সবার 'ডাক্তার আপা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসমিন আক্তার
জেসমিন আক্তার

স্বাস্থ্যসেবা, স্বাভাবিক প্রসবসেবা—এসব বিষয়ে তাঁর প্রাথমিক কোনো ধারণাও ছিল না। করতেন একটি মাদ্রাসায় শিক্ষকতার চাকরি। কমিউনিটি ক্লিনিকে চাকরির জন্য একদিন আবেদন করলেন। চাকরিটাও হয়ে গেল। সেটা ২০১১ সালের কথা। দুরু দুরু বুকে চাকরিতে যোগদানের পরই বদলে গেল একজন জেসমিন আক্তারের পুরোনো জীবনযাপনের ধারা। অল্পদিনের মধ্যে হয়ে গেলেন সবার ‘ডাক্তার আপা’।
কথাগুলো বলতে গিয়ে তাঁর চোখ দুটো আবেগ আর ভালো লাগার আনন্দে জ্বলজ্বল করছিল। ১ আগস্ট মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হচ্ছিল। এখানে পুষ্টিবিষয়ক একটি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন তিনি।
জেসমিন আক্তার মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বালিকান্দি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার)। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে তিনি সপ্তম। বাবা নূর মিয়া ও মা খেলা বেগম। তাঁদের বাড়ি পাশের একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামে। প্রতিদিন দুই-আড়াই কিলোমিটারের পথ হেঁটে সকাল নয়টার মধ্যে কমিউনিটি ক্লিনিকে পৌঁছান। কিছুদিন হলো এই আসা-যাওয়ার এলাকাটি কাউয়াদীঘি হাওরের জলে থইথই করছে। অনেকে নৌকায় এগিয়ে দিয়ে যান। চাকরিটি প্রকল্পের। তবু শুরু থেকেই মনপ্রাণ ঢেলে কাজে জড়িয়ে গেলেন জেসমিন আক্তার।
প্রথম দিকে কাজটা ছিল স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের সহযোগিতা করা। ২০১২ সালে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ওপর প্রশিক্ষণ নিলেন। তাঁর কাজের ক্ষেত্র বাড়তে লাগল। অনেক অচেনা মানুষ আপন হয়ে গেলেন। মানুষও আস্থার এক নতুন জায়গা পেল। প্রাথমিক চিকিৎসার জন্য যাঁরা তাঁর কাছে আসেন, তাঁরা আশ্বস্ত হয়েই ঘরে ফেরেন। যতটুকু পারেন স্বাস্থ্যসেবা দেন। না হলে হাসপাতালে পাঠান। নতুবা কোথায় কোন চিকিৎসকের কাছে যেতে হবে, সেই পরামর্শ দেন। তবে শুধু ওই কাজেই আটকে থাকতে মন চাইছিল না। বিশেষ কিছু করার আগ্রহ তাঁকে সব সময়েই তাড়া দেয়।
২০১৪ সালে হবিগঞ্জে স্বাভাবিক প্রসবের ওপর ছয় মাসের সিএসবিএ (কমিউনিটি স্কিল বার্থ অ্যাটেনডেন্ট) কোর্সের প্রশিক্ষণ নেন। শুরু হয় তাঁর পথচলায় নতুন অধ্যায়ের। তাঁর আগে বালিকান্দি কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক প্রসব করাতে বাইরে থেকে একজন সিএসবিএ আসতেন। জেসমিন আক্তার প্রশিক্ষণ নিয়ে এসে যখন স্বাভাবিক প্রসবের কাজ শুরু করলেন, তখন কমিউনিটি ক্লিনিকের আওতাধীন মমরুজপুর, ঢেউপাশা, বালিকান্দি, বলিয়ারভাগ, সাবিয়া, আটাইশ পাইকা ও কুশিরাই—এই গ্রামগুলোর মায়েরা পেলেন ভরসার মমতাময়ী হাত। এমনিতেই গর্ভকালীন, প্রসব-পূর্ব ও প্রসব-পরবর্তী স্বাস্থ্যসেবা দেওয়া হয়ে থাকে মায়েদের। কিন্তু প্রসবকালীন সময়টিতে সাধারণ মায়েদের কাছে জেসমিন আক্তার নির্ভরতার আশ্রয় হয়ে উঠেছেন। রাত নয়, দিন নয় যখনই সমস্যা, তখনই ডাক। সরাসরি এসে, নয়তো মুঠোফোনে সমস্যার কথা বলছেন মায়েরা। এতে তাঁর সামান্যও বিরক্তি নেই। জেসমিন আক্তারও শুনে সমস্যার প্রকৃতি বুঝে পরামর্শ দেন। নয়তো মায়েদের কাছেই ছুটে যান।
জেসমিন আক্তার বলেন, ‘কাজটাতে আমার খুব ভালো লাগে। কারও ফোন পেলে অশান্তি লাগে। শিশুর স্বাভাবিক জন্ম না হওয়া পর্যন্ত শান্তি পাই না। রাতের বেলায় পরিবারের কিছু আপত্তি থাকলেও অভিভাবক, না হয় ছোট এক ভাইকে নিয়ে ছুটে যাই মায়েদের কাছে। কোনো জটিলতা দেখলে চিকিৎসকদের পরামর্শ নিই।’ জানালেন প্রথম বাচ্চার জন্মের ক্ষেত্রে খবর পাওয়ার পর কিছুটা সময় মেলে। কিন্তু দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে সময় মেলে না। এ পর্যন্ত তাঁর হাতে কোনো দুর্ঘটনা ঘটেনি। তাঁর হাত দিয়ে জন্ম নেওয়া প্রতিটি শিশুই সুস্থ আছে। মায়েরা সুস্থ আছেন। এ পর্যন্ত তাঁদের ক্লিনিকে ৪৪টি শিশুর জন্ম হয়েছে। কিন্তু বেশ কিছুদিন ধরে ক্লিনিক ভবনের ছাদ জরাজীর্ণ হয়ে গেছে। তাই ক্লিনিকে মায়েদের নিয়ে আসতে সাহস পান না, যদি ছাদ ভেঙে কোনো দুর্ঘটনা ঘটে। ছুটে যান বাড়িতেই। এভাবে ক্লিনিকের বাইরে ৫৭টি শিশুর জন্ম হয়েছে। তবে যেসব মায়ের অবস্থা দেখে ‘হাই রিস্ক’ মনে হয়, তাঁদের জেলা সদরের হাসপাতালে পাঠান। জেসমিন আক্তার বললেন, ‘মানুষ আমাকে খুব সম্মান করে। এ পর্যন্ত কারও কাছ থেকে খারাপ আচরণ পাইনি। আমাকে দেখলেই বলে ডাক্তার আপা আইছইন। আমার খুব আনন্দ হয়।’
এই ডাক্তার আপা সম্পর্কে গৃহবধূ বকসি শারমিন আক্তার বলেন, ‘জেসমিন ডাক্তার খুব ভালা মানুষ। তাঁর আচার-ব্যবহারে আমরা সবাই খুব সন্তুষ্ট। যখনই আমরা ফোন দিই তাঁরে পাই। নরমাল ডেলিভারিতে তাঁরে ডাকলেই মিলে। গ্রামাঞ্চলে তাঁর মতো ডাক্তার থাকলে মানুষের খুব উপকার হতো।’
চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেনের কাছে খুব ভালো মেয়ে জেসমিন আক্তার। তিনি বললেন, ‘সে-ই ক্লিনিকটারে রক্ষা করছে। তাঁর কী প্রশংসা করব! সব মানুষের সঙ্গে তাঁর মিলমিশ, যোগাযোগ।’
জেসমিন আক্তার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। পরে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি, সিলেট এমসি কলেজ থেকে মাস্টার্স এবং সিলেট ল কলেজ থেকে এলএলবি পাস করেছেন। তিনি বলেন, ‘এই চাকরিতেই থাকতে চাই। কিন্তু এটি প্রকল্পের চাকরি। চাকরি স্থায়ী হলে থেকে যাব। না হলে অন্যখানে চাকরির সম্ভাবনা আছে। যদি অন্য চাকরিতে যাই, তাহলেও স্বাভাবিক প্রসবসেবা প্রদান বাদ দেব না। এটা আমার রক্তের সঙ্গে মিশে গেছে।’
সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা বিনেন্দু ভৌমিক জানালেন, এলাকার মানুষের কাছে জেসমিন খুব জনপ্রিয়। ক্লিনিকে স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে তাঁরই উদ্যোগ বেশি। খবর পেলে দেড়-দুই কিলোমিটার হেঁটে চলে যান।
জেসমিন আক্তার স্থানীয় মানুষের সাহায্য নিয়ে ক্লিনিকের জন্য তহবিলও গঠন করেছেন। ক্লিনিকে সৌরবিদ্যুৎ লাগিয়েছেন। তাঁকে একজন স্বপ্নবান মানুষ হিসেবেই দেখে এলাকার মানুষজন।