সবুজ পাহাড় আর ঝরনার হাতছানি
সামনে ঈদের ছুটি। ভাবছেন কীভাবে এ ছুটি উপভোগ করবেন। আপনাকে ডাকছে রাঙামাটির পাহাড় নদী আর ঝরনা। এ বর্ষায় পাহাড়ের সারি, সবুজ গাছপালা আর ঝরনাগুলো মেলে ধরেছে সব সৌন্দর্য। এ রকম দর্শনীয় কিছু স্থানের কথা পাঠকদের সামনে তুলে ধরা হলো।পাহাড় আর ঝরনা: পাহাড়ে ওঠা বা হাইকিংয়ের অভ্যাস যাঁদের তাঁরা যেতে পারেন পাহাড় আর ঝরনা দেখতে। যেতে পারেন ঘাগড়া বড়ইছড়ি সড়কের ওয়াগ্গা সাপছড়ি ছড়া ও সাপছড়িমোন আদামে। সাপছড়িমোন আদামের চূড়া থেকে রাঙামাটি শহর ও কাপ্তাই হ্রদের একাংশ এবং চট্টগ্রাম শহর দেখা যায়। এরপর যেতে পারেন ঘাগড়া কলাবাগানের পূর্বপাশের পাহাড়ি ঝরনা দেখতে। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের উত্তর পাশে বড় পাহাড় ফুরামোনের চূড়ায় উঠতে পারেন বন্ধুদের নিয়ে। সেখান থেকে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখার পাশাপাশি পাখির চোখে দেখতে পাবেন চট্টগ্রাম ও রাঙামাটি শহর। পাহাড়ের মাঝামাঝি স্থানে রয়েছে বৌদ্ধ ভিক্ষুদের সাধনার স্থান। তবে সারা দিন থাকা বা রাতযাপন করতে হলে খাওয়া-দাওয়ার ব্যবস্থাসহ থাকার প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে নিতে হবে। পাখির চোখে প্রকৃতি দেখতে হলে ফুরামোন ছাড়াও যেতে পারেন সুবলং থেকে পূর্বে সবুজ বনানীতে আচ্ছাদিত বড় পাহাড় ফালিটাঙ্যামোনে। মুক্তিযুদ্ধের সময় ওই পাহাড়ে পাকিস্তানি সৈন্যরা বাংকার খুঁড়েছিল বলে অনেকে ওই পাহাড়কে পাকিস্তান টিলা বলে। বরকল সদর থেকে পাহাড় বেয়ে ওই টিলার চূড়ায় যেতে হয়। এখান থেকে মিজোরামের বিজলির আলোয় আলোকিত আইজল শহর, রাঙামাটি শহর ও কাপ্তাই হ্রদের বিশালতা দেখা যায়। খাওয়া-দাওয়া ও থাকার প্রয়োজনীয় সরঞ্জাম নিজেদেরই নিতে হয়। রাঙামাটি টু কাপ্তাই: আপনার নিজস্ব বাহন থাকলে ঘুরে আসতে পারেন আসামবস্তি কাপ্তাই সড়ক। নতুন এ সড়কের চূড়া থেকে দেখতে পাবেন কাপ্তাই হ্রদের সৌন্দর্য। সড়কের প্রতিটি স্থান থেকে উপভোগ করা যায় প্রাকৃতিক সৌন্দর্য। সুবলং ঝরনা: রাঙামাটি শহর থেকে নৌপথে যেতে পারেন সুবলং ঝরনায়। বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝরনার আশপাশের এলাকায় কিছুটা আধুনিকতার ছোঁয়া লাগানো হয়েছে। প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে নেমে আসা ঝরনার স্বচ্ছ জলরাশি পর্যটকদের আকর্ষণ করবেই। রাঙামাটি শহর থেকে ট্রলার ভাড়া করে যেতে হয় সুবলং ঝরনায়। রিজার্ভ বাজার ও তবলছড়ি লঞ্চঘাট এবং বনরূপার দেওয়ানপাড়ার সমতাঘাট থেকে সুবলং যাওয়ার ট্রলার ভাড়া পাওয়া যায়। ।ঝুলন্ত সেতু: রাঙামাটির ঝুলন্ত সেতুটি এখন সিম্বল অব রাঙামাটি। ৩৩৫ ফুট দীর্ঘ এ সেতু কাপ্তাই হ্রদের ওপর দুটি পাহাড়কে যুক্ত করেছে। শহরের শেষ সীমানায় পর্যটন এলাকায় সেতুটির অবস্থান। সেতু পেরিয়ে কিছুদূর গেলে ডিয়ার পার্ক এলাকায় দেখা যায় আদিবাসী গ্রাম। রাজবন বিহার: রাঙামাটি রাজবন বিহার বৌদ্ধদের তীর্থস্থান। বিভিন্ন ভবনের নির্মাণশৈলী এবং সাড়ে ৩৩ একর জায়গা বিস্তৃত শান্ত সবুজ বৃক্ষের ছায়া আপনাকে মুগ্ধ করবে। রাজবাড়ি এলাকায় ১৯৭৬ সালে রাজবন বিহার প্রতিষ্ঠিত হয়। সেখানে রয়েছে সুদৃশ্য চারটি বৌদ্ধমন্দির, বৌদ্ধ ভিক্ষুদের ভাবনাকেন্দ্র, বিশ্রামাগার, তাবতিংশ স্বর্গ, বেইন ঘরসহ নানা দর্শনীয় স্থান। চাকমা রাজবাড়ি: রাজবন বিহারের দক্ষিণ-পূর্বে চাকমা রাজবাড়ি। রাজবাড়ির প্রবেশদ্বারে রয়েছে দুটি সিংহমূর্তি এবং দুটি ছোট কামান। কালের আবর্তে চাকমা রাজার প্রভাব প্রতিপত্তি কমে গেলেও এখনো শোভা পাচ্ছে মোগলদের কাছ থেকে অধিগ্রহণ করা কামান, রাজা ভুবনমোহন রায়ের মূর্তি ও রাজবিহারের বিশাল বুদ্ধমূর্তি। ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর: রাঙামাটি শহরের প্রবেশমুখে ভেদভেদি এলাকায় রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট জাদুঘর। রাঙামাটি এসে এ জাদুঘর না দেখে চলে যাওয়া মানে একটি ইতিহাস দেখা থেকে বঞ্চিত হওয়া। জাদুঘর ভবনের দোতলায় রয়েছে আদিবাসী জাতিগুলোর ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতির অনেক নিদর্শন। আছে পার্বত্য চট্টগ্রামের তিন রাজা—চাকমা, বোমাং ও মং রাজা, রাজপুত্র ও তাঁদের পরিবারবর্গের ব্যবহূত রাজকীয় পোশাক, তলোয়ার, কামান, তৈজসপত্র আর দলিল দস্তাবেজ। এ ছাড়াও রয়েছে বিভিন্ন রাজার খাজনা আদায়ের অনুষ্ঠান ও রাজপুণ্যাহর আলোকচিত্র, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, রুপা, হাতির দাঁতের অলংকার, পুঁতিরমালা, বিভিন্ন পাহাড়ি সমপ্রদায়ের স্বতন্ত্র ধারার সাংস্কৃতিক বৈশিষ্ট্যের নিদর্শন। এ ছাড়া আছে বিভিন্ন সমপ্রদায়ের উৎসব, খেলাধুলা ও পূজাপার্বণ নিয়ে আঁকা আলোকচিত্র। এসব দেখে আদিবাসীদের উৎসব সম্পর্কেও দর্শনার্থীরা জানতে পারবেন।বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ স্মৃতিসৌধ: ১৯৭১ সালের ২০ এপ্রিল নানিয়ারচরের বুড়িঘাট এলাকার চিংড়ি খালে বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পাক বাহিনীর খাগড়াছড়ি অভিযান প্রতিরোধ করে সহযোদ্ধাদের পিছিয়ে যাওয়ার সুযোগ করে দেন। তাঁর স্মৃতি রক্ষার্থে ১৯৯৭ সালে রাঙামাটি শহর থেকে নৌপথে ১৫ কিলোমিটার দূরে নির্মাণ করা হয় স্মৃতিসৌধ। পেদা টিং টিং: বেসরকারি পর্যটনকেন্দ্র পেদা টিং টিং। কাপ্তাই হ্রদের মাঝখানে প্রায় সাত একরের একটি দ্বীপে গড়ে উঠেছে এ কেন্দ্রটি। যেকোনো পর্যটক কোলাহলমুক্ত পরিবেশে সময় কাটাতে পারেন এখানে। চাইলে রাতযাপনও করতে পারেন। টুক টুক ইকো ভিলেজ: রাঙামাটি শহর থেকে নৌপথে প্রায় সাত কিলোমিটার দূরে বালুখালী ইউনিয়নে রয়েছে টুক টুক ইকো ভিলেজ। এখানে প্রায় ৩৫ একর জায়গাজুড়ে রয়েছে ছোট ছোট টিলা। রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চাইলে টুক টুক ইকো ভিলেজে যেতে পারেন।