সবার দৃষ্টি দুই ভায়রা-ভাইয়ের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে ঘিরে বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ব্যতিক্রমী প্রচারণা চলছে উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নে। এই ইউনিয়নে দুজন মাত্র চেয়ারম্যান পদপ্রার্থী পরস্পর ভায়রা-ভাই। থোয়াইচিং মারমা ও থুই চাই প্রু মারমা—এই দুই ঘনিষ্ঠ আত্মীয় প্রতিদ্বন্দ্বিতায় কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। ১৫ জুন চিৎমরম, ওয়াগ্গা ও কাপ্তাই—এই তিন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।থোয়াইচিং মারমা গত দুই দফায় টানা প্রায় ১৩ বছর চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এবারও তিনি নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী। থুই চাই প্রু মারমার সঙ্গে আত্মীয়তার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আত্মীয়তার জায়গায় আত্মীয়তা ঠিকই আছে। তবে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই।’ থুই চাই প্রু মারমা বলেন, ‘গত ১৩ বছর চিৎমরমবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন দেখেনি। এবার সবাই পরিবর্তন চায়। সবার অনুরোধে আমি প্রার্থী হয়েছি। এ ক্ষেত্রে আত্মীয়তা কোনো প্রতিবন্ধক হবে না।’এদিকে এই দুই প্রার্থীকে নিয়ে চিৎমরমের লোকজনের মধ্যে বিভ্রান্তি ও অস্থিরতা দেখা গেছে। চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মং শুই চাইন মারমা বলেন, ‘দুই প্রার্থীই আমাদের ঘনিষ্ঠ আত্মীয়। দুজনকেই আমরা সমান গুরুত্ব দিয়ে থাকি। এখন দুজনই আমাদের কাছে আসছেন ভোট চাইতে। কাকে রেখে কাকে ভোট দেব, ঠিক করতে পারছি না। তবে মানুষ চায় পরিবর্তন।’ একই রকম মন্তব্য করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মং শু প্রু মারমা।চিৎমরম ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মর্তুজা বলেন, ‘কাপ্তাই উপজেলায় আর কোথাও চেয়ারম্যান পদে এত কম প্রার্থী নেই। প্রার্থী দুজন হওয়ায় ঝামেলাও কম হবে।’ তিনি জানান, এখানে ভোটারও কম, মাত্র তিন হাজার ২১৪ জন। তবে পেকুয়া ও আড়াছড়িতে দুটি কেন্দ্র রয়েছে, যেখানে হেঁটে যাতায়াতে ছয়-সাত ঘণ্টা সময় লাগে। নির্বাচন যাতে শতভাগ সুষ্ঠু হয়, সে ব্যাপারে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কাপ্তাই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ছয়জন। তাঁরা হলেন—মো. নিজাম উদ্দিন, আবদুল লতিফ, মো. নাছির উদ্দিন, মো. মহির উদ্দিন, মো. মোফাজ্জল হোসেন ও মো. নুরুল আমিন। ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ৩২ জন। ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজন। তাঁরা হলেন—দিপ্তীময় তালুকদার, চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা, অংলাচিং মারমা, প্রভাতচন্দ্র তালুকদার ও সফিউল আলম। ভোটার সংখ্যা ছয় হাজার ৪৪৩। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতিমধ্যে প্রিসাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। নির্বাচনী আইনশৃঙ্খলা দেখার জন্য ছয়জন ম্যাজিস্ট্রেট নির্বাচনের দিন সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।