বিশ্ব পরিবেশ দিবস আজ: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সবুজ বাঁচাতে তারুণ্যের সংগ্রাম
কখনো চারা রোপণ, কখনো পরিবেশ নিয়ে সচেতনতা তৈরিতে সভা-সমাবেশ। কখনো নিজেরাই লেগে যান ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে। আবার কোথাও গাছ কাটার কথা শুনলে সবাই মিলে দেয় ছুট। সবুজ বাঁচাতে একদল তারুণ-তরুণীর নিরন্তর সংগ্রাম। তাঁরা পড়ছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। তাঁদের দলবদ্ধ প্রয়াস গ্রিন ফর পিস।
পরিবেশদূষণ রোধে মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে ১৯৯৮ সালের ৫ জুন যাত্রা শুরু হয় সংগঠনটির। শুরুর দিকে সদস্য ছিল ১৮ জন; যা এখন ১১৮ জনে দাঁড়িয়েছে। তাঁদের মতে, শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে হলে পরিবেশ থাকতে হবে দূষণমুক্ত। আর এ জন্য দরকার সবুজায়ন। এই কথা সবার মধ্যে ছড়িয়ে দিতে পরিবেশ সচেতনতামূলক নানা উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি। বনাঞ্চলের চাহিদা পূরণ ও গাছ লাগানোর ব্যাপারে মানুষকে উৎসাহিত করতে তারা নিয়মিত পরিচালনা করছে বৃক্ষরোপণ কর্মসূচি। এর অংশ হিসেবে নিজেদের ক্যাম্পাসে এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার গাছের চারা রোপণ করেছেন সংগঠনের সদস্যরা। এ ছাড়া স্থানীয় লোকজন ও বিভিন্ন সংগঠনকে বিনা মূল্যে বিতরণ করেন চারা।
পরিবেশসম্পর্কিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে সংগঠনটির পক্ষ থেকে আয়োজন করা হয় জনসচেতনতামূলক শোভাযাত্রা, সেমিনার ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। প্রতিবছর বিশ্ব পানি দিবসে নিরাপদ ও পরিমিত পানির ব্যবহার নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি। এ ছাড়া স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় পরিবেশ অলিম্পিয়াড।
শুধু ক্যাম্পাসেই সীমাবদ্ধ নেই গ্রিন ফর পিসের পরিবেশবাদী কার্যক্রম। চট্টগ্রাম নগরের পরিচ্ছন্নতা রক্ষায় চিটাগং রিসার্চ ইনিশিয়েটিভের (সিআরআই) সঙ্গে যৌথভাবে কাজ করছে সংগঠনটি। এর অংশ হিসেবে তারা পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি ‘ওয়াকিং ফর চিটাগং’-এ চুয়েটের প্রতিনিধিত্ব করে। এ ছাড়া জিওগ্রাফিক সোসাইটি অব বাংলাদেশের সঙ্গে পরিবেশ রক্ষায় যৌথভাবে ভূমিকা পালন করে আসছে। পরিবেশবাদী এ তরুণেরা মনে করেন, পরিবেশের মূল উপাদান মানুষ। তাই রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণসহ মানবসেবামূলক বিভিন্ন কাজেও জড়িত গ্রিন ফর পিস। জরুরি রক্তের প্রয়োজনে সেবা দিতে তারা তৈরি করেছে চুয়েটের সব শিক্ষার্থীদের অনলাইন ব্লাড গ্রুপ ডেটাবেজ। রক্তদানকে উৎসাহিত করতে বিভিন্ন সময়ে মোট ৮৮ ব্যাগ রক্তদাতা চুয়েটের কর্মকর্তা আনোয়ার হোসেনকে গ্রিন অ্যাওয়ার্ড দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
গ্রিন ফর পিসের সভাপতি মো. জাহিদ হাসান বলেন, ‘আমরা যা কিছুই করছি, সেটা পরিবেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতার থেকে করছি। এ কাজগুলো যদি মানুষকে কিছুটা সচেতন করে, কিছুটা ভাবায় তবেই আমাদের সার্থকতা।’
স্কুল পর্যায় থেকেই যেন শিশুরাও পরিবেশ সচেতন হয়ে ওঠে, সে লক্ষ্যে ভবিষ্যতে স্কুল ও কলেজ পর্যায়ে আরও বেশি কাজ করতে চান সংগঠনের সদস্যরা। তাঁরা স্বপ্ন দেখেন সবুজে ভরা সুন্দর বাংলাদেশের।