সবুজ দেখে 'স' শিখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারপাশের জিনিস ​চিনিয়ে সন্তানকে বর্ণমালা শেখাতে পারেন। মডেল: বর্ষা ও আ​য়ান, ছবি: অধুনা
চারপাশের জিনিস ​চিনিয়ে সন্তানকে বর্ণমালা শেখাতে পারেন। মডেল: বর্ষা ও আ​য়ান, ছবি: অধুনা

আগে আদর্শলিপি থেকে ক্রমানুসারে বর্ণমালা শেখানো হতো। আর এতেই শিশুদের অক্ষরজ্ঞান শুরু হতো। কিন্তু এ ব্যবস্থার পরিবর্তন করে পাঠ্যবইয়ে বর্ণমালার পাশে যোগ করা হলো বিভিন্ন প্রাণী, বস্তু কিংবা প্রকৃতির ছবি। এসব ছবি দেখে দেখে শিশুরা বর্ণমালা শিখছে। এর ফলে শুধু বর্ণমালাই শেখা হচ্ছে না, ওই সব ছবির বিষয় সম্পর্কেও জানতে পারছে। কেউ আবার পরিচিত বিষয়বস্তু থেকে বর্ণ শিখছে।
বাজারে এখন পাওয়া যায় ম্যাজিক স্লেট, বর্ণমালার গাড়ি, সুডোকুর মতো বর্ণমালা, সংখ্যার ব্লক, পাজলসহ নানা রকম শেখার সামগ্রী। রয়েছে ম্যাজিক স্টিক বুকসেট। যেটায় ব্যাটারিচালিত একটি লাঠি থাকে, যা বইয়ের ওপর ধরলে প্রতিটি বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ শোনা যায়। আছে কার্ডের মাধ্যমে শেখারও সুযোগ। তারপরও নিজের আশপাশে থাকা বিভিন্ন বস্তু দেখে, সেটার নাম জেনে বর্ণমালা শেখার পদ্ধতিটা বেশ কার্যকর।
এ ব্যাপারে ঢাকার আনন্দ নিকেতন ইউরোপিয়ান স্কুলের অধ্যক্ষ ইসমাত সুলতানা বলছিলেন, ‘অ, আ, ই, ক, খ ধারাবাহিকভাবে না শিখিয়ে, পরিচিত জগতের মাধ্যমে বর্ণমালা শেখালে শিশুরা সহজে বর্ণগুলো শিখতে পারে। যেমন: ব-তে বই/ বল, ক তে কলা/ কমলা, স-তে সবুজ, গ-তে গাছ ইত্যাদি। এভাবে শিশুকে তার পরিচিত জগৎ দেখিয়ে নানান উপকরণের মাধ্যমে তাদের সহজভাবে বর্ণ শেখাতে পারি।’

চারপাশের জিনিস ​চিনিয়ে সন্তানকে বর্ণমালা শেখাতে পারেন। মডেল: বর্ষা ও আ​য়ান, ছবি: অধুনা
চারপাশের জিনিস ​চিনিয়ে সন্তানকে বর্ণমালা শেখাতে পারেন। মডেল: বর্ষা ও আ​য়ান, ছবি: অধুনা

সব শিশু একইভাবে শেখে না। শুনে-দেখে, খেলে, ছন্দে, নাচে-গানে নানানভাবে শেখে। তাই যে বাচ্চা যেভাবে মজা পাবে, সেভাবে শেখানো উচিত। তাতে সে বর্ণমালা যেমন শিখতে পারবে, আনন্দও পাবে।
যেমনটা হয়েছে আরিশের ক্ষেত্রে। আইপ্যাডে ইংরেজি গান শুনতে চাইত দুই বছর বয়সী আরিশ। আর গান শুনতে শুনতে গত ছয় মাসের মধ্যে ইংরেজি বর্ণমালা শিখে ফেলেছে। পাশাপাশি কিছু ইংরেজি শব্দও আয়ত্ত হয়েছে তার। আরিশের মা বলেন, ‘আমি চেষ্টা করছি এখন থেকে পরিচিত বাংলা শব্দ বা আশপাশে থাকা বিষয়বস্তুর বাংলা শব্দ শেখাতে। আর এসব শব্দ থেকে বাংলা বর্ণ শেখাব।’
অবশ্য ইসমাত সুলতানার মতে, আগে মাতৃভাষার বর্ণ শেখাতে হবে। নিজের ভাষার সঙ্গেই শিশুরা পরিচিত হয় আগে। ভালোভাবে নিজের ভাষা আয়ত্ত করতে পারলে পরে অন্য ভাষাও আয়ত্ত করা যায়।
ছবি দেখে দেখে শেখার ব্যাপারে চিত্রশিল্পী ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য বলেন, ছবি দেখে শিখলে দুটি বিষয় আয়ত্ত হয়। প্রথমত বর্ণ, আবার যে ছবি দেখে শেখা হচ্ছে, সে বিষয়বস্তু চেনা যায়।
কার্টুন নাকি ছবি দেখে শেখা ভালো? শিশির ভট্টাচার্য্য বলেন, শিশুরা কার্টুন পছন্দ করে ঠিক। কিন্তু কার্টুনের মাধ্যমে এমন চিত্র তুলে ধরা যাবে না, যেটি শিশুরা দেখে চিনতে পারবে না। তাই বাস্তব ছবি দেখে শেখানো উচিত।