সবার সেরা ফৌজদারহাট ক্যাডেট কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমে উত্তাল সমুদ্র। পূর্বে পাহাড়। পাহাড়ের পাদদেশে ছায়া সুনিবিড় ফৌজদারহাট ক্যাডেট কলেজ, মানুষ গড়ার প্রতিষ্ঠান। খটখটে পাহাড়ের মতোই কঠোর ও কঠিন এ প্রতিষ্ঠানের নিয়মকানুন। সুশৃঙ্খলতা প্রতিষ্ঠানটিকে এনে দিয়েছে আরও একটি সাফল্য। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে তারা সেরা। ঠিক কলেজসংলগ্ন পাহাড়ের গায়ে লেখা ‘চির উন্নত মম শির’-এর মতো।২০১১ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফলেও ফৌজদারহাট ক্যাডেট কলেজ ছিল সেরাদের কাতারে। এর দুই মাস পর গতকাল উচ্চমাধ্যমিকের ফলাফলেও সেরার স্বীকৃতি। গতকাল প্রকাশিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাসের হার ৭১ দশমিক ৩।ফৌজদারহাট ক্যাডেট কলেজের পাসের হার শতভাগ। শিক্ষা বোর্ড পাঁচটি মানদণ্ডে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই করে। এর মধ্যে অংশগ্রহণকারী পরীক্ষার্থী, পাসের হার, জিপিএ-৫ অন্যতম। তাদের অর্জিত পয়েন্ট ৮৯ দশমিক ১৮। এই কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ৫০ জন ছাত্র। তাদের মধ্যে ৪৭ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। পাসের হারও শতভাগ। জিপিএ-৫ পাওয়ার দিক থেকে বোর্ডে তাদের অবস্থান ষষ্ঠ হলেও পাঁচ মানদণ্ডে তারা ছাপিয়ে গেছে চট্টগ্রামের বড় সরকারি কলেজগুলোকে। গত বছরও ক্যাডেট কলেজের পাসের হার ছিল শতভাগ।টানা এমন সাফল্যে উচ্ছ্বসিত কলেজ অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. হুমায়ুন কবির। তিনি বললেন, ‘নিয়মানুবর্তিতা ও সুশৃঙ্খলতা আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। আমাদের ছেলেরা নিয়মিত ক্লাস করে। পড়ালেখায় ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। খেলার সময় খেলা, কাজের সময় কাজ। এই হচ্ছে আমাদের সুশৃঙ্খলতা।’তবে শতভাগ জিপিএ-৫ না পাওয়ায় তাঁর কিছুটা আফসোসও রয়েছে। ‘দু-একজন ছাত্র জিপিএ-৫ পায়নি। তারাও যদি ওইভাবে পারত, তাহলে আমাদের ভালো লাগত। আমাদের উচ্ছ্বাস আরও বেশি হতো।’ তবে বারবার এমন সাফল্যের উচ্ছ্বাস প্রকাশেও রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সুশৃঙ্খলতা। উচ্ছ্বাসের কোনো বাড়াবাড়ি নেই। নেই হই-হুল্লোড়, নেই কোনো বাঁধভাঙা উল্লাস। শিক্ষার্থীদের এ সুশৃঙ্খলতা মানুষ হওয়ার পেছনে তাদের বড় নিয়ামক হয়ে কাজ করবে এমন বিশ্বাস শিক্ষক ও অভিভাবকদের। ক্যাডেট কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের কেউ কেউ এখন স্বপ্ন দেখছে চিকিৎসক হওয়ার, স্বপ্ন দেখছে প্রকৌশলী হওয়ার।পেশাগত এসব স্বপ্নপূরণে হয়তো তাদের প্রেরণা হিসেবে কাজ করবে চন্দ্রনাথ পাহাড়ের গায়ে লেখা সেই মূল মন্ত্র—‘কথা নয়, কাজ।’