সবুজ ক্যাম্পাস ও একটি প্রতিকৃতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কার্যালয় লাগোয়া উঁচু জায়গা। সেখানে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। ঝোপ-জঙ্গলে ভরা ছিল বলে জায়গাটি এত দিন চোখ পড়ত না কারও। কিন্তু এখন সেই জায়গার সামনে দিয়ে হাঁটতে গিয়ে থমকে দাঁড়াচ্ছেন সবাই। জানাচ্ছেন শ্রদ্ধা, ভালোবাসা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বর্তমান উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের ব্যাপারে উদ্যোগী হন। অবশেষে তাঁর সেই উদ্যোগ বাস্তবে রূপ দিতে কাজ শুরু হয় গত ২৩ জুলাই। ১২ আগস্ট এই প্রতিকৃতি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পাঁচ লাখ টাকা ব্যয়ে তৈরি এই প্রতিকৃতির নকশা করেছেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন। যে জায়গায় প্রতিকৃতিটি স্থাপন করা হয়েছে, ওই জায়গাটির নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু চত্বর’।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। প্রতিকৃতিসহ পুরো চত্বরের নাম দেওয়া হয়েছে “বঙ্গবন্ধু চত্বর”। এখন থেকে বঙ্গবন্ধুকে নিয়ে সব অনুষ্ঠান এখানেই হবে।’
প্রতিকৃতির নকশাকার মোহাম্মদ জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, সিমেন্টের দেয়ালে টাইলস দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করা হয়েছে। প্রতিকৃতিটির আকার সাড়ে চার ফুট বাই ছয় ফুট।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার আছে, বুদ্ধিজীবী চত্বর আছে, কিন্তু যাঁর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাঁর কোনো স্মৃতিচিহ্ন এত দিন ছিল না। বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের মধ্যে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে যুক্ত হলো। এই প্রতিকৃতি তরুণ শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত করবে।’
বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি স্থাপন করায় শিক্ষার্থীদের মধ্যেও উচ্ছ্বাসের শেষ নেই। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী মাহফুজা পাঁপড়ি ও আইন বিভাগের শিক্ষার্থী হারুনুর রশিদ বলেন, ‘বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তাঁর প্রতিকৃতি আমাদের সাহস জোগাবে। মুক্তিযুদ্ধের কথা মনে করিয়ে দেবে। তাঁর সাহসিকতা ও নেতৃত্বগুণ তরুণদের জন্য অনুসরণীয়।’