সবুজ কই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগে লন্ডনে বাংলাদেশি ধারার ধুমধাম বৃষ্টি হচ্ছিল, গভীর রাত থেকে শুরু করে সকাল প্রায় ১০টা পর্যন্ত। এমন বৃষ্টি এ দেশে কমই দেখা যায়। সেদিন সকাল নয়টায় ঘুম থেকে জেগেও বিছানা ছেড়ে উঠতে পারিনি। ১০টা পর্যন্ত শুয়ে শুয়ে বৃষ্টির শব্দ শুনছিলাম। এরই মধ্যে সুযোগ বুঝে আমি চলে গিয়েছিলাম আমার সেই পাঁচ-সাত বছর বয়সী নিখুঁত আনন্দভরা সময়ের কাছে। স্মৃতির খোপটাতে ঢুকলাম, তার চিত্রটা এমন—গতকাল সন্ধ্যা থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে; স্কুলে যাব কি না, এমন দ্বিধা নিয়ে বইপত্র গোছাচ্ছি। হঠাৎ ছোট আপার বকা খেয়ে ছাতা নিয়ে বেরিয়ে গেলাম। ওয়াপদার বড় রাস্তা পর্যন্ত পৌঁছাতেই মিরপুরের কাঞ্চনের কণ্ঠস্বর ভেসে এল, ‘দোস্ত, যাইও না, যাইও না, স্কুলে স্যাররা ছাড়া কেউ নাই; ছুট্টি-ছুট্টি।’ আমি কাঞ্চনের সামনাসামনি গিয়ে স্কুল ছুটির বিষয়টা নিশ্চিত হয়ে বাড়ি ফিরে এলাম। ঘরে ঢুকতেই শুনতে পেলাম, আমাদের পাশের ঘরের নানি বাড়ির দক্ষিণ ধার থেকে আওয়াজ দিচ্ছেন, ‘দক্ষিণ চকের টরকির রাস্তায় শত শত কই মাছ উঠছে, মাইনষেরা ডুলা ভইরা নিতাছে, তোমরা সব কী করতাছ?’ নানির কথা শুনে আমার তো আর হুঁশ নেই। ‘হায় হায়, কী কয়; আমি কই, আর কই মাছ কই।’ মাকে না জানিয়ে মাসুদ, সালাউদ্দিন, সুরমাসহ আমরা কজন দক্ষিণ চকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এরই মধ্যে উত্তর ধার থেকে কাদির মামু ও ইউসুফ কাকু লাল গামছায় বাঁধা সবুজ সবুজ কই মাছ উঠোনে ফেললেন। আমরা দ্বিধায় পড়ে গেলাম, কোন দিকে যাব—উত্তর ধার, না দক্ষিণ ধার। দক্ষিণ চক আমাদের বেশি পরিচিত নয়, তাই সময় নষ্ট না করে উত্তর দিকেই ছুটলাম। গামছা ও ডুলায় করে দু-একজনকে সবুজ কই মাছ নিয়ে যেতে দেখলাম, কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় শিবপুরের কাছাকাছি চলে গেলেও কোনো কই মাছ আমাদের চোখে পড়ল না। ঘণ্টা খানেকের মধ্যেই পরিষ্কার নীলাকাশ থেকে এইমাত্র জন্ম হয়েছে এমন স্বচ্ছ, নিষ্পাপ, টাটকা রোদ রাস্তায় পড়ল। বাড়ি ফিরে দেখলাম, বারান্দায় বসে ভাইবোনেরা সবাই মিলে বিশালাকারের কড়া ভাজা কই মাছ গরম ভাতে মিশিয়ে খাচ্ছে। ক্রিমরোল (পিঠাপিঠি বড় ভাই ডাকতাম) দেখেই বলে উঠল, ‘দক্ষিণ চক থিক্কা আনছি। হ্যাঁ, হ্যাঁ, একটাও ধরবি না।’ আমি কিছু না বলে সোজা রান্নাঘরে মায়ের কাছে চলে গেলাম। মা জানালেন আসল কথা, বাজার থেকে বড় ভাই লোক দিয়ে বড় বড় অনেক কই মাছ পাঠিয়েছেন। মায়ের হাতে বেছে দেওয়া টাটকা স্বাদের কই মাছ আর গরম ভাত খেতে খেতে ক্রিমরোলের সঙ্গে মারামারি করার কথাটা ভুলেই গেলাম। হঠাৎ পাশের রুম থেকে বন্ধু শুভ্রর হাঁক, ‘বাসায় নাশতা করার মতো কিচ্ছু নেই, কোনো ব্যাটা বাজার করে না।’ আমি চোখ খুলে আমার শৈশবস্মৃতির বাক্স থেকে বের হয়ে এলাম। শুভ্রকে জানালাম, বাইরের রুমের ফ্রিজে ডিম-রুটি আছে, লিটনের ড্রয়ারে বিস্কুট, কলা ও আপেল আছে; যা ইচ্ছা হয় খা, চিল্লাইস না।’মুঠোফোন টিপে সময় দেখলাম ১০টা সাত। বৃষ্টি তখনো থামেনি, তবে সেটা বাংলাদেশি ধারার নয়, লন্ডনি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। জানালা বরাবর তাকাতেই প্রতিদিনের মতো আমার চোখ চলে গেল সোজা বাগানে। আমাদের বাগানটা চমৎকার। নানা জাতের প্রায় সাত-আটটা গোলাপ ফুলের গাছ আছে ওখানে। আমার জানালা দিয়ে যে ফুলগুলো সবচেয়ে সুন্দর দেখায়, প্রতিদিন সেগুলো চলে আসে আমার টেবিলে। তবে আজ ভাগনে সোহেলের বালাচাও চিংড়ি পোড়ার গন্ধ নাকে এল। আমি আবার চলে গেলাম আমার স্মৃতির বাক্সের ভেতর। আমাদের ঘরের প্রায় পাশ দিয়ে বয়ে যাওয়া টলটলে পানির খালটার ওপর দিয়ে তখনো ওয়াপদার বেড়িবাঁধ বসানো হয়নি। তাই বাঁধের ভেতর-বাইর সর্বত্রই তখন থই থই করত বর্ষার টলটলে কলকলে নতুন পানিতে। ধনাগোদা থেকে আসা কচুরিপানা কিংবা বর্ষার সবুজ শ্যাওলায় লুকিয়ে থাকত ছোট ছোট নীল চিংড়ি, শোল-গজার ও রুইয়ের পোনা, কুলি মাছ, তিতানি মাছ ইত্যাদি। বাঁশ-বেতের তৈরি চালুন, নাইলন সুতার তৈরি পেলুন দিয়ে ধরা হতো বর্ষার এসব নিষ্পাপ মাছ।রাশেদ রাফিটাওয়ার হিল, লন্ডন[email protected]