
সিলেট এমসি কলেজের পুকুরপাড়ে সকালবেলা ঠান্ডা ঠান্ডা আমেজ থাকে। একে তো চারপাশ টিলায় ঘেরা, তার ওপর শহরের এক কোনায় হওয়ায় শীতের আঁচ এখানে ভালোই টের পাওয়া যায়। ১ ডিসেম্বর সকালে সদ্য ছড়িয়ে পড়া রোদের আলো সঙ্গী করে যখন কলেজে পৌঁছেছি, তখন পাখির কিচিরমিচির শোনা যাচ্ছিল। সেই শব্দ ছাপিয়ে বাতাসে ভেসে আসছিল ক্যাম্পাসের এখানে-ওখানে জটলাবাঁধা শিক্ষার্থীদের কতশত কথা!
দিঘির পাড়ে ছড়িয়ে ছিটিয়ে বসেছেন অনেকে। একদল যাচ্ছেন তো আরেক দল এসে দখল করছেন তাঁদের জায়গা। একদিকে হারমোনিয়াম-তবলা-করতাল নিয়ে গানেও মশগুল কেউ কেউ। কাছে যেতেই শোনা গেল এক শিল্পী গাইছেন হাসন রাজার সেই বিখ্যাত গান, ‘লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা না আমার...’।
গুণীজনের চিহ্ন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালে সিলেট সফরে এসেছিলেন। সেবার কলেজের শিক্ষার্থীরা তাঁকে সংবর্ধনা দিয়েছিলেন। জবাবে রবীন্দ্রনাথও একটি ভাষণ দিয়েছিলেন, যেটি পরে শান্তিনিকেতন (পৌষ ১৩২৬) পত্রে ‘আকাঙ্ক্ষা’ শিরোনামে ছাপা হয়েছিল। কবিগুরু শুরুতেই বলেছিলেন, ‘এই যে ছাত্রেরা এখানে আমাকে আহ্বান করেছে, এটা আনন্দের কথা। ছাত্রদের মধ্যে আমার আসন আমি সহজে গ্রহণ করতে পারি। সে কিন্তু গুরুরূপে নয়, তাদের কাছে এসে তাদের মধ্যে বসে।’
বাংলা একাডেমির সাবেক সভাপতি সৈয়দ মুর্তাজা আলী, গবেষক নীহার রঞ্জন রায়, ছন্দবিশেষজ্ঞ প্রবোধ চন্দ্র সেন, গবেষক যতীন্দ্র মোহন ভট্টাচার্য, দেওয়ান মোহাম্মদ আজরফ, কবি অশোক বিজয় রাহা, প্রখ্যাত গণসংগীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাস, সাবেক মন্ত্রী অক্ষয় কুমার দাস, প্রয়াত বাম নেতা প্রসূণ কান্তি বরুণ রায়, কথাসাহিত্যিক শাহেদ আলী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ, সাবেক সাংসদ দেওয়ান ফরিদ গাজী, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, এম সাইফুর রহমান, বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামসহ অসংখ্য গুণীজন একসময় এই কলেজের শিক্ষার্থী ছিলেন।
রাজকীয় শুরু
সিলেট নগরের রায়নগর এলাকার খ্যাতিমান জমিদার দেওয়ান মানিকচাঁদ রায়ের অধস্তন পুরুষ ছিলেন রাজা মুরারিচাঁদ রায়। তাঁর পূর্বপুরুষেরা দিল্লির দরবার থেকে রাজকর্মচারী হিসেবে মুর্শিদাবাদ এসেছিলেন। তাঁদেরই একজন গিরিশচন্দ্র রায়।
১৮৯২ সালে তিনি মুরারিচাঁদ কলেজ প্রতিষ্ঠা করেন। কালক্রমে এটিই এমসি কলেজ নামে পরিচিতি পায়। ১৯১২ সালের ১ এপ্রিল কলেজটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে পথচলা শুরু করে।
প্রিয় প্রাঙ্গণ
১২৭ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত কলেজে রয়েছে ১৮ একর জুড়ে বিস্তৃত খেলার মাঠ ও তিনটি ছোট-বড় পুকুর। প্রায় ১৩ হাজার শিক্ষার্থী এখানে পড়ছেন। উচ্চমাধ্যমিক (বিজ্ঞান), ডিগ্রি (পাস) সহ ১৮টি বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পড়ানো হয়। শিক্ষক আছেন ২৪৪ জন।
শিক্ষার্থীদের অবসর কাটে পাঠাগার, কমনরুম, গেমসরুম, ক্যানটিন, শহীদ মিনার, সুউচ্চ টিলা, পুকুরপাড়, মিলনায়তন চত্বর কিংবা জারুলতলায়। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা গান-নাচ, আবৃত্তি, বিতর্ক, নাটক, ফটোগ্রাফি, লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ডেও নিয়মিত অংশ নিচ্ছেন।
ক্লাসরুমের বাইরে
কথা হলো কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, বাংলা বিভাগের ছাত্র ওলিউর রহমান ও সাধারণ সম্পাদক, অর্থনীতি বিভাগের সামস উদ্দিনের সঙ্গে। জানালেন, বসন্ত বরণ, বর্ষা উদ্যাপন, বৃক্ষরোপণ, চলচ্চিত্র প্রদর্শনী, নবান্ন উত্সব, বার্ষিক আনন্দ ভ্রমণ, রক্তদান কর্মসূচি, পথনাটক মঞ্চায়নসহ বছরজুড়েই থাকে তাঁদের নানা কার্যক্রম। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মহড়ার জন্য একটা কক্ষ বরাদ্দও রেখেছে কলেজ কর্তৃপক্ষ।
মোহনা সাংস্কৃতিক সংগঠন ছাড়াও থিয়েটার মুরারিচাঁদ, জাতীয় কবিতা পরিষদ, ধ্রুবক ক্লাব, ভোটানিক্যাল সোসাইটি, কেমেস্ট্রি ক্লাব, ইকোনমিকস ক্লাব, রোভার স্কাউট, বিএনসিসি, ফটোগ্রাফি সোসাইটি, সূর্যদয়—এমন অনেকগুলো সংগঠনের সঙ্গে শিক্ষার্থীরা সম্পৃক্ত আছেন।
বন্ধুতা
পুকুরপাড়ে গানের আসরে যাঁরা নেতৃত্ব দিচ্ছিলেন, তাঁদের মধ্যে দুজন সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী মণিকা রানী দাশ এবং একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র লিংকন দাশ। গান শেষে জানালেন, ক্লাসের ফাঁকে এই সুরেলা আড্ডা নিয়মিতই চলে। প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের পারভীন আক্তার, পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের জহিরুল ইসলাম, উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের মঈনুল হোসাইন তালুকদার, বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শাহ রুকন্নুজ্জামান—সবাই মিলে তো এমনটাও বললেন, একদিন ক্যাম্পাসে না এলে নাকি দিনটাই পানসে হয়ে যায়!
পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী তমালিকা তালুকদার বলছিলেন, ‘এই ক্যাম্পাসে না এলে বোধ হয় জানাই হতো না, এত সুন্দর একটা জায়গা সিলেটে আছে। সত্যিই ছবির মতো সুন্দর আমাদের ক্যাম্পাস।’ মাথা নেড়ে সায় দিলেন পাশেই বসে থাকা বিএ (পাস) তৃতীয় বর্ষের ছাত্রী তামান্না রহমান, বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কনকলতা দেবনাথ ও ইংরেজি প্রথম বর্ষের ছাত্র মোশাররফ হোসেন।
পড়ালেখা করে যে
মুন্না রানী দেব পড়ছেন উদ্ভিদবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষে। সম্প্রতি তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশিত হলো। জিপিএ-৩.৭২ পেয়ে তাঁর অবস্থান দ্বিতীয়। বলছিলেন, ‘পড়াশোনার ফাঁকে নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিই। প্রিয় ক্যাম্পাসে কত স্মৃতি জড়িয়ে রয়েছে। একদিন এই ক্যাম্পাস ছেড়ে চলে যাব। কিন্তু সহপাঠী আর ক্যাম্পাসকে খুব মনে পড়বে। আমি যেহেতু উদ্ভিদবিদ্যায় পড়ছি, গাছপালা নিয়েই কাজ করতে চাই।’
আমির হামজা পড়ছেন রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষে। দ্বিতীয় বর্ষে তিনি জিপিএ-৩.০০ পেয়েছেন। তিনি বলেন, ‘অনেক কষ্ট করে পড়াশোনা করছি। নাইট স্কুলে পড়াশোনা শেষে কলেজে স্নাতকে ভর্তি হয়েছি। ভবিষ্যতে শিক্ষক হতে চাই।’

শিক্ষার্থীদের সুনাম ছড়িয়ে পড়ছে
নিতাই চন্দ্র চন্দ, অধ্যক্ষ
দেশ-বিদেশের অনেক গুণী ও প্রতিষ্ঠিত ব্যক্তি এই কলেজে পড়াশোনা করেছেন। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এখনো এই কলেজে অসংখ্য মেধাবী শিক্ষার্থী রয়েছে, যারা ভালো ফল করার জন্য মুখিয়ে আছে। আশা করি, তারা আমাদের মুখ আরও উজ্জ্বল করবে। খেলাধুলা, সংস্কৃতি, সাহিত্যচর্চায় এই কলেজের শিক্ষার্থীদের সুনাম সিলেটসহ সারা দেশেই ছড়িয়ে পড়ছে। ঐতিহ্যবাহী একটা শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে থাকতে পেরে মাঝেমধ্যে সত্যিই গর্ব হয়।’