সবার রঙে রঙিন রবীন্দ্র উৎসব
জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে গত শনিবার শেষ হলো তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব। ‘সবার রঙে রং মিশাতে হবে’ শিরোনামে রবীন্দ্র উৎসবের আয়োজন করে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, চট্টগ্রাম বিভাগীয় শাখা। উৎসবের উদ্বোধন করেন শহীদজায়া বেগম মুশতারী শফী। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণার পরপরই সংস্থার শিল্পীরা পরিবশেন করেন ‘আজ সবার রঙে রং মিশাতে হবে’ গানটি। এরপর শিল্পী আইরিন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজেদ আকবর ও চট্টগ্রামকেন্দ্রের সাধারণ সম্পাদক অনিরুদ্ধ সেনগুপ্ত। প্রথম দিনের অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী মিহির কুমার নন্দীকে। রবীন্দ্রনাথের কবিতা পড়ে শোনান ভাস্কর বন্দ্যোপাধ্যায়, রবিশঙ্কর মৈত্র ও হাসিনা আহমেদ। এরপর একক এবং দলীয়ভাবে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার শিল্পীরা রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ‘রবীন্দ্রনাথের ভাঙা গান ও উৎস সন্ধানে’ শিরোনামে প্রবন্ধের ওপর আলোচনা হয়। এরপর ‘অন্তর মম বিকশিত’ শিরোনামে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠনের শিল্পীরা।সন্ধ্যায় উৎসবে রবীন্দ্রনাথের গান পরিবেশন করেন অভ্যুদয় সংগীত অঙ্গন ও বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, খাগড়াছড়ি শাখার শিল্পীরা। রবীন্দ্রনাথের গানে নৃত্য পরিবেশন করেন প্রমা অবন্তী ও তাঁর দল।সমাপনী দিনে শনিবার সকাল ও সন্ধ্যায় একাডেমির মিলনায়তনে পরিবেশিত হয়েছে ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’ শীর্ষক তথ্যচিত্র। বিকেলে আর্য সংগীত ও সংগীত ভবনের সম্মিলিত পরিবেশনা, গীতি আলেখ্য ‘গান এল মোর মনে’ পরিবেশিত হয়।