সবুজ রক্ষায় সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষভাবে প্রশিক্ষিত নিকারাগুয়ার একদল সেনা নতুন ধরনের শত্রুর বিরুদ্ধে নতুন এক লড়াইয়ে নেমেছেন। তাঁদের লক্ষ্য, দেশের বনাঞ্চল রক্ষা করা। সেনাদলটির উদ্বোধনী মিশনের নাম ছিল ‘সবুজ সেনা অভিযান’। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করা তাঁদের কাজ। ব্যতিক্রমধর্মী সেনা ব্যাটালিয়নটির নাম ‘পরিবেশ ব্যাটালিয়ন’। মধ্য আমেরিকা অঞ্চলে জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় সেনাবাহিনীর শক্তি-সামর্থ্যকে কাজে লাগানোর এটাই প্রথম সমন্বিত প্রচেষ্টা। ব্যাটালিয়নটিতে রয়েছে ‘সবুজ প্রহরী’ নামে পরিচিত ৫৮০ জন সেনা। আইন ও বন বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে বিশেষ এ ইউনিট।পরিবেশ ব্যাটালিয়ন সম্প্রতি ‘যুদ্ধক্ষেত্রে’ তাদের প্রথম বিজয়টি অর্জন করেছে। তাদের জালে ধরা পড়েছে বনদস্যুদের ফেলে যাওয়া এক লাখ ১১ হাজার ৮০০ ঘনফুট কাঠ। সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল সেরো ওয়াওয়াশাং থেকে এই গাছগুলো কাটা হয়। সেনাবাহিনীর বেসামরিক অভিযানবিষয়ক প্রধান কর্নেল নেস্টর লোপেজ বলেন, ‘বিবেকহীন কিছু মানুষ এ অঞ্চলের অর্থনৈতিক দুর্দশার সুযোগ নিচ্ছে। নির্বিচার অরণ্য বিনাশের কারণে ক্ষতির শিকার হচ্ছে স্থানীয় সম্প্রদায়।’নিকারাগুয়াতে ৭১টি প্রাকৃতিক বনাঞ্চল রয়েছে। এসব বন থেকে পাওয়া মূল্যবান টেকসই কাঠ সহজেই পাচারকারীদের প্রলুব্ধ করে।সরকারি তথ্য অনুযায়ী, ১৯৮৩ সাল থেকে নিকারাগুয়ার বনভূমি ৬৩ থেকে কমে ৪০ শতাংশের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। তবে বনভূমি ধ্বংসের জন্য শুধু কাঠচোররাই দায়ী নয়, কৃষক ও গবাদিপশু পালনকারীদেরও ভূমিকা রয়েছে এর পেছনে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে ২০৩০ সালে নিকারাগুয়ার বনাঞ্চলের মাত্র ২৫ ভাগ অবশিষ্ট থাকবে। নিকারাগুয়ার সরকার বলছে, বৈশ্বিক উষ্ণায়নজনিত জলবায়ু পরিবর্তন দেশটির অর্থনীতি ও জাতীয় উন্নয়নে প্রভাব ফেলতে শুরু করেছে। এর জন্য বনাঞ্চল উজাড় হওয়ার বিষয়টি বহুলাংশে দায়ী। প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার জাতীয় উন্নয়ন-নীতিবিষয়ক উপদেষ্টা পল অকিস্ট বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে ২০০৬ সাল থেকে আমরা কৃষি উৎপাদনে বছরে ২০ কোটি ডলার হারাচ্ছি।’বিশ্ব জলবায়ু পরিবর্তনবিষয়ক ফোরামগুলোতে নিকারাগুয়ার প্রতিনিধি পল অকিস্ট বলেন, প্রতিবছর যে পরিমাণ শস্য বপন করা হয়, তার শতকরা নয় ভাগই নষ্ট হচ্ছে। এর অর্থ হচ্ছে, নিকারাগুয়ার উন্নয়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে।অকিস্ট জানান, গত ৫০ বছরের মধ্যে তাঁর দেশের বার্ষিক গড় তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এর ফলে ইতিমধ্যে স্বাভাবিক বৃষ্টিপাতের চক্রে প্রভাব পড়েছে। কফিচাষিরা অনুকূল পরিবেশের জন্য পাহাড়ের আরও উঁচুতে ঠান্ডা ও ছায়াঘেরা এলাকা খুঁজতে বাধ্য হচ্ছেন। পল অকিস্ট মনে করেন, নিকারাগুয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বসে থাকতে পারে না। তাই সরকার বনাঞ্চল উজাড় ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাব নিরসনে নিজস্ব উপায়ে জাতীয় সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে। এ প্রচেষ্টার অংশ হিসেবেই প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য সবুজ সেনাদের মোতায়েন করা হয়েছে। বন্দুকের পাশাপাশি ‘সবুজ সেনা’রা কোদালও বহন করছেন। দেশজুড়ে পাঁচ লাখ ৬০ হাজার গাছের চারা রোপণ করবেন তাঁরা। বিপন্ন প্রাকৃতিক বনাঞ্চলে রোপণ করা হবে চারাগুলো।নিকারাগুয়ার সংবিধানে বলা হয়েছে, প্রকৃতি সংরক্ষণ ও দেশের শান্তি বজায় রাখার মধ্যে তাৎপর্যপূর্ণ সংযোগ রয়েছে। এতে বলা হয়েছে, যেসব কার্যকলাপ বা অবস্থা পরিবেশের ওপর গুরুতর প্রভাব ফেলে, তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাও সবুজ প্রহরী দলের কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। নিকারাগুয়া বর্তমানে অনেকাংশেই তেলচালিত বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরশীল। দেশটি চেষ্টা করছে মোট চাহিদার ৫০ ভাগেরও বেশি বিদ্যুৎ জলবিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন করতে।সেনাবাহিনীর কর্নেল হুয়ান র‌্যামন মোরলেস বলেন, নিকারাগুয়া সরকার জ্বালানি সরবরাহের মৌলিক কাঠামোটি পরিবর্তনের চেষ্টা করছে। এর জন্য প্রাকৃতিক সম্পদ ও বনভূমি সংরক্ষণ অত্যন্ত জরুরি। এ কাজটি করা গেলে জলবিদ্যুতের জন্য প্রয়োজনীয় পানি পাওয়া যাবে। কিন্তু বনভূমি না থাকলে প্রকল্পটি টেকসই করার জন্য প্রয়োজনীয় মাত্রায় বৃষ্টি হবে না। ইমাম হোসেন সাঈদ, সূত্র: বিবিসি