সবুজ শজনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শজনে
শজনে

আবু জাফর ওবায়দুল্লাহর সেই বিখ্যাত কবিতাটা মনে আছ? ‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, শজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি—খোকা তুই কবে আসবি! কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা।’ এই কুমড়ো ফুল কিংবা গাছভর্তি শজনেডাঁটা গ্রামের অতি সাধারণ দৃশ্য হলেও ইট-কাঠের শহরে এই দৃশ্য দেখা মেলা ভার। শজনেগাছ শহরে মাথা গোঁজার ঠাঁই না পেলেও, শজনে কিন্তু বাজারে ঠিক জায়গা করে নিয়েছে। শজনের ভিন্ন বিচিত্র স্বাদের কারণে হেঁশেলেও কদর বেড়েছে দিন দিন। শুধু কি স্বাদের কারণেই শজনে খাওয়া? জানতে চেয়েছিলাম বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টি ও পথ্যবিদ শামছুন্নাহার নাহিদের কাছে। তিনি বললেন, শজনে যেমন খেতে মজা, তেমনি পুষ্টিগুণেও অনন্য। তবে যাঁদের কিডনি রোগ আছে, রক্তে ইউরিক অ্যাসিড উচ্চমাত্রায়, এমনকি যাঁরা আইবিএসে (ইরিটেবল বাওয়েল সিনড্রম ) ভুগছেন, তাঁদের শজনে খাওয়ায় কিছু বিধিনিষেধ আছে। তাঁরা শজনে খেতে চাইলে এর বিচি ফেলে খেতে হবে। আর তা যদি সম্ভব না হয়, শজনে না হয় বাদই থাকুক।’ আসুন, এবার শজনের আদ্যোপান্ত জেনে নেওয়া যাক -
 শজনেতে মিনারেল ভিটামিন অ্যান্টি অক্সিডেন্টের অপূর্ব এক সমন্বয় রয়েছে, যেটি মানুষের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয়।
 যাঁরা এখনো ছাত্র কিংবা খেলোয়াড়, তাঁদের জন্য শজনে অবশ্য খাদ্য। শজনে মানুষের মনোসংযোগ বাড়িয়ে দেয় বহুগুণে।
 ডায়াবেটিক রোগীদের সুগারের মাত্রা কমিয়ে রাখতে সাহায্য করে।
 এটা এমন একধরনের সবজি, যার মধ্যে ভেষজ গুণ যেমন আছে, তেমনি পুষ্টিগুণও ষোলো আনা।
 শজনে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ধমনিতে অনাবশ্যক রক্ত জমাটেও বাধা দেয়।
 গরমকালের সাধারণ রোগবালাই থেকে দূরে রাখতে সাহায্য করে শজনে।
 জলবসন্ত রোগ প্রতিরোধে শজনের আছে বিশেষ ক্ষমতা।
 ডায়রিয়ার বিরুদ্ধে লড়ার ক্ষমতাও আছে শজনের।
 যকৃতের রোগ প্রতিরোধে এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
 আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন সুষম খাবারের সব উপাদানই আছে এই সবজিতে।
গ্রন্থনা: সিদ্ধার্থ মজুমদার