চট্টগ্রাম ব্রিটিশ কাউন্সিল এখন আর একই ছাদের তলায় নেই। এর কার্যক্রম ছড়িয়ে পড়েছে নগরের তিনটি জায়গায়। পূর্ব নাসিরাবাদের মূল ভবনটি এখন ব্যবহার করা হচ্ছে এক্সামিনেশনস সার্ভিসেস, এডুকেশন ইউকে এবং সেলফ এক্সেস সেন্টার হিসেবে। প্রবর্তক মোড়ে বসেছে ব্রিটিশ কাউন্সিল প্রিমিয়ার ইউনিভার্সিটি রিসোর্স সেন্টার (লাইব্রেরি)। আর চট্টগ্রাম শিশু একাডেমী ভবনে ইয়াং লারনারস সেন্টারের কাজ চলছে। এ বিষয়ে হেড অব চিটাগং এক্সামস এবং সেন্টার ম্যানেজার নাইমুর রহমান বলেন, ‘আমরা এখন অংশীদারির (পার্টনারশিপ) ভিত্তিতে কাজ করছি। আশা করি, আরও বেশিসংখ্যক শিক্ষার্থী ও ব্যবহারকারী এর সুফল পাবেন।’ একইভাবে শিশু-কিশোরদের কাছাকাছি নিয়ে গিয়েছি ইয়ং লারনারস সেন্টারের কার্যক্রম। এটি পরিচালিত হচ্ছে চট্টগ্রাম শিশু একাডেমীর সঙ্গে অংশীদারির ভিত্তিতে তাদের ভবনে।বাওয়া (বাংলাদেশ মহিলা সমিতি) স্কুলের ছাত্রী কাজী জোহাইবা হোসেন বলে, ‘আমি কবিতার বই পড়তে আর ছবি দেখতে আসি এখানে।’ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী প্রশান্ত দেব জানায়, ইংরেজি গল্পের বই পড়তে ভালো লাগে, তাই এখানে আসে। চতুর্থ শ্রেণীর কাজী সিফাত জানাল, তার প্রিয় হচ্ছে ছবি আঁকার বই। রোদেলা পড়ে পঞ্চম শ্রেণীতে। কার্টুন আর আর্টের বইয়ের প্রতি তার ঝোঁক রয়েছে।ইয়াং লারনারস সেন্টারে নিয়োজিত সোহরাব উদ্দিন জানান, ‘আমরা শিশুদের কাছ থেকে বেশ ভালো রকমের সাড়া পাচ্ছি। এখানে শিশুতোষ গল্প, কবিতা, ছবি আঁকার বইয়ের পাশাপাশি বিভিন্ন ভিডিও সিডি রয়েছে। এক বছরের জন্য সেন্টারের সদস্য হতে লাগবে ৬০০ টাকা। আর এক বছরের করপোরেট সদস্য হতে দিতে হবে পাঁচ হাজার টাকা। ইয়াং লারনারস সেন্টার খোলা থাকে শনিবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ছয়টা এবং রোববার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি মঙ্গলবার।ব্রিটিশ কাউন্সিল প্রিমিয়ার ইউনিভার্সিটি রিসোর্স সেন্টার গড়ে উঠেছে নগরের প্রবর্তক মোড়ে, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভবনের দ্বিতীয় তলায়। কথা হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি স্নাতক (সম্মান) প্রথম সেমিস্টারের ছাত্রী সাবরিনা চৌধুরীর সঙ্গে। তাঁর এক কথায় জবাব, ‘হ্যাঁ, সব সুযোগ-সুবিধাই তো আছে এখানে।’ সাবরিনার সঙ্গে এসেছেন একই বিভাগের রিফাত জাহান, কাজী তাজকিয়া আনামসহ কয়েকজন বন্ধু। একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী এম ইমতিয়াজ ইবনে হোসেন জানান, ‘সব বই তো আর কেনা সম্ভব নয়। রিসোর্স সেন্টারে আইনবিষয়ক পর্যাপ্ত বইও রয়েছে। তাই এখানে এসে প্রয়োজনীয় বইগুলো পড়ে নোট করি।’ ইংরেজি প্রথম সেমিস্টারের শাখাওয়াত হোসেন বলেন, বইপত্রের সুবিধা থাকলেও কম্পিউটার ল্যাব ও ইন্টারনেট সংযোগ না থাকায় সমস্যা হচ্ছে। এ প্রসঙ্গে রিসোর্স সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইশরাত জাহান চৌধুরী বলেন, ‘এপ্রিলে নতুন ভবনে কার্যক্রম শুরু হয়েছে। তাই সবকিছু গুছিয়ে নিতে সময় লাগছে। ইন্টারনেট সংযোগ ও কম্পিউটারের ব্যবস্থাও করা হবে পর্যায়ক্রমে।’ রিসোর্স সেন্টার থেকে একজন সাধারণ সদস্য দুই সপ্তাহের জন্য তিনটি বই, তিনটি সিডি ও এক সপ্তাহের জন্য দুটি ডিভিডি সংগ্রহ করতে পারবেন। অপর দিকে করপোরেট সদস্যরা চার সপ্তাহের জন্য ১০টি সিডিসহ ১৫টি বই ও এক সপ্তাহের জন্য চারটি ডিভিডি বাসায় নিতে পারবেন। তা ছাড়া এখানে ইংরেজি ভাষায় দক্ষতার জন্য সেমিনার, কর্মশালার আয়োজন করা হয়। রয়েছে রিডার্স ক্লাব, ফিল্ম ক্লাব, কনভারসেশন প্র্যাকটিস সেশন। রিসোর্স খোলা থাকছে রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।চার মাসের জন্য রিসোর্স সেন্টারের সদস্য হওয়া যাবে ৫০০ টাকায়। তবে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা একই সময়ের জন্য সদস্য হতে পারবেন ২৫০ টাকায়। এক বছরের জন্য করপোরেট সদস্য হওয়া যাবে ১৫ হাজার টাকা ফি দিয়ে।নগরের পূর্ব নাসিরাবাদে এক্সামিনেশনস সার্ভিসেস, এডুকেশন ইউকে এবং সেলফ এক্সেস সেন্টারে শিক্ষার্থীদের ব্যস্ততা দেখা গেছে ইন্টারনেট ব্রাউজিং আর অডিও শোনায়। হেডফোন লাগিয়ে অডিও শুনছিলেন নূরজাহান নামে একজন শিক্ষার্থী। কেন ইংরেজি শেখা, প্রশ্নের জবাবে বলেন, ‘ব্রিটেনে যাওয়ার ইচ্ছে আছে আমার।’ ইংল্যান্ডে এমবিএ পড়ার লক্ষ্য নিয়ে ইংরেজি শিখছেন রাজিদ। ‘নিরিবিলি পরিবেশ। বইপত্র, অডিও-ভিডিও সিডি প্রভৃতি শেখার উপকরণ তো রয়েছেই। তা ছাড়া এখনকার সবার সহযোগিতা সব দিক দিয়ে ভালোই লাগছে।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানিয়া হাসিন। মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। উচ্চশিক্ষার আশা নিয়ে আইইএলটিএস দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইন্টারনেট ব্যবহারের সময় বাড়ানো, কনভারসেশন ক্লাব, নতুন বইপত্রের প্রয়োজনের কথা জানান তিনি। এক্সামিনেশনস সার্ভিসেস, এডুকেশন ইউকে এবং সেলফ এক্সেস সেন্টার খোলা থাকে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকে শুক্রবার, জানান কাস্টমার সার্ভিসেস অফিসার কিসমত আরা বেগম। এখানে এক মাসের জন্য আইইএলটিএস সদস্যপদ দেওয়া হয় ৩০০ টাকায় এবং দুই মাসের জন্য ৫০০ টাকা। এই সদস্যপদের মাধ্যমে একজন সদস্য সেলফ এক্সেস সেন্টারে আইইএলটিএসের লিসনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং-বিষয়ক উপকরণ ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে প্রতিদিন পাবেন প্রথম আধ ঘণ্টার জন্য বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার ও এক ঘণ্টার লিসনিং-সুবিধা। এ ছাড়া পাবেন প্লেসমেন্ট টেস্ট-সুবিধা, স্পিকিং সেশন, মক টেস্টে অংশ নেওয়াসহ আইইএলটিএস সম্পৃক্ত কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ।ছয় মাসের জন্য এসিসিএ সদস্যপদ দেওয়া হবে ৬০০ টাকায়। এই সদস্যপদের মাধ্যমে একজন সদস্য সেলফ এক্সেস সেন্টারে এসিসিএ, সিএটি, সিআইএমএর বইপত্র ব্যবহার করার সুযোগ পাবেন। সেই সঙ্গে ফটোকপির সুবিধা ও প্রতিদিন প্রথম আধ ঘণ্টার জন্য বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ। এডুকেশন প্রমোশন অফিসার সৈয়দ আবদুল আহাদ বলেন, এখানে ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও ভর্তির পরামর্শ দেওয়া হয় বিনা মূল্যে। পাশাপাশি ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি কথা বলার সুযোগ করে দেওয়া হয়।ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রামের ই-মেইল[email protected].