সবুজ ঘাসে শুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের চারপাশ দিয়ে ঘুরতাম। দালানগুলোর গন্ধ নিতাম। আমার যেকোনো জিনিসের গন্ধ নিতে খুব ভালো লাগে, তাতে অনেক কিছু বুঝতে পারি। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গিয়ে বই খুলতাম। পড়তাম, ১ ন্যানোমিটার=১০-৯ মিটার। এলোমেলো চুল, কাঁধে মোটা ব্যাগ, চোখে মোটা চশমা, আত্মভোলা এক স্যার। গোল্ডের ন্যানো পার্টিকেল নিয়ে আমি স্যারের সঙ্গে যুক্তিতর্ক চালাচ্ছি। পরের ক্লাস কিছুক্ষণ পরই। তাড়াহুড়ো করে ছুটছি। বিকেলে লম্বা ঘাসের বুকে বই-খাতা ছড়িয়ে আমরা চার-পাঁচজন মিলে তুমুল বিতর্ক: ‘বারমুডা ট্রায়াঙ্গেলে আসলে বিরাট কোনো চৌম্বকক্ষেত্র থাকতে পারে। না—কড়া প্রতিবাদ আসে—আসলে কিছুই না, সবই আসলে কল্পনাবিলাসী মানুষের রঙিন রূপকথা।’হঠাৎ শুনি, মেসের সিনিয়র ভাই রুমের বাতি নিভিয়ে দিয়ে টেবিলল্যাম্প জ্বালাতে বলছেন। ল্যাম্প জ্বালিয়ে আমি পড়ছি, ১ ন্যানোমিটার=১০-৯ মিটার।সারা দিন ক্লাস-ল্যাব করে হলে ফিরে শুয়ে থাকি কিছুক্ষণ। তন্দ্রা কেটে গেলে আবার ভাবতে থাকি: আলোকবিজ্ঞানের সূত্রগুলো আজ রাতেই শেষ করতে হবে, আরশাদ স্যারের হোমওয়ার্কটার জন্য নেটে বসতে হবে, ফার্মগেটের টিউশনিটায় তিন দিন গ্যাপ হয়ে গেল...। মাঝেমধ্যেই খুব ক্লান্ত লাগে। শর্টসার্কিটের মতো পোড়া-পোড়া গন্ধ পাই নাকে। পুকুরপাড়ের দিকের জানালায় তাকিয়ে ভাবি: কার্জন হলের সবুজ ঘাসের বুকে শুয়ে আছি। আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শাসন করছে কেউ—এভাবে আর পড়বে না, দুপুরে ক্লাসের ফাঁকে অবশ্যই কলা আর ডিম খাবে, ছোট বোনের পড়াশোনার খবর নিয়ে এত চিন্তার কারণ নেই। চোখের ওষুধ দিতে একবারও ভুল করা যাবে না...।আমি অবাক হয়ে খেয়াল করি, আমি কিছুই দেখছি না, কেননা চোখ দুটো ঝাপসা হয়ে গেছে ততক্ষণে। নাম-ঠিকানা পাওয়া যায়নি