন। ২০ বছর ধরে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। সম্প্রতি এই প্রতিষ্ঠানে কর্মসংস্থানের নানা দিক নিয়ে চাকরিবাকরির সঙ্গে কথা বলেছেন ওয়ালটনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হোসেন। তিনি জানালেন, এখন সারা দেশে ওয়ালটনের নিজস্ব আউটলেট আছে দুই শতাধিক, সার্ভিস সেন্টার আছে ৬৫টি। গাজীপুরে দুই শ বিঘা জমির ওপর নির্মিত কারখানায় নিয়মিত বিভিন্ন পণ্য উৎপাদিত হচ্ছে। এই প্রতিষ্ঠানে স্থায়ী কর্মীর সংখ্যা প্রায় ১৫ হাজার। এ ছাড়া অন্যান্য কাজের সঙ্গে যুক্ত আছেন আরও ১০-১৫ হাজার মানুষ।
ওয়ালটনে বিভিন্ন ক্ষেত্রে কারিগরি কাজের জন্য দরকার হয় অনেক প্রকৌশলীর। সেখানে যেমন কাজ করছেন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রকৌশলীরা, তেমনি ডিপ্লোমা প্রকৌশলীরাও আছেন। এম এম জাহিদ হোসেন জানান, বর্তমানে ভালো বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রকৌশলী আছেন চার শতাধিক। আর ডিপ্লোমা প্রকৌশলী আছেন প্রায় ১ হাজার ৮০০। এই প্রকৌশলীদের দক্ষ করে গড়ে তোলার জন্য ওয়ালটন তাঁদের বিদেশে বড় বড় প্রতিষ্ঠানে প্রশিক্ষণের জন্য পাঠিয়ে থাকে।

জাহিদ হোসেন জানান, প্রতিনিয়তই তাঁদের প্রতিষ্ঠানে প্রকৌশলী দরকার হচ্ছে। এর বাইরে সেলস, মার্কেটিং থেকে পড়াশোনা শেষ করেছেন এমন অভিজ্ঞ বা অনভিজ্ঞ তরুণদের আউটলেট বা বিপণন নেটওয়ার্ক পরিচালনার কাজে নিয়োগ দেওয়া হচ্ছে। এঁদের মধ্য থেকে উঠে আসেন জোনাল বা এরিয়া ম্যানেজাররা। ওয়ালটনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগেরও বিভিন্ন সময় নিয়োগ হচ্ছে নতুন লোকবল। আর এর বাইরে ওয়ালটনের নিজস্ব অডিট, কেনাকাটা, আইনগত নানা সমস্যার সমাধান করার জন্য একাধিক বিভাগ তো আছেই। সেখানেও আছে কাজের সুযোগ। এসব ক্ষেত্রে সদ্য স্নাতক পাস করেছেন এমন তরুণদের নেওয়া হয়। গুরুত্ব দেওয়া হয় অভিজ্ঞদেরও।

সাম্প্রতিক সময় ওয়ালটন বিভিন্ন খেলাধুলার পৃষ্ঠপোষকতা করছে। সেই কাজগুলো সঠিকভাবে করার জন্য রয়েছে আলাদা টিম। এর বাইরে অনলাইন পোর্টাল, মিডিয়া ও ক্রিয়েটিভ, গ্রাফিক ডিজাইন সেকশনেও অনেক লোক কাজ করেন। যাঁরা এসব কাজে আগ্রহী তাঁদের জন্যও কাজের সুযোগ আছে। তবে ওয়ালটনে যেহেতু বিভিন্ন পণ্যের কারিগরি কাজ বেশি, তাই টেকনিশিয়ানদের কাজের সুযোগ একটু বেশি। জাহিদ হোসেন বলেন, টেলিভিশন, ফ্রিজ, মোটরসাইকেল তৈরি বা কারিগরি ত্রুটি ঠিক করার জন্য টেকনিশিয়ান প্রয়োজন। বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়েছেন বা প্রশিক্ষণ নিয়েছেন এমন ব্যক্তিদের এখানে নেওয়া হয়। পাশাপাশি যাঁরা নিজেরাই এ ধরনের কাজ শিখেছেন কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তাঁদেরও নেওয়া হয়। আবার অভিজ্ঞতা নেই কাজও জানে না তাঁদেরও নিয়ে কাজ শেখানো হয়। তিনি জানালেন, এখানে কাজ শিখে অনেকে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিদেশে চলে যান। সেখানেও তাঁরা ভালো বেতনে চাকরি করছেন। এর বাইরে ওয়ালটনের পরিবেশক, পণ্যের দোকানেও কর্মী, ওয়ালটনকে নানা ধরনের পণ্য ও যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান আছে। এসব কাজে অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে।
ওয়ালটনের কাজের পরিধি আরও বাড়ছে বলে জানালেন জাহিদ হোসেন। তিনি বলেন, ওয়ালটন বর্তমানে ফ্রিজ উৎপাদনকে বেশি গুরুত্ব দিচ্ছে। বর্তমানে তাঁদের বছরে ১৪ লাখ ফ্রিজ উৎপাদন করার ক্ষমতা আছে। এসব ফ্রিজ ইউরোপ ও আমেরিকায় রপ্তানি হচ্ছে। চাহিদাও বেড়ে যাচ্ছে। তিনি জানান, ভারত, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, নাইজেরিয়া, নেপালসহ ২০টি দেশে সরাসরি ওয়ালটনের ব্যবসায়িক কার্যক্রম চলছে। যোগ্যতা বিবেচনা করে কর্মীদের সেখানে পাঠানো হচ্ছে। ওয়ালটনে চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যাবে তাঁদের ওয়েবসাইটে। এ ছাড়া বিভিন্ন চাকরির ওয়েব পোর্টালেও প্রতিষ্ঠানটির চাকরির খোঁজখবর পাওয়া যায় বলে জানালেন তিনি।