সবুজ পরিবেশকে ধরে রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডি-রেড আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইন
বিডি-রেড আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইন

পরিকল্পিত সবুজ অরণ্যের চট্টগ্রাম হতে পারে বিশ্বের শ্রেষ্ঠ নগর। দ্রুত বর্ধনশীল এই শহরের সৌন্দর্য ধরে রাখা এবং তা আরও বাড়ানোর ব্যাপারে নগর পরিকল্পনাবিদদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
২৪ সেপ্টেম্বর নগরের একটি হোটেলে বিডি-রেডের ১১তম আবাসন মেলা উপলক্ষে গোলটেবিল আলোচনায় বক্তারা এমন অভিমত দিয়েছেন। বক্তারা আবাসন গড়ে তোলার ক্ষেত্রে চট্টগ্রামের সবুজ পরিবেশকে ধরে রাখার ওপর জোর দেন।
‘সবুজ নগরী গড়তে আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইন।
বিডি-রেডের উপদেষ্টা মাসউদুর রহমানের সঞ্চালনায় বৈঠকে স্বাগত বক্তব্য দেন বিডি-রেডের প্রধান নির্বাহী মো. ইয়াছিন খান। আরও বক্তব্য দেন সুবসতি প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. এহসানুল হক চৌধুরী, সিটি হোমস লিমিটেডের প্রধান নির্বাহী খোরশেদুল আলম, নজরুল গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক নাজিমুদ্দিন, আলী হায়দার, নজরুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্যে বিডি-রেডের প্রধান নির্বাহী মো. ইয়াছিন খান বলেন, ‘যেটুকু খালি জায়গা পাওয়া যায় সেখানে এবং ভবনের ছাদে গাছ লাগিয়ে আমরা সবুজ নগর গড়ার ক্ষেত্রে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে পারি।’ এবারের মেলায় আসা দর্শনার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হবে বলে তিনি জানান।
সুবসতি প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আবাসন গড়ে তোলার ক্ষেত্রে সিডিএর অনুমোদিত নকশা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন।
সিটি হোমস লিমিটেডের প্রধান নির্বাহী ডেভেলপার হিসেবে নিজেদের দায়বদ্ধতার বিষয়টি স্মরণ রাখার ওপর জোর দেন।
নজরুল গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘চট্টগ্রামে পাহাড় আছে বলে গাছ আছে। তাই কিছুটা হলেও আমরা সবুজ বেষ্টিত জীবন উপভোগ করছি। এই সবুজ পরিবেশকে ধরে রাখতে হবে।’ বিজ্ঞপ্তি।