সবুজ পৃথিবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশাল বিশাল বইয়ের তাক। সারি সারি করে সাজানো রয়েছে নানান বই, জার্নাল, ম্যাগাজিন। তিনতলা সিঁড়ি ভেঙে অবশেষে এসে পৌঁছলাম গন্তব্যে। সম্মেলনের বিশাল রুমে ঢুকেই দেখা গেল উজ্জ্বল চোখের উচ্ছ্বসিত তারুণ্য। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে আমি মারুফা ইসহাক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সুমাইয়া তাবাসসুম আহমেদ নেপালের কাঠমান্ডুুতে এসেছি ‘এশিয়া-প্যাসিফিক গ্র্যাজুয়েটস ইয়ুথ ফোরাম অন গ্রিন ইকোনমি’তে অংশ নিতে। বাংলাদেশ থেকে আহমেদুল আজমও অংশ নিয়েছেন, তবে তিনি কাঠমান্ডুতেই পড়াশোনা করছেন।আমাদের প্রথম দিনের গন্তব্য ছিল ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্ট্রিগ্রেটেড মাউনটেইন ডেভেলপমেন্ট’-এর হেড অফিস। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত, শ্রীলঙ্কাসহ ১৪টি দেশ থেকে শ খানেক শিক্ষার্থী অংশ নিয়েছেন এই ইয়ুথ ফোরামে। তাঁদের বাছাই করা হয়েছে এক হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে। আর এর আয়োজনে ছিল স্মল আর্থ নেপাল (SEN), ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের কনসোর্টিয়াম ফর ক্যাপাসিটি বিল্ডিং এবং এশিয়া-প্যাসিফিক মাউনটেইন নেটওয়ার্ক।২৫ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই শুরু হলো মূল পর্ব। বিভিন্ন গবেষকের আলোচনায় ও উপস্থাপনার বিষয়বস্তুতে ছিল সবুজ অর্থনীতির বিভিন্ন দিক। একই সঙ্গে বর্তমান শতাব্দীর বিভিন্ন সমস্যা, সবুজ উদ্যোগ, টেকসই উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার—এসবও ছিল আলোচনার প্রধান প্রধান বিষয়। সেদিন রাতেই আমাদের তৈরি করতে হয়েছে প্রেজেন্টেশন ‘বাংলাদেশে সবুজ অর্থনীতির বর্তমান অবস্থা’। শুধু আমাদেরই নয়, অংশগ্রহণকারী প্রতিটি দেশকেই এ ধরনের প্রেজেন্টেশন দিতে হয়েছে সম্মেলনের দ্বিতীয় দিনে। কম-বেশি হলেও এ অঞ্চলের প্রায় সব দেশেরই সবুজ অর্থনীতির অবস্থা প্রায় একই।পাঁচ দিনের এই কর্মসূচিতে দারুণ একটা অংশ ছিল জৈব কৃষি গবেষণা খামারে যাওয়া। কোনো রকম রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার ছাড়াই মদন রায় প্রায় ১০ বছর ধরে তাঁর খামার পরিচালনা করছেন। তিনি বলেন, প্রথমে উৎপাদন কম হলেও, এ পদ্ধতিতে ধীরে ধীরে মাটির উর্বরতা শক্তি বাড়তে থাকে ও ফলন বাড়ে। নেপালের বিভিন্ন জায়গায় এখন জৈব পদ্ধতিতে চাষাবাদের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আরেকটা উল্লেখযোগ্য জায়গার মধ্যে ছিল ললিতপুরের ‘গদাভরি নলেজ পার্ক’। সেখানকার পাহাড়ি এলাকার ভূমির ব্যবহার, বৃষ্টির পানি ধরে রাখা, বায়োগ্যাস উৎপাদন এবং বেশকিছু পরিবেশবান্ধব প্রযুক্তির চমৎকার সব ব্যবহার দেখানো হয়।আঞ্চলিক এই সৃেম্মলনটির একটি বিশেষ উদ্দেশ্য ছিল, পাঁচজন প্রতিনিধি নির্বাচন করা। তাঁরা এ বছরের নভেম্বরে কাতারের দোহায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, কোপ ১৮ (কনফারেন্স অব পার্টিজ-১৮)-তে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে তরুণদের প্রতিনিধিত্ব করবেন। টানা পাঁচ দিনের সম্মেলনের শেষের দিনে অর্থাৎ ২৯ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে তাঁদের নাম ঘোষণা করা হয়। তাঁরা হলেন: নেপালের সাগর আরিয়াল ও তিমিলা, কম্বোডিয়ার নেত্রা চ্যাপ, ভারতের রোজিতা সিং ও বাংলাদেশের মারুফা ইসহাক।এত কিছুর মধ্যেও বন্ধুত্ব, অভিজ্ঞতার বিনিময় আর ঘুরে বেড়ানো—দারুণ এই শব্দগুলো কিন্তু বাদ থাকেনি। নতুন অনেক বন্ধু যেমন হয়েছে, তেমনি বেশ মজার কিছু অভিজ্ঞতাও হয়েছে। আসলে যতক্ষণ পর্যন্ত শিক্ষা জীবনের সঙ্গে যুক্ত না হচ্ছে, ততক্ষণ শিক্ষা যেন অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তবু বিদায়বেলায় একটা আক্ষেপ রয়েই গেল, হিমালয় দেখা হলো না। ফিরতি পথে মেঘের ওপর ভাসতে ভাসতে হঠাৎ বহুদূরে দৃষ্টি আটকে গেল। হিমালয়ের চূড়া দেখা যাচ্ছে। আর তার ওপর সকালের সূর্যের ঝকঝকে আলোয় সোনালি হিমালয় যেন নিজেই এক মহাবিস্ময়!