সবুজ অ্যান্টার্কটিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যত দূর চোখ যায় কেবল বরফ আর বরফ। খানিক পর পর বইছে হাড় কাঁপানো শীতল বাতাস। আর বরফের মধ্যে গদাই লস্করি চালে হেঁটে বেড়াচ্ছে ‘কোটপরা ভদ্রলোক’ মানে পেঙ্গুইনদের দল। অ্যান্টার্কটিকার কথা বললে এমন একটা ছবিই চোখে ভাসে। কেউ যদি ভুল করে বলে বসেন—অ্যান্টার্কটিকায় দেখে এলাম সবুজের সমারোহ। ধরে নিতাম নির্ঘাত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর চরিত্র টেনিদার মতো গুলপট্টি মারতে বসেছেন তিনি। কিন্তু অ্যান্টার্কটিকায় সবুজের সমারোহের গপেপাই বুঝি সত্যি হতে চলল এবার। গবেষকেরা অন্তত বলছেন সে কথাই।যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার গবেষকদের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাচ্ছে অ্যান্টার্কটিকা। সবুজ থেকে সবুজতর হয়ে উঠছে দক্ষিণ মেরু। সাদা-শুভ্র তুষার রাজ্যে জন্মাতে শুরু করেছে ফুল হয় এমন দুটো উদ্ভিদ। (সূত্র: প্রথম আলো, ৩১ মার্চ, ২০১১)খবরটা বেশ নড়েচড়ে বসার মতো তো বটেই। অ্যান্টার্কটিকায় বরফ গলে যাওয়া নিয়ে সবাই যখন শংকিত, এমন সময়ে দক্ষিণ মেরুর এই সবুজতর হয়ে ওঠার খবর কি ধরিত্রীর আরও বৃহৎ পটপরিবর্তনের ইঙ্গিত দেয়। বিজ্ঞানী-গবেষকেরাই ভালো বলতে পারবেন। সাদা চোখে শুধু এটুকুই মনে হয়—প্রকৃতি সত্যিই বিস্ময়কর। প্রকৃতির লীলা বোঝা বড় দায়। —ইকবাল হোসাইন চৌধুরী