সবুজ স্থাপত্যের স্বপ্নবাজেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখাটা হয়তো ইট কাঠ সুরকির মতো নিষ্প্রাণ কিছু স্থাপত্যসামগ্রীর খটমটে শব্দ নিয়ে শুরু হতে পারত। কিংবা হতে পারত সাদা কাগজের বুকে জ্যামিতিক কিছু নকশার বর্ণনা দিয়েও। কিন্তু না, আদতে তেমন কোনো কাঠখোট্টা বিষয়ের উপস্থিতি নেই এখানে। তবে কী আছে? আছে আকাশসমান স্বপ্ন আর জলজঙ্গলের কাব্য। এই স্বপ্ন এবং কাব্যে স্থাপত্যের পুরোনো চিন্তার ধূসর ছবি আর কৃত্রিম গন্ধের বদলে সবুজ প্রকৃতির দেখা পাই আমরা। নাকে এসে লাগে সোঁদা মাটির ঘ্রাণ। এই সবুজ প্রকৃতির দেখা আর সোঁদা মাটির ঘ্রাণ আমরা পাই ‘বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার ২০০৯’ পুরস্কার পাওয়া কয়েকজন তরুণ স্থপতির কাজের মধ্যে। শুনি তাঁদের কথা। জলজঙ্গলের কাব্য ‘আমি গতানুগতিক ধারার স্থপতি নই। একজন সঞ্চালকের কাজ করেছি মাত্র। সাধারণ মানুষের কাছে গিয়েছি। খুব কাছ থেকে তাদের সঙ্গে গল্পগুজব করেছি। আর এই গল্পের মধ্য থেকেই বেরিয়ে এসেছে আমাদের জলজঙ্গলের কাব্যের চিন্তা। পুরো কাজের কৃতিত্ব আসলে ওই সাধারণ মানুষদের।’ বলছিলেন জলজঙ্গলের কাব্যের রূপকার স্থপতি খোন্দকার হাসিবুল কবির। গত বছরের নভেম্বরে তাঁর ‘পুবাইল রিট্রিট’ মানে ‘জলজঙ্গলের কাব্য’ জিতে নিয়েছে ‘বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার ২০০৯’ পুরস্কার। তরুণ স্থপতি বিভাগে ‘অনাবাসিক’ ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন তিনি।গাজীপুর জেলা প্রশাসন কার্যালয় থেকে ছয় কিলোমিটার উত্তরে, পুবাইলের ডেমোর পাড়া। হাসিবুল কবির সেখানেই গড়ে তুলেছেন তাঁর জলজঙ্গলের কাব্য। ২০০৭ সালে স্থাপত্য বিষয়ে অর্জিত পুঁথিগত বিদ্যার হাতে-কলমে প্রয়োগের সুযোগ মিলে যায় হাসিবুল কবিরের। একজন অবসরপ্রাপ্ত বৈমানিকের স্বপ্নকে সত্যি রূপ দেওয়ার জন্য ডাক পড়ে তাঁর। ‘আমার পড়াশোনার বিষয় ছিল ল্যান্ডস্কেপিং। মানে বাগান, মাঠ কিংবা উদ্যান নকশার মতো কাজকারবার। গ্রামের বাড়িঘর নিয়ে পড়াশোনা করেছি আমি। এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়টিই পড়াই। আমাদের স্থাপত্য এবং প্রকৃতির একটি নিবিড় মেলবন্ধন দেখতে চাই আমি। যখন শুনেছিলাম পুবাইলের ডেমোর পাড়া হবে আমার কাজের জায়গা, নিজের স্বপ্নগুলো তখন থেকেই কুঁড়ি মেলতে শুরু করেছিল। তবে আমি যা-ই করি না কেন, পুরো কৃতিত্ব কখনোই আমার নয়।’ তবে আর কাদের সেই কৃতিত্বের ভাগ দিতে চান? এখানে আছে এঁকেবেঁকে যাওয়া একটি খাল, একটি ঠাস বুনটের জঙ্গল, ছাড়া ছাড়াভাবে দাঁড়িয়ে থাকা বিভিন্ন আকার ও প্রকারের কতগুলো ঘর। আছে বসার জায়গা, অবারিত সবুজ মাঠ। লোকালয়ের ভেতরে একটা দ্বীপই বলা চলে। হাজারো পাখপাখালির কলকাকলীতে মুখর থাকে সেই জায়গা। মাঠে চাষ হয় ধান, গম আর আনাজপাতি। খাল আর দিঘির জলে সাঁতরে বেড়ায় মাছের ঝাঁক। জলজঙ্গলের বাসিন্দা এবং প্রহরী ১৮টি পরিবারের খাবারের ব্যবস্থা হয় সেখান থেকেই। তবে জঙ্গলের ভেতর কারও প্রবেশাধিকার নেই। জঙ্গল থেকে একটা মরা গাছও আহরণ করা হয় না। কারণ জলজঙ্গলের বাসিন্দারা জানেন, মরা গাছের শরীরে যে পোকা থাকে, তা খেতে আসে অনেক পাখি। এই পাখিরা এলেই পূর্ণতা পায় জলজঙ্গলের কাব্য।‘আমাদের জলজঙ্গলের কাব্য কোনো কারিগরি নকশা এঁকে হয়নি। সেখানকার বাসিন্দারা একেক বিষয়ে অভিজ্ঞ। যেমন ফণিন্দ্র দা হলেন জঙ্গল বিশেষজ্ঞ, মাটি বিশেষজ্ঞ ফজলু সরদার। আবহাওয়ার হালচাল নিয়ে বেশ গভীর জ্ঞান রাখেন বিদ্যারঞ্জন সরকার। এ রকম সবাই কোনো না কোনো বিষয়ে অভিজ্ঞ। তাঁদের সেই জ্ঞানগুলোই কাজে লাগিয়েছি আমরা। সকাল-দুপুর পেরোনোর পর প্রতি সন্ধ্যায় আমরা আলোচনার জন্য দাওয়ায় বসতাম। মাটিতে এঁকে ফেলতাম পরবর্তী দিনের কাজের নকশা। পরে তা একটি বোর্ডে তুলে নিয়ে ছবি তুলে ফেলতাম। আলোচনায় প্রথমেই আমরা আমাদের সারা দিনের ভুলগুলো নিয়ে কথা বলতাম। ভুল অবশ্যই হতে পারে। নতুন কিছু করার এটাই একমাত্র পথ। আমাদের কেউ যদি কাজ করতে না চায়, কোনো রকমের বাধা দেওয়া হয় না তাকে। সে ইচ্ছে করলে কাজ করবে নয়তো বাঁশি বাজাবে, গান গাইবে। শেষমেশ সবার দায়িত্ববোধ সবার কাছ থেকে সেরা কাজটাই বের করে আনে। জঙ্গল, বসতি ও বাফার এরিয়া—এই তিন ভাগে ভাগ করে জলজঙ্গলের কাব্য শুরু করেছিলাম আমরা।’ জলজঙ্গলের তিন পাশ ঘিরে থাকা খালটি ভরা বর্ষায় জলে টইটম্বুর হয়ে ওঠে। প্রথম অবস্থায় ততটা বিস্তৃত ও গভীর না থাকায় নতুন করে তা খোঁড়া হয়। খালের পাশে স্থাপত্যবিদ্যার সঙ্গে প্রকৃতির বন্ধন গড়ে দিয়েছেন হাসিবুল কবির ও তাঁর সহযোগীরা। খালের পাশে। ঘরবাড়ির নকশায় এসেছে বৈচিত্র্য। খুব অল্প খরচায় দেশি জিনিসপত্তর যেমন বাঁশ, পাটকাঠি, শন, খড়, পাট ইত্যাদি দিয়ে তৈরি টেকসই সেই ঘরবাড়িগুলো অবশ্যই দৃষ্টিনন্দন। ‘আমাদের বৈচিত্র্যময় ছয়টি ঋতু যেন খুব সহজেই চোখে পড়ে, তার ব্যবস্থা করার চেষ্টা করেছি। তাই আমাদের ঘরবাড়িগুলোও ছয় ঋতুর উপযোগী করে বানানো। এ ছাড়া পুরো জলজঙ্গলটাই নিজে নিজেই গড়ে উঠছে। প্রকৃতি নিজেই তৈরি হয়। শুধু প্রয়োজন তা হতে দেওয়া। ’এবং স্বপ্নচাঁদপুরের মতলব উপজেলায় আর দশটা গ্রামের মতোই এতিমখানা আছে একটা। সেখানকার ছাত্রদের সুর করে বই পড়ার মিষ্টি শব্দ ভোরের বাতাসে ছড়িয়ে পড়ে দূর বহুদূরে। বিকেলে খেলার মাঠে তাদের হইহল্লায় মুখর থাকে চারপাশ। অন্যসব এতিমখানায় হয়তো এমন করেই কেটে যায় কতগুলো বছর। একসময় এতিমখানার শিশুরা আর শিশু থাকে না। তাই চাঁদপুরের সেই এতিমখানার প্রতিষ্ঠাতা তোফাজ্জল মোহাম্মদ সেলিম শিশুদের জন্য দীর্ঘমেয়াদি এবং ভালো কিছু করতে চেয়েছিলেন। শুধু পড়াশোনা বা খেলাধুলা করেই যেন ক্ষান্ত না হয় তারা। এতিমখানায় থেকে হাতে-কলমে কোনো বিদ্যাও যেন অর্জন করে নেয় পাশাপাশি। তাঁর চাওয়া ছিল তেমনি আধুনিক একটি এতিমখানার। তাই স্বল্প খরচে টেকসই হবে এমন একটি এতিমখানার নকশাই চাইছিলেন তিনি।বুয়েট থেকে ২০০৮-এ স্থাপত্য বিষয়ে পড়াশোনা শেষ করেছিলেন চার বন্ধু। সায়মুম কবীর, মিজানুর রহমান, মো. রবিউল ইসলাম ও আজিজুল মুহিত। পাস করে বেরোনোর পরপরই চাঁদপুর থেকে ডাক আসে। কাজের ধরন এবং চাহিদা শুনে পুরোনো চিন্তা ঝেড়ে নতুন কিছু করার মোক্ষম সুযোগ মিলে যায় তাঁদের। ‘আমরা আমাদের দেশের ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধ স্থাপত্যের দিকে না তাকিয়ে বিদেশি স্থাপত্য নকল করেই তুষ্ট থাকি। এই যে এখন আমরা আমাদের দালানকোঠায় কাচের ব্যবহার করছি, তা মোটেও আমাদের দেশের পরিবেশ উপযোগী নয়। আমরা কেন আমাদের জানালাগুলো খুলে দেব না, যেমনটা আমরা আমাদের গ্রামের ঘর-বাড়িগুলোতে দেখি! স্থপতি দলের একজন, মো. রবিউল ইসলাম বলছিলেন তাঁদের স্বপ্ন শুরুর কথা। আরেক স্থপতি সায়মুম কবীর যোগ করেন তাঁর সঙ্গে, ‘প্রতিটিতে আটজন করে থাকতে পারে এমন তিনটি আলাদা আলাদা বাসস্থান ও একটি পড়াশোনার জায়গা নিয়ে এতিমখানার নকশা করেছিলাম আমরা। নকশায় আমরা তার সামনে এক চিলতে খেলার মাঠও রেখেছিলাম। নকশা আঁকা হয়েছিল দক্ষিণ-পূর্বমুখী করে। তবে জায়গা খুব বেশি না থাকায় একটা কক্ষ থেকে আরেকটার দূরত্ব ২০ ফুটের কম পড়ে গিয়েছিল, যা কিনা যথেষ্ট আলো-বাতাস চলাচলের অনুপযোগী। তাই বুদ্ধি করে তিনটি বাসস্থানকে ৪৫ ডিগ্রি কোণে রেখেছিলাম। তাতে করে সব কটা কক্ষেই সমান আলো-বাতাসের ব্যবস্থা হয়। আর পড়াশোনার ঘরটি উঁচু করা হয়েছিল, যাতে তিনটি বাসস্থান পেরিয়ে খুব সহজেই তাতে আলো-বাতাস পৌঁছে।’ চার স্থপতি বন্ধুর মধ্যে এখন দেশে আছেন তিনজন, বাকি একজন আজিজুল মুহিত আছেন যুক্তরাজ্যে। উচ্চশিক্ষার জন্য। ‘এতিমখানার দরজা-জানালা থেকে শুরু করে প্রতিটি অংশে আমরা বাঁশ ব্যবহার করেছি, ইটও ছিল সেখানকারই। টিন ব্যবহার করলেও তার নিচে কাপড় ব্যবহার করেছি। আমাদের নকশার বাস্তবে রূপ দিয়েছেন স্থানীয় মিস্ত্রিরাই। মিস্ত্রিদের প্রধান যিনি, আহমেদ আলীর কথা না বললে কিছুই বলা হয় না। তাঁদের চমত্কার কাজেই আমাদের কল্পনা ডানা মেলেছে।’ বার্জার অ্যাওয়ার্ড পাওয়ার পর নতুন আরও অনেক স্বপ্নই দেখছেন এই চার তরুণ স্থপতি। আর স্বপ্নগুলো অবশ্যই সবুজ।