সবুজ বাঁচাতে সবুজ ধ্বংস
সবুজ বাঁচাও সবুজ। দুনিয়াজুড়ে এখন জোরালো দাবি উঠেছে সবুজ তথা পরিবেশকে রক্ষা করা নিয়ে। এই ‘সবুজ’ বলতে এখন আর শুধু গাছপালা শোভিত সবুজ পরিবেশকে বোঝায় না, পরিবেশবান্ধব উপকরণগুলোকেও বোঝায়। সবুজকে রক্ষা করতে চাওয়ার মূল কারণ একটাই। আমাদের প্রিয় গ্রহটিকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাঁচানো। এ পরিবর্তনের মূল কারণ পরিবেশ দূষণকারী গ্যাস কার্বন ডাই-অক্সাইড নির্গমন। এই সর্বনাশা গ্যাস নির্গমন রোধে আধুনিক বিশ্বে চেষ্টার বিরাম নেই। জ্বালানি পোড়ালে কার্বন ডাই-অক্সাইড বের হয়। এ জন্য বাজারে ব্যাপক হারে বৈদ্যুতিক গাড়ি ছাড়ার তোড়জোড় চলছে। কার্বন নির্গমন রোধে উত্পাদন করা হচ্ছে পরিবেশবান্ধব বাতি। জ্বালানিচালিত মোটরের বদলে শক্তি উত্পাদনে কাজে লাগানো হচ্ছে বায়ুচালিত অতিকায় চাকা। আর এসব জিনিস তৈরিতে বিরল কিছু মাটির উপাদানের ওপর নির্ভর করা হচ্ছে, যেসব ব্যতিক্রমী জিনিসের একমাত্র উত্স রয়েছে চীনে। দিন দিন এসব উপাদানের চাহিদা বেড়েই চলেছে। বলতে গেলে, চীন একচেটিয়া ব্যবসা করছে এসব খনিজ উপাদানের। তা দেখে উদ্বিগ্ন পশ্চিমা বিশ্বের ব্যবসায়ীরাও। এ ব্যবসায় চীনের কাছে তারা কোণঠাসা। চীনে পাওয়া ওই সব খনিজ উপকরণের ওপর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নির্ভরশীলতা বিতর্ক সৃষ্টি করেছে মার্কিন কংগ্রেসে। এর মধ্যে উচ্চপর্যায় থেকে এর সম্ভাব্য বিকল্প উপাদান খোঁজার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষণীয় বিষয়টি হলো, যে জিনিস দিয়ে পরিবেশবান্ধব উপকরণ তৈরি হচ্ছে, সে জিনিস আহরণ করতে গিয়ে চরম সর্বনাশ করা হয়েছে স্থানীয় পরিবেশের। চীনের প্রত্যন্ত অঞ্চলে রয়েছে এই দুর্লভ মাটির উত্স। যেসব গ্রামে এসব মাটির খনি রয়েছে, সেখানে গেলে এ মাটি আহরণের করুণ পরিণতি চোখে পড়ে। দেখা যায়, তামায় তৈরি জমির মতো হয়ে আছে একসময়ের সুজলা-সুফলা মাটি আর শস্যখেত। চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি ছোট গ্রাম গাইয়ুন। প্রচুর কলাগাছ আছে সেখানে; রয়েছে অনেক বাঁশঝাড়। এই প্রাকৃতিক প্রাচুর্যের মধ্যেও সেখানকার পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার বিষয়টি নজর এড়ায় না। একসময় যে মাটিতে সবুজ ফসল উপচে পড়ত, সে মাটি এখন অনুর্বর, নিষ্ফলা। উদোম মাটির বুকে অসংখ্য চিড় ধরেছে। এটি সেখানকার পরিবেশের ওপর সরাসরি আঘাত হানার কুফল। মাটি খুঁড়ে যারা সোনার মতো দামি ওই বিরল মাটি যারা আহরণ করে, তাদের বিবেকবর্জিত কাণ্ডকারখানাই এমন পরিবেশের জন্য দায়ী। মাটি আহরণে তারা প্রচুর পরিমাণে এসিড ব্যবহার করে থাকে। এই এসিড গিয়ে মাটির স্বাভাবিক গুণাগুণ তো নষ্ট করেই, মাটি চুইয়ে তা স্থানীয় বিভিন্ন জলাশয়ে গিয়ে নামে। এতে একদিকে যেমন শস্যহানি ঘটেছে, পুকুর ও নদীর জলজপ্রাণীও ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক হারে নিধন হয়েছে খামারে চাষ করা মাছ। স্থানীয় বাসিন্দাদের সুপেয় পানির অভাবের মূলেও এই এসিড। এভাবে দিনের পর দিন চলছে এই পরিবেশ দূষণ। কোনো প্রতিকার তো নেই-ই, বরং ক্রমে তা বেড়ে চলেছে। ওই এলাকার এমন এক মাটির খনি মাত্র তিন বছরে নিঃশেষ হয়েছে। পরিত্যক্ত অবস্থায় তা পড়ে আছে প্রায় ১০ বছর ধরে। সেখানে একসময় শ্রমিক হিসেবে কাজ করতেন জেং গুওহুই। বেলচা দিয়ে মাটি খুঁড়ে ওই বিরল জিনিস তুলতেন তিনি। জেং জানান, ১০ বছর পরও খনি ও আশপাশের মাটি অনুর্বর রয়ে গেছে। খনির ভাটিতে অনেক জমি পড়ে আছে ফাঁকা। সেখানে শস্য ফলানোর চেষ্টাও নেই কারও। সবাই জানে, চেষ্টা করে লাভ নেই। জেং বলেন, আশপাশের পাহাড়ে এখনো অনেক ছোটখাটো খনি চালু রয়েছে। এসব খনি থেকে একই পদ্ধতিতে ডিসপ্রোজিয়াম ও টারবিয়ামের মতো একালের প্রযুক্তির জন্য অতিপ্রয়োজনীয় মৌলিক পদার্থ আহরণ করা হচ্ছে। আর এর বিরূপ প্রভাবে ক্ষতি হচ্ছে স্থানীয় মানুষের। এসব খনি বন্ধের দাবিতে হরদম চলছে বিক্ষোভ। ক্ষতিপূরণের দাবিতে চেঁচিয়ে গলা শুকিয়ে মরছে স্থানীয় মানুষ। কিন্তু কোনো কাজ হচ্ছে না। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বিরল মাটি’ বিষয়ক শিল্পের নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন ওয়াং কাইফেং। তিনিও স্বীকার করেন, এমন খনি অনেক স্থানে প্রতিবেশ ও পরিবেশের ক্ষতি করছে। চীনের ওই বিরল মাটিতে ১৭টি অতি মূল্যবান উপাদান রয়েছে। এর মধ্যে কিছু উপাদান একেবারে বিরল নয়। ডিসপ্রোজিয়াম ও টারবিয়ামের ভান্ডার মূলত চীনেই। বিশ্বের এ দুটি উপাদানের যত মজুদ আছে, তার ৯৯ ভাগেরও বেশি রয়েছে চীনে। তবে মজুদের পরিমাণ কিন্তু খুব কম। পরিবেশবান্ধব জ্বালানি উত্পাদন ও ব্যয় সাশ্রয়ে ডিসপ্রোজিয়ামের জাদুকরি গুণ রয়েছে। বৈদ্যুতিক মোটরের চুম্বক তৈরিতে ডিসপ্রোজিয়ামের জুড়ি নেই। এটি প্রচলিত মোটরের ওজন ৯০ ভাগ কমাতে পারে। টারবিয়াম আলো তৈরিতে বিদ্যুতের ব্যবহার ৮০ ভাগ কমাতে সক্ষম। এ কারণে ২০০৩ সাল থেকে এ দুটি উপাদানের দাম হু-হু করে বাড়ছে। চীনে এখন এমন মৌলিক পদার্থগুলো বেশির ভাগ সরবরাহ করা হচ্ছে প্রায় ২০০টি খনি থেকে। খনিগুলো রয়েছে উত্তরাঞ্চলীয় গুয়াংডং ও নিকটবর্তী জিয়াংজি প্রদেশে। বিরল এই পদার্থগুলো উত্পাদন ও সরবরাহে চীন এখন বিশ্বে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে বটে, কিন্তু দিন দিন যেমন সেগুলোর মজুদ কমে আসছে, খনিগুলোতেও চলছে আহরণ-প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ দূষণের মহোত্সব। এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা সময়ই বলে দেবে।