সবুজে করেছি স্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদমপুর বনে রোদের লুকোচুরি খেলা। ছবি: লেখক
আদমপুর বনে রোদের লুকোচুরি খেলা। ছবি: লেখক

চলতি পথে আমাদের কিছুটা সামনেই ছিল ট্রাকটি। প্রাণ-আরএফএল গ্রুপের ট্রাক। আমাদের সঙ্গী প্রথম আলোর কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান জানালেন, এ ট্রাকের মালামাল রপ্তানি হবে ভারতে। ট্রাকটির মতো আমাদের গন্তব্যও চাতলাপুর সীমান্ত। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এই চাতলাপুর। ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলা শহর। এটাই নাকি ত্রিপুরার শেষ সীমানা, তারপর আসামের শুরু।
চা-বাগানের ভেতর দিয়ে সবুজের নানা শেড দেখতে দেখতে একটা সময় মনু নদী আর সমতলভূমি পাশে নিয়ে পৌঁছে যাই চাতলাপুর। কাঁটাতারের বেড়া। ‘এই রাস্তা দেখছেন, ওর নিচে যে কচুরিপানা, সেটা ভারতের।’ বলেন মুজিবুর রহমান। সীমান্তে গিয়ে ফিরে পাই প্রাণের সেই ট্রাকটাকে। সেটার পেছন দিকটা ভারতের দিকে। এই ট্রাকের কয়েক হাত পেছনেই ভারতীয় ট্রাক। বাংলাদেশের ট্রাক থেকে মালামাল নামিয়ে তোলা হচ্ছে ভারতের ট্রাকে। আমরা দাঁড়িয়ে থাকতে থাকতেই বাংলাদেশের আরেকটা ছোট ট্রাক থামল সীমান্তে। এটাতে আছে মাছ। দুই দেশের বাণিজ্য দেখতে দেখতে কাঁটাতারের পাঁচ-ছয় হাতের মধ্যে কয়েকটা বাড়িঘর দেখলাম। কথা বলার দূরত্বে। কাঁটাতারের অন্য একটা দিকে বিশাল মাঠ নিয়ে দাঁড়িয়ে আছে কৈলা শহরের গণগ্রন্থাগার। দারুণ সমৃদ্ধ সংগ্রহ নাকি এই গ্রন্থাগারের।

গ্র্যান্ড সুলতানে হ্রদের ওপর কাঠের সেতু
গ্র্যান্ড সুলতানে হ্রদের ওপর কাঠের সেতু

শান্ত সুন্দর সীমান্ত দেখে ফেরার উদ্যোগ নিয়েছি। পথের বাঁকে দেখা গেল ছাতা মাথায় এক নারী আসছেন সীমান্তের দিকে, সঙ্গে এক ছোট মেয়ে। নারীর একটি হাত ধরেছে ছাতা, অন্য হাতে টিফিন ক্যারিয়ার। জানা গেল, তাঁর আত্মীয় থাকেন সীমান্তের ওপারে। ফোনে যোগাযোগ করে হয়তো সময় ঠিক করেছেন। কাঁটাতারের এপারে-ওপারে থেকে কিছুক্ষণ কথা বলবেন আর বাড়ির খাবার খেতে দেবেন। দুই পারে যাদের আত্মীয়স্বজন, তারা মাঝে মাঝে এমনটা করে, স্থানীয়রা জানালেন।
ফেরার পথে আবার দেখা হলো ডানকান ব্রাদার্সের চাতলাপুর চা-বাগানের চা প্রক্রিয়াকরণ কারখানা। বাগান থেকে আসা চা-পাতা থেকে কালো চা হওয়ার পুরো প্রক্রিয়াটাই এখানে হয় স্বয়ংক্রিয়ভাবে। বেশ কয়েক ধাপ পেরিয়ে সবুজ চা-পাতা হয়ে যায় কয়েকটি মানের কালো চা-পাতি।
শ্রীমঙ্গল, কমলগঞ্জের এই অঞ্চলটা বর্ষাকালে এত সবুজ, না দেখলে বোঝা যাবে না। একেবারে যে নির্দিষ্ট দর্শনীয় স্থানেই যেতে হবে, তা নয়। রাস্তায় নামলেই প্রকৃতির নানা কিছু দেখেই অবাক হতে হয়। আর দেখারও আছে অনেক কিছু্।

চাতলাপুর সীমান্তে
চাতলাপুর সীমান্তে

শ্রীমঙ্গল শহর পেরিয়ে টি-রিসোর্টের পর লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢোকার কিছুটা আগেই বড়সড় অট্টালিকা নিয়ে এ বছরই চালু হয়েছে গ্র্যান্ড সুলতান গলফ অ্যান্ড রিসোর্ট। স্থানীয়দের কাছে এটা ‘ফাইভ স্টার’ নামে পরিচিত। চা-বাগানের একটা অংশ ঢুকে গেছে এতে। আছে কৃত্রিম হ্রদ, সুইমিং পুল, গলফ কোর্স, রেস্তোরাঁ, মুভি থিয়েটার—মানসম্পন্ন হোটেলের সব আয়োজনই। এর উল্টো দিকেই শ্রীমঙ্গলের বিখ্যাত সাতরঙা চায়ের দোকান। কাচের গ্লাসে সাতটা স্তরে থাকে চা, একেক স্তরে একেক স্বাদ।
দ্বিতীয় দিনে আমাদের চার সদস্যের পরিবারের সঙ্গে যোগ দেন সাবরিনা-পিয়াস দম্পতি। আগে থেকেই আমাদের ঠিক করা ছিল কমলগঞ্জ উপজেলার আদমপুর সংরক্ষিত বনের ডাকবাংলোয় যাব। বনের কিছুটাও দেখব। আদমপুর বাজার পেরিয়ে আমাদের গাড়ি ছোটে বনের দিকে। সংরক্ষিত এই বনে অর্জুন, সেগুন, চাপালিশসহ কত যে গাছ। টিলার ওপরে বন বিটের লাল-সবুজ রেলিং দেওয়া বাংলোর বারান্দায় জুনের শেষ ভাগের গরমেও বাতাসে শান্তির পরশ পাওয়া যায়। সামনের গাছগাছালির ডালপালায় মাঝে মাঝে বড় বড় ঝাঁকুনি—মানে শাখামৃগরা চলাচল করছে। আদমপুর বন বিট কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ বললাম, একটু হাঁটা যাবে বনের মধ্যে?

আদমপুর বন
আদমপুর বন

উনি বললেন, ‘চলেন আমার অফিসে। তিনিই জানালেন, সংরক্ষিত এই বনে বন্য প্রাণীও আছে উল্লেখ করার মতো। একটা দিকে আছে দেড় কিলোমিটারজুড়ে শুধুই জারুলগাছের সারি।
বন বিট কর্মকর্তার অফিসে যেতে এক টিলা থেকে নেমে আরেক টিলায় ওঠা। বড় বড় গাছ আর ঘন সবুজের মধ্যে দিয়ে লাল মাটির রাস্তা ধরে আমরা যেতে থাকি। সামান্য পথ, কিন্তু ঘন বনের ছোঁয়া, পাখির কলকাকলিতে অরণ্যের মুখরতা মুগ্ধ করে সহজেই। আর এ-গাছ ও-গাছে হৃষ্টপুষ্ট বানরদের কাণ্ডকীর্তি তো আছেই। মুক্ত পরিবেশে এত বানর আর তো কোথাও দেখিনি। আর ঘন বনে বৃক্ষরাজির ফাঁক গলে রোদ্দুরের খেলাও কি আগে দেখেছি? মনে হচ্ছে গাঢ় সবুজে স্নাত হচ্ছি আমরা। আদমপুর বন আবারও মনে করিয়ে দিল বাংলাদেশের সবুজ আসলে বর্ষাকালেই বোঝা যায়।