চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন নবীন শিক্ষার্থীদের সরব উপস্থিতি। তাঁদের পদচারণে মুখর হয়ে উঠেছে সবুজ ক্যাম্পাস, যেন প্রাণের উচ্ছ্বাসে জেগেছে বিশ্ববিদ্যালয়। স্নাতক প্রথম বর্ষের (২০১১-১২ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা ঘিরে নগর থেকে ২২ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে গড়ে ওঠা ক্যাম্পাস এখন পরিণত হয়েছে নবীনের মিলনমেলায়।ক্যাম্পাসে এসে মুগ্ধ নতুন শিক্ষার্থীরা। ময়মনসিংহ থেকে আসা মিজানুর রহমান বলেন, ‘এক কথায় চমৎকার ক্যাম্পাস। চারদিকে সবুজ আর সবুজ।’ আবার শাওন আর আরাফাতের মুগ্ধতা ‘শাটল ট্রেন’ নিয়ে। জানালেন, ‘এত দিন শুধু শুনেছি, এবার উপভোগ করলাম শাটলের মজা।’ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী এসব পরীক্ষার্থী আশাবাদী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ব্যাপারেও।তাঁদের মতো অন্য ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরাও উচ্চশিক্ষা নিয়ে বুনছেন স্বপ্নের জাল। তাঁদের কারও স্বপ্ন বিজ্ঞান অনুষদের বিভাগে পড়াশোনার, কারও স্বপ্ন আবার বাণিজ্যে উচ্চশিক্ষা গ্রহণের। কেউ চাইছেন সমাজবিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে ভর্তি হতে। আবার এঁদের মধ্যে কেউ স্বপ্ন দেখছেন আইন বিভাগে ভর্তি হয়ে আইনজীবী হওয়ার। এ ছাড়া বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট ও জীববিজ্ঞান এবং মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটে ভর্তি হওয়ার আগ্রহী শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মুগ্ধতা শুধু ক্যাম্পাসের পরিবেশ নিয়ে নয়। কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের সহযোগিতায়ও খুশি শিক্ষার্থীরা। রংপুর থেকে আসা সাগর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বড় ভাইদের সহযোগিতার মনোভাব মনে থাকবে অনেক দিন।’ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের হলে জায়গা করে দিতে নিজেদের আসন ছেড়ে দিয়েছেন অনেকে। হলের অনেক ছাত্রকে ভর্তি পরীক্ষা চলাকালে রাত কাটাতে হচ্ছে বন্ধুদের বাসায় বাসায়। গত শনিবার থেকে শুরু হয়েছে আট ইউনিটের ভর্তি পরীক্ষা। শেষ হবে আগামী ১ ডিসেম্বর। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন এক লাখ ২৩ হাজার ৪৪৮ জন। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন মাত্র তিন হাজার ৮৬৯ জন।