সবার রঙে রং মিশাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়াশোনার প্রচণ্ড চাপ, ক্লাস টেস্টের আনাগোনা, ল্যাবের ঝক্কি-ঝামেলা, রিপোর্ট, থিসিস, সার্ভে আর টার্ম ফাইনালের ঝড়। এরই মধ্যে একটুখানি অবসর। অবসর সময়টুকু একটু ভালোভাবে কাটানো, কিছু গান, কিছু আবৃত্তি, ব্যস্ত জীবনে একটু স্বস্তির আভাস। এর জন্য রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাংস্কৃতিক সংগঠন ‘মূর্ছনা’।শুরুটা হয়েছিল বেশ আগে। ১৯৯৬ সালে সাংস্কৃতিক সমমনা কয়েকজন শিক্ষার্থীর একান্ত চেষ্টায় বুয়েটে মূর্ছনার পথচলা শুরু। এর পর অনেক বাধা-বিপত্তি আর কঠিন সময়টুকু পেরিয়ে মূর্ছনা আজ ১৫ বছরে পদার্পণ করেছে। মূর্ছনার ইতিহাসের প্রাক-কথন নিয়ে কথা বলছিলাম এর সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা দীপেশ দাশের সঙ্গে। তিনি জানান, সুস্থধারার সংগীতের প্রসার ও প্রচার এবং বিশ্ববিদ্যালয় পরিমণ্ডলে এর মাধ্যমে নিজেদের প্রমাণই মূর্ছনার সদস্যদের আপ্রাণ প্রয়াস। এখন কী পরিকল্পনা?মুর্ছনার সাধারণ সম্পাদক নিশমা নায়না প্রমা জানালেন, ‘আমরা শিগগিরই, জুন মাসে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব করতে যাচ্ছি। সারা দেশের বেশ কটি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোরও নিজস্ব পরিবেশনা থাকবে এ উৎসবে।’ উৎসবের উদ্দেশ্য সম্পর্কে জানাতে ভুললেন না সহসম্পাদক দীপিতা। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই আমাদের ইচ্ছা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাঁরা আমাদের মতো সুস্থধারার সংগীতের চর্চা করছেন, তাঁদের সম্মিলন ঘটুক। তা ছাড়া সবার অংশগ্রহণে আমরা নিজেদের প্রমাণ করার একটা সুযোগ পাব।’ ‘আজ সবার রঙে রং মিশাতে...’ সেই সঙ্গে আয়োজনটির প্রতিপাদ্যের কথা মনে করিয়ে দিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক অভিপ্রিয়। মূর্ছনার নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা। মূর্ছনার সদস্য, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজনটি বিগত কয়েক বছর ধরে বুয়েটের সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়ে আসছে। নবীন শিক্ষার্থীদের জন্য মূর্ছনা প্রতিবছরই আয়োজন করে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার। বুয়েটে ভর্তি হওয়া নবীনেরা মেতে ওঠেন রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, দেশাত্মবোধক গান, আবৃত্তি প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতায়। সমসাময়িক সুস্থধারার সংগীত আন্দোলনে এ প্রতিযোগিতা সহায়ক ভূমিকা পালন করছে বলে মনে করেন মূর্ছনার সভাপতি শুভ চক্রবর্তী। মূর্ছনার সব কর্মকাণ্ডে যাঁর নিরন্তর সহযোগিতা ও উৎসাহ তিনি সবার প্রিয় শিক্ষক—জেবুন্নেসা নাসরিন। মূর্ছনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কোষাধ্যক্ষ নাবিলা নুর কুহু জানালেন, ‘আমরা সুস্থধারার সংগীতের এ চর্চা অব্যাহত রাখতে চাই। সে সঙ্গে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যাঁরা সমমনা সাংস্কৃতিককর্মী রয়েছেন, তাঁদের নিয়ে এ আন্দোলনকে একটি জাতীয় রূপ দিতে আগ্রহী।’